অধিনায়ক লিটনের চোখ বিশ্বকাপে
পূর্ণ মেয়াদে দায়িত্ব পেয়ে লম্বা সময়ের পরিকল্পনা সাজিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু উপহার দিতে চান লিটন কুমার দাস।
লিটন কুমার দাসের নেতৃত্বের মেয়াদ আগামী বিশ্বকাপ পর্যন্ত। তার দৃষ্টিও এখন সেই আসরেই। টি-টোয়েন্টির বিশ্ব আঙিনায় কখনোই আলো ছড়াতে পারেনি বাংলাদেশ। নতুন টি-টোয়েন্টি অধিনায়কের আশা, সামনের সময়টায় গুছিয়ে নিয়ে বিশ্বকাপে ভালো কিছু উপহার দেবে তার দল।
নাজমুল হোসেন শান্ত টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর পর অভিজ্ঞতার বিচারে আগামী বছরের বিশ্বকাপ পর্যন্ত লিটনকে বেছে নেয় বিসিবি। ২০২১ সাল থেকে নানা সময়ে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার অধিনায়কত্বে নিজেদের সবশেষ টি-টোয়েন্টি সিরিজটিও জিতেছে বাংলাদেশ। অন্য দুই সংস্করণেও অধিনায়কত্বের অভিজ্ঞতা তার আছে। তবে আগে কখনও লম্বা সময়ের জন্য দায়িত্ব পাননি স্টাইলিশ ব্যাটসম্যান।
এবার সেই দায়িত্বটি পেয়ে দীর্ঘমেয়াদি ভাবনার অবকাশও পাচ্ছেন তিনি। অধিনায়ক হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে শোনালেন বিশ্বকাপ নিয়ে তার আশার কথা।
“স্বাভাবিকভাবেই এটা (লম্বা সময়ের জন্য অধিনায়কত্ব) ইতিবাচক বিষয়। কারণ আপনি যখন লম্বা সময়ের জন্য সুযোগ পাবেন, অনেক কিছু চিন্তা করতে পারবেন।”
“এখন দেখার বিষয়, এই সময়ের মধ্যে আমি দলটা কতটুকু গুছিয়ে নিতে পারি। আমিও অনেক আশাবাদী এটা নিয়ে যে, দীর্ঘমেয়াদি একটা চিন্তা থাকবে। আমার হাতে যে ক্রিকেটাররা আছে, (বিশ্বকাপে) আমরা ভালো কিছুই উপহার দিতে পারব।”
বিভিন্ন সময়ে ভারপ্রাপ্ত দায়িত্বে ১ টেস্ট, ৭ ওয়ানডে ও ৪ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন পালন করেছেন লিটন। তিন সংস্করণ মিলিয়ে তার অধিনায়কত্বে বাংলাদেশের জয় ৭টি।
এবার পূর্ণ মেয়াদে দায়িত্ব পাওয়ার পর আগের সঙ্গে পার্থক্য দেখতে পাচ্ছেন ৩০ বছর বয়সী ব্যাটসম্যান।
“পার্থক্য যদি বলি, আগে পরিকল্পনা যা ছিল, সবই সিরিজভিত্তিক। এখন যেহেতু লম্বা সময়ের একটা সুযোগ এসেছে, প্রতিটি ক্ষেত্রে ভবিষ্যতের কথা চিন্তা করব। নিজেই জানব যে, এতদূর পর্যন্ত আমার একটা লক্ষ্য আছে। অবশ্যই সিরিজভিত্তিক (পরিকল্পনা) তো থাকবেই। সঙ্গে এটাও থাকবে যে সামনের দিকে আরও কী করতে পারি।”
