২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবি নির্বাচনে ভোটাধিকার ফিরে পেল সেই ১৫ ক্লাব

বিসিবি নির্বাচনের আগের দিনও চলছে নানা নাটকীয়তা, প্রার্থীতা প্রত্যাহার করেছেন আর একজন, আদালতের রায় পক্ষে পেয়েছে আলোচিত ১৫ ক্লাব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2025, 05:44 PM

Updated : 26 Aug 2026, 02:25 PM

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন নির্ধারিত সূচি অনুযায়ী সোমবারই হচ্ছে। ২০ জন পরিচালক প্রার্থীর সরে দাঁড়ানো আর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের কারণে নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। তৈরি হয়েছিল অনিশ্চয়তা। রোববার আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি ফারাহ মাহবুব সেই অনিশ্চয়তার অবসান ঘটালেন। 

আদালতের নির্দেশ অনুযায়ী ১৫ ক্লাবের ভোটাধিকার বহাল থাকছে এবং সব মামলা হাইকোর্ট বিভাগের চূড়ান্ত নিষ্পত্তির জন্য পাঠানো হয়েছে।

শুনানিতে রিট আবেদনকারীদের আইনজীবীরা নির্বাচনের ওপর স্থগিতাদেশ চাইলে আদালত স্পষ্ট জানায়, “নির্বাচনে স্থগিতাদেশ দিচ্ছি না। নির্বাচন হওয়া উচিত। নির্বাচন হোক।”

রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও অনীক আর হক। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ। রিট আবেদনকারীদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস, কায়সার কামাল ও শফিকুল ইসলাম অংশ নেন। 

এ সময় রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানও আদালতে উপস্থিত ছিলেন এবং বাইরে দাঁড়িয়ে সহকর্মীদের সঙ্গে তাকে বারবার আলোচনা করতে দেখা যায়।

বিচারপতির আদেশ শেষে সংবাদমাধ্যমে রিট আবেদনকারীদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস ও আইনজীবী কায়সার কামাল এই মামলার আইনি লড়াইয়ের পটভূমি তুলে ধরেন। 

“১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার ২০২৫ তারিখে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এক চিঠিতে উল্লেখ করেন, বিভিন্ন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর মনোনয়ন ১৭ সেপ্টেম্বরের বুধবার মধ্যে বোর্ডে জমা দেওয়ার কথা থাকলেও বেশ কিছু জায়গায় অ্যাডহক কমিটির বাইরে থেকে মনোনয়ন এসেছে। সেই কারণে পূর্বের মনোনয়ন বাতিল করে নতুন মনোনয়ন দিতে তিনি নির্দেশ দেন, এবং ২২ সেপ্টেম্বরের সোমবার মধ্যে তা জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেন। আমরা তখন ৬ জন কাউন্সিলরের পক্ষে হাইকোর্টে রিট দায়ের করি। ২২ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটার দিকে শুনানি হয়, যেখানে আদালত রুল জারি করে আমাদের পক্ষে স্থগিতাদেশ দেন। কিন্তু সমস্যা হলো, আপিল বিভাগের অফিস সময় শেষ হয়ে গিয়েছিল বিকাল তিনটায়। তাই আমরা সেইদিন আপিলে ওকালতনামা জমা দিতে পারিনি। পরে জানতে পারি, সরকারের পক্ষ থেকে চেম্বার জজ আদালতে গিয়ে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ নেয়া হয়েছে।”

