১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

আইপিএলে জায়াসুরিয়ার ছক্কার রেকর্ড ভাঙলেন কনোলি

ম্যাচ হারলেও শ্রীলঙ্কান গ্রেটের ১৮ বছর আগে গড়া রেকর্ড নিজের করে নিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

আইপিএলে জায়াসুরিয়ার ছক্কার রেকর্ড ভাঙলেন কনোলি
কুপার কনোলি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2026, 08:17 PM

Updated : 26 Aug 2026, 03:38 PM

ক্যারিয়ারে প্রথম আইপিএল অভিযানে ব্যাট হাতে আলো ছড়িয়ে চলেছেন কুপার কনোলি। আরেকটি রেকর্ড গড়েছেন এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

প্রতিযোগিতাটিতে অভিষেক আসরে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এখন কনোলির। তিনি ভেঙে দিয়েছেন শ্রীলঙ্কান গ্রেট সানাৎ জায়াসুরিয়ার ১৮ বছরের পুরনো রেকর্ড।

২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১৪ ইনিংসে ৩১ ছক্কা হাঁকিয়ে রেকর্ডটি গড়েছিলেন জায়াসুরিয়া।

চলতি আসরে পাঞ্জাব কিংসের হয়ে ১২ ইনিংসে কনোলির ছক্কা এখন ৩২টি। 

ধারামসালায় রোববার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে তিনটি করে ছক্কা ও চারে ২২ বলে ৩৭ রানের ইনিংস খেলার পথে জায়াসুরিয়াকে ছাড়িয়ে যান ২২ বছর বয়সী এই ক্রিকেটার। যদিও ২২৩ রানের লক্ষ্য তাড়ায় হেরে যায় তার দল।  

আসরে ১৬২.৫৪ স্ট্রাইক রেটে এখন পর্যন্ত কনোলির ব্যাট থেকে এসেছে ৪৭৩ রান। দুটি ফিফটির পাশে সেঞ্চুরি একটি। এই মাসের শুরুতে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৫৯ বলে ১০৭ রানের অপরাজিত ইনিংস খেলে আইপিএলের ইতিহাসে বিদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হওয়ার কীর্তি গড়েন তিনি।

আইপিএলের এক আসরে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড ক্রিস গেইলের। ২০১২ আসরে বেঙ্গালুরুর হয়ে ১৫ ম্যাচে ৫৯ ছক্কা হাঁকিয়েছিলেন এই ক্যারিবিয়ান গ্রেট।