২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ সফরে পাকিস্তান দলে একগাদা পরিবর্তন

বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদিকে বাইরে রেখেই বাংলাদেশে আসছে পাকিস্তান।

বাংলাদেশ সফরে পাকিস্তান দলে একগাদা পরিবর্তন
অভিজ্ঞ তিন ক্রিকেটার (বাঁ থেকে) বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ রিজওয়ানকে এবারও দলে ফেরাল না পাকিস্তান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2025, 03:21 PM

Updated : 26 Aug 2026, 01:20 PM

ঘরের মাঠে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করা সিরিজের দলে কয়েকটি পরিবর্তন আনল পাকিস্তান। এবারও টি-টোয়েন্টিতে জায়গা হয়নি বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের। ফেরা হলো না শাহিন শাহ আফ্রিদিরও।

বাংলাদেশ সফরের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য মঙ্গলবার ১৫ জনের স্কোয়াড ঘোষণা করে পাকিস্তান। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পান দুই পেসার আহমেদ দানিয়াল ও সালমান মির্জা।

গত মে-জুন মাসে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে দলে ৮টি পরিবর্তন করে পাকিস্তান। সামনের সিরিজের দলে তাদের পরিবর্তন ৬টি। 

এবারের পরিবর্তনের বেশিরভাগই অবশ্য বাধ্য হয়ে। তিন পেসার হারিস রউফ, নাসিম শাহ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের সঙ্গে লেগ স্পিনিং অলরাউন্ডার শাদাব খানও ভুগছেন চোটে।

ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ব্যস্ত থাকায় হাসান আলিকে রাখা হয়নি এই সিরিজে। এছাড়া সবশেষ ওই সিরিজে কোনো ম্যাচ খেলার সুযোগ না পেয়েই বাদ পড়েছেন মিডল-অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ ইরফান খান। 

সালমান আলি আগার নেতৃত্বাধীন দলে ফিরেছেন মোহাম্মদ নাওয়াজ ও সুফিয়ান মুকিম।

গত বছর দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকেই টি-টোয়েন্টি দলে নেই বাবর ও রিজওয়ান। গত মাসে ঘরের মাঠে বাংলাদেশ সিরিজ থেকে বাদ দেওয়া হয় বাঁহাতি পেসার আফ্রিদিকে। তিন জনের কাউকেই ফেরানো হয়নি দলে।

সবশেষ পিএসএলে শিরোপাজয়ী লাহোর কালান্দার্সের হয়ে চার ম্যাচ খেলে ৯ উইকেট নেন প্রথমবার পাকিস্তান দলে ডাক পাওয়া সালমান। সব মিলিয়ে এই সংস্করণে ২৩ ম্যাচে ৩১ বছর বয়সী পেসারের শিকার ৩৯ উইকেট।

দানিয়ালের ঘরোয়া টি-টোয়েন্টি পারফরম্যান্স তেমন উজ্জ্বল নয়। পিএসএলে পেশাওয়ার জালমির হয়ে চার ম্যাচে ৬ উইকেট নেন তিনি। ৩৭ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ২৮ বছর বয়সী পেসারের ঝুলিতে আছে ৩৬ উইকেট। 

মে-জুনে ঘরের মাঠে বাংলাদেশকে পাত্তাই দেয়নি পাকিস্তান। তিন ম্যাচেই দাপুটে জয় পায় তারা। ফিরতি সফরটি আইসিসির ভবিষ্যৎ সফরসূচিতে (এফটিপি) নেই। দুই দেশের ক্রিকেট বোর্ডের পারস্পরিক আলোচনার ভিত্তিতে ঠিক করা হয়েছে এই সিরিজ।

১০ দিনের সফরে আগামী ১৬ জুলাই বাংলাদেশে আসবে পাকিস্তান। সেদিন চলতি শ্রীলঙ্কা সফরে নিজেদের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। পরদিন দেশে ফিরবেন লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজরা।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ ২০ জুলাই। একই মাঠে পরের দুই ম্যাচ ২২ ও ২৪ তারিখ। সবগুলো ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

পাকিস্তান স্কোয়াড: সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফাখার জামান, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, সুফিয়ান মুকিম।