২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক বছরের জন্য ওয়ানডে অধিনায়ক মিরাজ

সামনের শ্রীলঙ্কা সফর থেকে নতুন দায়িত্ব শুরু করবেন মেহেদী হাসান মিরাজ।

এক বছরের জন্য ওয়ানডে অধিনায়ক মিরাজ
মেহেদী হাসান মিরাজ। ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2025, 07:14 PM

Updated : 26 Aug 2026, 01:11 PM

তিন সংস্করণে ভিন্ন তিন অধিনায়ক বেছে নিলো বাংলাদেশ। ওয়ানডের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো নাজমুল হোসেন শান্তকে। তার জায়গায় নেতৃত্ব পেলেন মেহেদী হাসান মিরাজ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এই খবর জানিয়েছে বিসিবি। আগামী এক বছরের জন্য ওয়ানডেতে অধিনায়কত্ব করবেন ২৭ বছর বয়সী অলরাউন্ডার।

এর আগে সামনের মৌসুমের জন্য টেস্ট ক্রিকেটের সহ-অধিনায়কত্ব পান মিরাজ। তবে ওয়ানডেতে তার কোনো ডেপুটির নাম ঘোষণা করেনি বিসিবি।

সাদা পোশাকের ক্রিকেটে এক বছরের জন্য বাংলাদেশের অধিনায়ক শান্ত। টি-টোয়েন্টিতে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত এই দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস।

সামনের শ্রীলঙ্কা সফর থেকেই শুরু হয়ে যাবে বাংলাদেশের তিন সংস্করণে ভিন্ন ভিন্ন অধিনায়কের যাত্রা। যেখানে দুই টেস্টে শান্ত, তিন ওয়ানডেতে মিরাজ ও তিন টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দেবেন লিটন।

সবশেষ ২০২২ সালে তিন সংস্করণে আলাদা অধিনায়কের নেতৃত্বে খেলেছে বাংলাদেশ। তখন টেস্টে মুমিনুল হক, ওয়ানডেতে তামিম ইকবাল ও টি-টোয়েন্টিতে দায়িত্বে ছিলেন মাহমুদউল্লাহ।

অধিনায়কত্ব অবশ্য নতুন নয় মিরাজের জন্য। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। ঘরের মাঠে ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তার অধিনায়কত্বেই তখন পর্যন্ত নিজেদের সেরা সাফল্য, তৃতীয় হয় বাংলাদেশ।

বিপিএলসহ ঘরোয়া ক্রিকেটেও নানান সময় অধিনায়কত্ব করেছেন মিরাজ। এছাড়া গত বছর শান্তর অনুপস্থিতিতে চার ওয়ানডে ও দুই টেস্টেও দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ওয়ানডেতে অবশ্য একটিও জয় নেই তার। তবে টেস্টে জিতেছিলেন এক ম্যাচ।

প্রায় ৮ বছরের ওয়ানডে ক্যারিয়ারে এখন পর্যন্ত ১০৫ ম্যাচে দুই সেঞ্চুরিতে ১ হজার ৬১৭ রান ও ১১০ উইকেট নিয়েছেন স্পিনিং এই অলরাউন্ডার। ওয়ানডেতে ১০০ উইকেট ও ১ হাজার রানের 'ডাবল' স্পর্শ করা চতুর্থ বাংলাদেশি তিনি।

বর্তমানে আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে চার নম্বরে আছেন মিরাজ। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে তিনিই সবার ওপরে। এছাড়া বোলিং র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা দুই নম্বরে উঠেছিলেন তিনি।