বিশ্বকাপে চরম ব্যর্থ বাটলার এখনই শেষ দেখছেন না নিজের
‘আশা করি আবার আমার সেরা ফর্মে ফিরতে পারব’, বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পরও ইংল্যান্ডের হয়ে খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটে হাতে ভীষণ বাজে পারফরম্যান্সের পর, জস বাটলারের আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন। তবে ইংল্যান্ডের হয়ে এখনই নিজের শেষ দেখছেন না অভিজ্ঞ এই ব্যাটসম্যান। বলছেন, জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার তীব্র ইচ্ছা এখনও তার আছে।
সাদা বলে ইংল্যান্ডের ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের একজন বিবেচিত বাটলার বিশ্বকাপে ছিলেন চরম ব্যর্থ। আট ইনিংসে ১০.৮৭ গড়ে স্রেফ ৮৭ রান করতে পারেন তিনি। টানা পাঁচ ইনিংসে যেতে পারেননি দুই অঙ্কে। সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ইংল্যান্ড।
ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে সবশেষ ১৫ ইনিংসে কোনো ফিফটি নেই বাটলারের। ইংল্যান্ডের সবশেষ চারটি আইসিসি টুর্নামেন্টে ২৭ ইনিংসে তিনি পঞ্চাশ ছুঁতে পেরেছেন কেবল একবার।
বোর্ডের সঙ্গে তার কেন্দ্রীয় চুক্তির মেয়াদ আরও ১৮ মাস বাকি আছে। বিবিসির ‘ফর দা লাভ অব ক্রিকেট’ পডকাস্ট-এ মঙ্গলবার ৩৫ বছর বয়সী এই ব্যাটসম্যান বলেন, আগামী জুলাইয়ে ঘরের মাঠে ভারতের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে ম্যাচের সিরিজে দলে থাকার আশা করছেন তিনি।
“আমি তাই আশা করি। জানি না (দলে জায়গা পাব কি না)। স্পষ্টতই টুর্নামেন্টটি (টি-টোয়েন্টি বিশ্বকাপ) আমার জন্য ভালো কাটেনি, যা হতাশাজনক। তবে গত কয়েক বছরে আমার ক্যারিয়ারের কিছু সেরা ক্রিকেটই খেলেছি। তাই আশা করি, আবার সেরা ফর্মে ফিরতে পারব।”
“(ইংল্যান্ডের হয়ে খেলা চালিয়ে যাওয়ার) উচ্চাকাঙ্ক্ষা আমার অবশ্যই আছে, কিন্তু যেহেতু আমি আর অধিনায়ক নই, নির্বাচকও নই, তাই যা হওয়ার তাই হবে। দেখা যাক।”
বাটলার জানালেন, ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত বিশ্বকাপ থেকে ফেরার পর ক্রিকেট থেকে মনকে দূরে রাখতে ফ্রান্সে পরিবারের সঙ্গে পাহাড়ে এক সপ্তাহ কাটিয়েছেন তিনি। গুজরাট টাইটান্সের হয়ে আসন্ন আইপিএলের প্রস্তুতি নিতে আগামী শনিবার তিনি ভারতে যাবেন।
“আমার ঠিক এটাই প্রয়োজন ছিল। অবশ্যই টুর্নামেন্টটি ব্যক্তিগতভাবে আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে এগোয়নি এবং আমার মনে হচ্ছিল, খেলাটি নিয়ে না ভাবার জন্য ক্রিকেট থেকে আমার কিছুটা দূরে থাকা দরকার। আর ওই সপ্তাহে ক্রিকেট থেকে এর চেয়ে বেশি দূরে আর থাকতে পারতাম না।”
