এবার আরব আমিরাতের লিগে ট্রট ও বন্ড
গলফ জায়ান্টসের কোচিং প্যানেলে যোগ দিয়েছেন তারা দুইজন।
প্রিটোরিয়া ক্যাপিটালসের দায়িত্ব হারানোর পরদিনই নতুন ঠিকানা খুঁজে পেলেন জোনাথান ট্রট। সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইএলটি-টোয়েন্টিতে গলফ জায়ান্টসের প্রধান কোচের দায়িত্ব নিলেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান।
প্রতিযোগিতাটির আসছে আসরের জন্য বোলিং কোচ হিসেবে নিউ জিল্যান্ডের তারকা পেসার শেন বন্ডকে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। অ্যান্ডি ফ্লাওয়ার ও ওটিস গিবসনের স্থলাভিষিক্ত হবেন ট্রট ও বন্ড।
আফগানিস্তানের প্রধান কোচ ট্রট দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএটোয়েন্টিতে প্রিটোরিয়ার দায়িত্বও পালন করছিলেন। রোববার তাকে সরিয়ে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে নিয়োগ দেয় প্রিটোরিয়া।
এসএটোয়েন্টিতে পার্ল রয়্যালস এবং আইপিএলের ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের সঙ্গে কাজ করেছেন বন্ড। এবার পুরোনো দায়িত্বে নতুন লিগে দেখা যাবে তাকে।
দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান অ্যান্ড্রু পাটিককে ব্যাটিং কোচ ও ইংলিশ সাবেক ব্যাটসম্যান জিম ট্রটনকে ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে গলফ জায়ান্টস। ফিটনেস কোচের দায়িত্ব পেয়েছেন নিক লিক, যিনি একসময় বাংলাদেশ দলের সঙ্গে কাজ করেছেন।
আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আইএলটি-টোয়েন্টির চতুর্থ আসরের নিলাম। ২ ডিসেম্বর শুরু হয়ে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে মাঠের লড়াই।
আগামী আসরের জন্য জেমস ভিন্স, আয়ান খান, মার্ক অ্যাডায়ার, ব্লেসিং মুজারাবানি ও গেরহার্ড এরাসমাসকে ধরে রেখেছে গলফ জায়ান্টস। নিলামের আগে তারা আরও চুক্তি সেরে ফেলেছে মইন আলি, আজমাতউল্লাহ ওমারজাই ও রাহমানউল্লাহ গুরবাজের সঙ্গে।
আইএলটি-টোয়েন্টির উদ্বোধনী আসর ২০২৩ সালে শিরোপা জিতেছিল গলফ জায়ান্টস। পরের বছর তারা দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে ছিটকে পড়ে। গত আসরটা বাজে কাটে দলটির, ৬ দলের টুর্নামেন্টে হয় পঞ্চম।
