১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অভিষেকেই ৬ উইকেট নিয়ে ৪৭ বছর পুরোনো রেকর্ড ভাঙলেন সুতার

দারুণ কীর্তিতে টেস্ট অভিষেক রাঙালেন ভারতের স্পিনিং অলরাউন্ডার মানাভ সুতার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2026, 02:10 PM

Updated : 11 Sep 2026, 03:21 PM

আম্পায়ারের আঙুল উঠতে দেখে রিভিউ নেওয়ার মতো ভঙ্গি করলেন ব্যাটসম্যান মোহাম্মাদ সালিম সাফি। তবে এরপর কী মনে করে হাঁটা দিলেন ড্রেসিং রুমের দিকে। ফিরে গিয়ে নিশ্চয়ই নিজের ওপর মেজাজ খারাপ হয়েছে তার। রিভিউ নিলেই তিনি বেঁচে যেতেন, বল পিচ করেছিল লেগ স্টাম্পের বাইরে! আম্পায়ারের সিদ্ধান্ত ভুল হলেও বোলার মানাভ সুতারের তাতে আপত্তির কোনো কারণ নেই। ওই উইকেটেই যে তার নাম লেখা হয়ে গেল ইতিহাসে!

টেস্ট অভিষেকে ভারতের হয়ে বাঁহাতি বোলারদের মধ্যে সেরা বোলিংয়ের রেকর্ড গড়লেন সুতার। আফগানিস্তানের বিপক্ষে নিউ চান্ডিগাড় টেস্টে ৬ উইকেট শিকার করেছেন তিনি ৩৩ রানে।

টেস্টের দ্বিতীয় দিনে তিন উইকেট নিয়েছিলেন তিনি। পরদিন সকালে সোমবার যোগ করেন আরও তিন উইকেট।

বাঁহাতিদের মধ্যে ভারতের হয়ে অভিষেকে সেরা বোলিংয়ের রেকর্ড এতদিন ছিল দিলিপ দোশির। ১৯৭৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে চেন্নাইয়ে ১০৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি স্পিনার।

এই দুজন ছাড়া অভিষেকে ভারতের হয়ে ৬ উইকেট নেই আর কোনো বাঁহাতি বোলারের। ৫ উইকেট আছে আর কেবল একজনের। ২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে চেন্নাইয়ে ৬০ রানে ৫ উইকেট নিয়েছিলেন আকসার প্যাটেল।

ডানহাতি ও বাঁহাতি বোলার মিলিয়ে ভারতের হয়ে অভিষেকে সুতারের চেয়ে ভালো বোলিংয়ের নজির আছে শুধু আর একজনের। ১৯৮৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ৬১ রানে ৮ উইকেট নিয়েছিলেন নারেন্দ্রা হিরওয়ানি, দ্বিতীয় ইনিংসে এই লেগ স্পিনার নিয়েছিলেন ৭৫ রানে ৮ উইকেট।

অভিষেকে হিরওয়ানির ১৩৬ রানে ১৬ উইকেট এখনও অভিষেকে টেস্টে সেরা বোলিংয়ের বিশ্বরেকর্ড।

বল হাতে রেকর্ড গড়ার আগে অভিষেকে ব্যাটিং সামর্থ্যেরও ঝলক দেখান সুতার। রাঞ্জি ট্রফিতে এবার সেঞ্চুরি করা অলরাউন্ডার টেস্ট অভিষেকে আটে নেমে দুটি করে চার ও ছক্কায় করেন ২৮ রান।