১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘বিশ্বের কোথাও’ ভালো খেলছে না পাকিস্তান

টেস্ট ক্রিকেটে নিজেদের দুর্দশার চিত্র আড়াল করার চেষ্টা করলেন না সালমান আলি আগা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2026, 11:55 AM

Updated : 16 Sep 2026, 05:11 PM

আরও একটি টেস্ট, পাকিস্তানের আরেকটি শোচনীয় পরাজয়। টেস্ট ম্যাচে পাকিস্তানের নিয়মিত চিত্র এটি। এবার তারা বিধ্বস্ত হয়েছে ইংল্যান্ডের কাছে। ম্যাচের পর সালমান আলি আগা মেনে নিয়েছেন, খেলার কোনো ক্ষেত্রেই তারা পাত্তা পাননি ইংলিশদের কাছে। পাকিস্তানের ভারপ্রাপ্ত অধিনায়কের অকপট স্বীকারোক্তি, দেশের ভেতরে ও বাইরে কোনো জায়গাতেই ভালো করতে পারছে না তাদের দল।

হেডিংলি টেস্টে পাকিস্তান হেরেছে ইনিংস ও ১০৯ রানে। ম্যাচ শেষ হয়েছে তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে। তবে প্রথম দিনে বৃষ্টির কারণে খেলা হয়েছে স্রেফ ২৫ ওভার। ইংল্যান্ড আদতে তাই জিতে গেছে দুই দিনের কম সময়ে।

প্রথম ইনিংসে ৪৮.১ ওভারে ১৭১ রানে গুটিয়ে যাওয়া দল পরের ইনিংসে আটকে গেছে মাত্র ৩৭.৩ ওভারে ১৩৫ রানেই। স্পিনার উসমান আলি ৫ উইকেট নিলেও তিন পেসার ছিলেন ধারহীন। ফিল্ডিংয়ে ক্যাচ পড়েছে একগাদা।

বাবর আজমের চোটের কারণে এই টেস্টে নেতৃত্ব দেওয়া সালমান নিজেদের ব্যর্থতা মেনে নিলেন মাথা পেতে।

“বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং—সব বিভাগেই ইংল্যান্ড আমাদেরকে গুঁড়িয়ে দিয়েছে। কোনো বিভাগেই আমরা যথেষ্ট ধারাবাহিক ছিলাম না। ইংল্যান্ডে ধারাবাহিকতা খুব জরুরি, কারণ এখানে বলের পার্শ্বীয় মুভমেন্ট হয়, তাই সব সময় মনোযোগী থাকতে হয়। সেই ব্যাপারটিরই অভাব ছিল। আমরা মনে করি, এই ধারাবাহিকতার অভাবের কারণেই আমাদের এমন পারফরম্যান্স হয়েছে।”

সবশেষ ছয় টেস্টে পাকিস্তানের পঞ্চম পরাজয় এটি। গত তিন বছরে তারা হেরেছে ১৯ টেস্টের ১৪টিতেই। এই সময়ে বাংলাদেশের কাছে ঘরে-বাইরে হোয়াইটওয়াশড হয়েছে তারা, হোয়াইটওয়াশড হয়েছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ায়, দেশের মাঠে টেস্ট হেরেছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার কাছে।  

এখানেও নিজেদের করুণ চিত্র আড়াল করার কোনো চেষ্টা সালমান করলেন না।

“দেশের বাইরে আমরা ভালো খেলছি না। বিশ্বের কোথাওই আমরা ভালো করতে পারিনি। অবশ্যই এটা উদ্বেগের ব্যাপার। প্রতিটি বৈঠকেই আমরা এ নিয়ে আলোচনা করি। এমনকি দলের আনুষ্ঠানিক বৈঠকের বাইরেও। চেষ্টা করে যাচ্ছি আমরা।”

এবারের পরাজয়ের পেছনে কন্ডিশনের চ্যালেঞ্জ অবশ্য তুলে ধরলেন সালমান। প্রতিশ্রুতি দিলেন পরের টেস্টে ভালো করার। 

“যেকোনো পাকিস্তানি দলের জন্যই ইংল্যান্ড সফর একটি কঠিন চ্যালেঞ্জ। সম্পূর্ণ ভিন্ন কন্ডিশন থেকে এখানে এসেছি আমরা। এমন নয় যে এক মাস আগে এখানে এসেছি; মাত্র এক সপ্তাহ আগেই এসেছি। 

আপনারা হয়তো এই দুই দলের মধ্যে বিশাল পার্থক্য দেখতে পেয়েছেন। কিন্তু যেকোনো এশীয় দল এখানে এলে শুরুতেই সমস্যায় পড়ে। এখানকার কন্ডিশন এমন নয় যে এক সপ্তাহের মধ্যে মানিয়ে নেওয়া যায়। আমরা চেষ্টা করছি এবং আপনারা দেখবেন পরের ম্যাচে আমরা আরও ভালো খেলব।”

সেই চেষ্টায় তাদের একটি আশার জায়গা আছে। চোট কাটিয়ে ফিট হয়ে উঠেছেন বাবর। পরের টেস্টে তিনিই নেতৃত্ব দেবেন দলকে। তাকে আলিঙ্গন করার অপেক্ষায় আছেন সালমানও।

“সে আমাদের সেরা ব্যাটসম্যান এবং বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন। আমরা অবশ্যই তাকে দলে পেতে এবং অধিনায়কত্ব তার হাতে তুলে দিতে মুখিয়ে আছি। তাকে পেলে আমরা খুশির চেয়েও বেশি কিছু।”

তিন ম্যাচ সিরিজের পরের টেস্ট শুরু লর্ডসে আগামী বৃহস্পতিবার।