টক শো নিয়ে বিসিবিতে তলব, রকিবুল বললেন ‘ভুল বোঝাবুঝি হয়েছিল’
সংবাদমাধ্যমে জাতীয় দলের নির্বাচক ও প্রধান কোচের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়ার পর বোর্ডে ডেকে রকিবুল হাসানের সঙ্গে কথা বলেছেন বিসিবির প্রধান নির্বাহী।
এশিয়া কাপের দল নির্বাচন নিয়ে সংবাদমাধ্যমে বেফাঁস মন্তব্য করায় প্রধান ম্যাচ রেফারি রকিবুল হাসানকে ডেকে নিয়েছে বিসিবি। প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরির সঙ্গে ওই বৈঠকে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন রকিবুল।
গত শনিবার বাংলাদেশের ১৭ সদস্যের এশিয়া কাপের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। একটি টিভি চ্যানেলের টক শোতে ওই দলের বেশ কিছু জায়গা নিয়ে প্রশ্ন তোলেন রকিবুল। তীর্যকভাবে প্রধান নির্বাচকেরও সমালোচনা করেন তিনি। পরে আরও কিছু সাক্ষাৎকারে প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহের তীব্র সমালোচনা পাশাপাশি আরও বেশ কিছু অভিযোগ তোলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
ওসব সাক্ষাৎকার ছড়িয়ে পড়ার পর নজরে আসে বিসিবির। পরে এই বিষয়ে জানার জন্য রকিবুলকে তলব করা হয়। বিসিবি কার্যালয়ে সোমবার প্রধান নির্বাহীর কক্ষে হয় আলোচনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রকিবুল বলেন, গুরুতর কোনো আলোচনা হয়নি বৈঠকে।
“একটা টক শোর ব্যাপার নিয়ে কিছুটা তিক্ততা তৈরি হয়েছিল। সেটা নিয়ে ইনফরমালি আলাপ হলো। আমি আমার ব্যাখ্যা দিলাম। আমি বললাম যে, ওখানে (টক শো) তথ্য-উপাত্ত কিছু ভুল আছে। সব মিলিয়ে ঠিক আছে, এই তো। তেমন কিছু নয়।”
“পুরোটাই মূলত বিসিবি ও আমার মধ্যকার আলোচনা। আমি তো বিসিবির চাকরি করি। কিছু ভুল বোঝাবুঝি হয়ে গেলে পুরো বিষয়টা কঠিন হয়ে যায়। সেটা বুঝিয়ে দেওয়া আমারই দায়িত্ব। আমি বিসিবিতে নিজের কথা বলেছি। তারাও শুনেছে। আশা করছি (তিক্ততা) দূর হয়ে গেছে।”
