অর্ধশতক ও হ্যাটট্রিকের কীর্তিতে ইতিহাসের পাতায় ভানুয়াতুর ক্রিকেটার
ব্যাট ও বল হাতে চমৎকার পারফরম্যান্সে দারুণ এক কীর্তি গড়েছেন র্যাচেল অ্যান্ড্রু।
চমৎকার ব্যাটিংয়ে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলা র্যাচেল অ্যান্ড্রু পরে বল হাতেও ছড়ালেন আলো। পেস বোলিংয়ে ম্যাচের শেষ দিকে উপহার দিলেন হ্যাটট্রিক। তাতে ভানুয়াতুর অধিনায়কের নাম উঠে গেল ইতিহাসের পাতায়।
নারীদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একই ম্যাচে ফিফটি ও হ্যাটট্রিক করা স্রেফ দ্বিতীয় ক্রিকেটার অ্যান্ড্রু। ২০২৬ উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপের ইস্ট-এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাই পর্বে মঙ্গলবার ইন্দোনেশিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি।
কাকতালীয়ভাবে, একই ম্যাচে ফিফটি ও হ্যাটট্রিকের প্রথম নজিরটিও দেখা গিয়েছিল ভানুয়াতুর একজনের সৌজন্যে। গত মার্চে ফ্রান্সের বিপক্ষে ৫৬ রান করার পাশাপাশি হ্যাটট্রিক করেন সেলিনা সোলমান। ৭৮ রানে জেতা ওই ম্যাচে পেস বোলিংয়ে স্রেফ এক ওভার করে কোন রান না দিয়ে ৪ শিকার ধরেন তিনি।
ইন্দোনেশিয়ার বিপক্ষে এদিনের ম্যাচে খেলেছেন সেলিনাও। তাকে সাক্ষী রেখেই এবার অ্যান্ড্রু নাম লেখালেন রেকর্ডের পাতায়।
পাঁচ উইকেট হাতে নিয়ে শেষ দুই ওভারে যখন ১৬ রান দরকার প্রতিপক্ষের, এগিয়ে আসেন অ্যান্ড্রু। ১৯তম ওভারের প্রথম বলটি ডট দেন তিনি। পরের তিন বলে তিন ব্যাটারকে ফিরিয়ে হ্যাটট্রিকের অনির্বচনীয় স্বাদ পান এই পেস বোলিং অলরাউন্ডার। ওভারটি শেষ করেন কোনো রান না দিয়ে।
শেষ পর্যন্ত অ্যান্ড্রুর বোলিং ফিগার দাঁড়ায় ৪-০-১০-৩। সেলিনা ও অ্যান্ড্রু ছাড়া মেয়েদের টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করতে পারেননি ভানুয়াতুর আর কেউ।
ম্যাচে দলের হয়ে ইনিংস শুরু করতে নামেন অ্যান্ড্রু। দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪৯ বলে ফিফটি স্পর্শ করেন তিনি। শুরু থেকে শেষ পর্যন্ত খেলে ৭১ বলে ৮৫ রানের অপরাজিত ইনিংস খেলেন ১ ছক্কা ও ১৪টি চারে।
অ্যান্ড্রু সৌজন্যে ১৩১ রানের পুঁজি পায় ভানুয়াতু। পরে ইন্দোনেশিয়াকে ১২৪ রানে থামিয়ে ৭ রানের চমৎকার জয় তুলে নেয় ভানুয়াতু।