“আমরা এরপর ভেকেটিংয়ের (বদলির) জন্য আবেদন করি। আজ সেই শুনানিও হয়েছে। এরই মধ্যে বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ ১৫টি ক্লাবের ভোটাধিকার বাতিল চেয়ে আরেকটি রিট করেন। শুরুতে নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা থেকে ওই ক্লাবগুলোকে বাদ দিয়েছিল। তবে বোর্ড সভায় তাদের অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয় এবং পরের শুনানিতে ভোটার তালিকায় যুক্ত করা হয়। দুদকের কথিত এনফোর্সমেন্ট অভিযানের অভিযোগ দেখিয়ে নির্বাচন কমিশন প্রথমে তাদের বাদ দিলেও পরে ২৩ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে। কিন্তু ফারুক আহমেদ হাইকোর্টে রিট করলে ৩০ সেপ্টেম্বর অবকাশকালীন বেঞ্চ ওই অন্তর্ভুক্তি স্থগিত ঘোষণা করে। আজ (রবিবার) আমরা ক্লাবগুলোর পক্ষ থেকে আপিলে সিএমপি ফাইল করি, এবং শুনানি শেষে দুটি মামলাই একত্রে শোনা হয়। একটি সরকার পক্ষ থেকে করা, অন্যটি আমরা করেছি।”

রিটকারী আবেদনকারী পক্ষের আইনজীবী জানান, যেহেতু দুই মামলার শুনানি একসাথে হয়েছে, তাই ১৫ ক্লাবকে যে হাইকোর্ট ভোটার তালিকা থেকে দ্বিতীয়বার বাদ দিয়েছিল, চেম্বার বিচারপতি সেটি স্থগিত করে দিয়েছেন। অন্যদিকে, ১৮ সেপ্টেম্বর আমিনুল ইসলাম বুলবুলের স্বাক্ষরিত চিঠিকে চ্যালেঞ্জ করে ২২ সেপ্টেম্বর যে রিট করা হয়, তখন চেম্বার জজ যে স্থগিতাদেশ দিয়েছিলেন, সেটিও বহাল থাকছে। চেম্বার বিচারপতি দুটি মামলাই হাইকোর্ট বিভাগে পাঠিয়েছেন। সেখানেই চূড়ান্ত নিষ্পত্তি হবে।

বিসিবি নির্বাচন সংক্রান্ত চেম্বার বিচারপতির আদেশের বিষয়ে বিসিসির আইনজীবী ব্যরিস্টার মাহিন এম রহমান জানিয়েছেন, আজকের আদেশের ফলে বিসিবির সভাপতির ১৮ সেপ্টেম্বর দেওয়া চিঠি বহাল থাকল। নির্বাচন হতে কোনো বাধা নেই। 

‘‘এই রায়ের ফলে ১৫ ক্লাবের কাউন্সিলররা নির্বাচনে ভোট দিতে পারবেন এবং ৬ অক্টোবর নির্বাচন হতেও বাধা নেই, সাধারণ পরিষদে কাউন্সিলর মনোনয়ন নিয়ে বোর্ড সভাপতি আমিনুল ইসলামের ১৮ সেপ্টেম্বরের চিঠির কার্যকারিতা স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা স্থগিতই থাকছে। ফারুক আহমেদ রীট করে ১৫ ক্লাবের ভোটের অধিকার যে স্থগিত করেছিলেন, ওটার বিরুদ্ধে ১৫ ক্লাবের মধ্যে একটা ক্লাব আপিল করতে এসেছিলো। তার প্রেক্ষিতে হাইকোর্টের রায় স্থগিত হয়েছে। তারমানে এই ১৫ ক্লাব ভোট দিতে পারবে। আর নির্বাচনে কোন বাধা নেই।’’

এর আগে শনিবার মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে নির্বাচন বাতিলের দাবি জানায় ৪৮টি ক্লাব। বিতর্কিত নির্বাচন বাতিল না হলে আন্দোলনের হুমকি দেয় তারা। ভোটাধিকার ফিরে পাওয়া ১৫ ক্লাবের প্রতিনিধিও ছিলেন এই সংবাদ সম্মেলনে।

এ দিন নির্বাচন নিয়ে অস্বচ্ছতার নানা অভিযোগ তুলে ঢাকা বিভাগের পরিচালক পদের লড়াই থেকে সরে দাঁড়ান জামালপুর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান। 

বিভিন্ন অভিযোগে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মোট ২০ প্রার্থী।