২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চমকপ্রদ সাফল্যের পরও যুক্তরাষ্ট্রের দায়িত্বে টিকলেন না স্টুয়ার্ট ল

বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে চমক জাগানিয়া সাফল্যের পরও যুক্তরাষ্ট্রের কোচের দায়িত্বে থাকতে পারলেন না স্টুয়ার্ট ল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2024, 10:57 AM

Updated : 26 Aug 2026, 10:48 AM

দায়িত্বের কেবল সাত মাস পেরিয়েছে। এই সময়ে স্মরণীয় কিছু সাফল্য পেয়েছে দল। তার পরও যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে থাকতে পারলেন না স্টুয়ার্ট ল। আচমকাই তার বিদায়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ক্রিকেট।

যুক্তরাষ্ট্র দল এখন খেলছে আইসিসি মেন’স ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এ। ডালাসে নেপালের বিপক্ষে ম্যাচের আগের দিন শনিবার কোচের বিদায়ের কথা জানায় যুক্তরাষ্ট্র ক্রিকেট।

হুট করে কোচকে ছেড়ে দেওয়ার কারণ আনুষ্ঠানিকভাবে জানায়নি যুক্তরাষ্ট্র ক্রিকেট। প্রধান নির্বাহী জোনাথন অ্যাটকেইসন শুধু সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, সিদ্ধান্তটি নেওয়া তাদের জন্য খুব কঠিন ছিল। 

“আমাদের প্রোগ্রামে স্টুয়ার্টের যা অবদান, তাতে এই সিদ্ধান্তটি (বিদায় করা) নেওয়া সহজ ছিল না মোটেও। দুর্ভাগ্যজনকভাবে, আমাদের মনে হয়েছে, প্রতিযোগিতামূলক প্রস্তুতির পরবর্তী ধাপের জন্য একটি পরিবর্তন প্রয়োজন।” 

গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে দায়িত্ব নেন ল। তার কোচিংয়ে প্রথম সিরিজেই বাংলাদেশকে হারিয়ে দেয় যুক্তরাষ্ট্র। পরে তারা আরও বড় চমক উপহার দেয় ঘরের মাঠে বিশ্বকাপে। কানাডা ও পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে পা রাখে দলটি। 

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের বাছাই প্রক্রিয়াতেও বেশ ভালো করছে তারা। ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এ ৯ ম্যাচে ৬ জয় নিয়ে আপাতত তাদের অবস্থান পয়েন্ট তালিকার দুইয়ে। এর মধ্যেই এলো কোচের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার খবর।

যুক্তরাষ্ট্রের দায়িত্ব নেওয়ার আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ ছিলেন ল। বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হওয়ার জোর বিবেচনাতেই তখন ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত তাকে না দিয়ে দায়িত্বটি দেওয়া হয় ডেভিড হেম্পকে। 

একসময় বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচও ছিলেন ল। তার কোচিংয়েই ২০১২ এশিয়া কাপের ফাইনালে খেলেছিল দল। এছাড়াও শ্রীলঙ্কার সহকারী কোচ ও প্রধান কোচ, ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক এই ব্যাটসম্যান।