২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টোকসের বাড়িতে চুরি, নিয়ে গেছে গহনা ও মূল্যবান জিনিসপত্র

টেস্ট সিরিজ খেলতে স্টোকস পাকিস্তানে থাকার সময়ে ঘটে এই ঘটনা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2024, 12:26 AM

Updated : 26 Aug 2026, 10:49 AM

ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। কয়েকজন মুখোশধারী ব্যক্তি তার বাড়ি থেকে গহনা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।

৩৩ বছর বয়সী স্টোকস বুধবার সামাজিক মাধ্যম এক্স-এ জানান, ডারহামের ক্যাসেল ইডেন এলাকায় তার বাড়িতে গত ১৭ অক্টোবর সন্ধ্যায় ঘটে চুরির ঘটনা। তখন টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে ছিলেন তিনি। ওই সময় বাড়িতে ছিলেন তার স্ত্রী ও সন্তানরা। তবে কারও শারীরিক কোনো ক্ষতি হয়নি।

চুরি যাওয়া জিনিসপত্রের ছবি পোস্ট করে, অপরাধীদের খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন ইংলিশ অলরাউন্ডার।

“এই অপরাধের সবচেয়ে খারাপ দিক হলো, আমার স্ত্রী ও দুই শিশু সন্তান বাড়িতে থাকাকালীন এটি ঘটেছে। ভাগ্যক্রমে আমার পরিবারের কারও কোনো শারীরিক ক্ষতি হয়নি। তবে এই অভিজ্ঞতা তাদের মানসিক অবস্থার ওপর প্রভাব ফেলেছে। এটাও ভাবছি যে, এই পরিস্থিতি আরও কতটা খারাপ হতে পারত।”

২০২০ সালে অর্ডার অব দা বৃটিশ এম্পায়ার (ওবিই) সম্মানে পাওয়া পদক, তিনটি নেকলেস, একটি আংটি এবং দুটি ব্যাগের ছবি এক্স-এ পোস্ট করেছেন স্টোকস। এ সবকিছুই চুরি হয়ে গেছে।