টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩ ও ২০২৫ ফাইনালের ভেন্যু চূড়ান্ত
আগামী দুই ফাইনালের দিনক্ষণ এখনও ঠিক হয়নি।
টেস্ট চ্যাম্পিয়নশিপের আগামী দুই ফাইনালের ভেন্যু নিশ্চিত হয়ে গেছে। শিরোপা নির্ধারণী পরের দুটি ম্যাচও হবে ইংল্যান্ডে। ২০২৩ সালের জুনে চলতি চক্রের ফাইনাল হবে ওভালে। আর ২০২৫ সালের ফাইনাল লর্ডসে।
বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি বুধবার বিবৃতি দিয়ে জানিয়েছে বিষয়টি।
২০১৯ সালের ফাইনালও হয়েছিল ইংল্যান্ডে। সাউথ্যাম্পটনে ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রের শিরোপা ঘরে তুলেছিল নিউ জিল্যান্ড।
টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রতি চক্র চলে দুই বছর ধরে। পয়েন্টের শতকরা হারে টেবিলের শীর্ষে থাকা দুই দল খেলে ফাইনাল।
এবারের চক্রে ৭০ শতাংশ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত সবার ওপরে অস্ট্রেলিয়া। দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার শতকরা পয়েন্টের হার ৬০। পরের তিন স্থানে আছে শ্রীলঙ্কা (৫৩.৩৩%), ভারত (৫২.০৮%) ও পাকিস্তান (৫১.৮৫%)।
ফাইনালের আয়োজক দেশ ইংল্যান্ড (৩৮.৬%) সাত নম্বরে। ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে তাদের ওপরে ওয়েস্ট ইন্ডিজ। সবশেষ দুই দল নিউ জিল্যান্ডের পয়েন্টের হার ২৫.৯৩ ও বাংলাদেশের ১৩.৩৩।
টেস্ট চ্যাম্পিয়নশিপের আগামী দুই ফাইনালের দিনক্ষণ সঠিক সময়ে জানানো হবে বলে বিবৃতিতে বলেছে আইসিসি।
