২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘এই ট্রফি গোটা দেশের জন্য’

চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ভারতীয় অধিনায়ক রোহিত শার্মা বললেন, “দলের সবাই খুব খুশি যে, দেশের জন্য কিছু করতে পেরেছি।”

‘এই ট্রফি গোটা দেশের জন্য’
দেশের পতাকা গায়ে জড়িয়ে ট্রফিতে চুম্বন, স্বপ্নের মুহূর্তগুলো এমনই হয়। ছবি: আইসিসি ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2025, 08:50 AM

Updated : 10 Sep 2026, 12:35 PM

ফাইনাল শেষে উদযাপনের নানা পর্ব চলছিল। হার্দিক পান্ডিয়াকে দেখা গেল, দেশের পতাকা গায়ে জড়িয়ে উল্লাসে মেতে উঠেছেন। রোহিত শার্মাও গায়ে জড়িয়ে নিলেন জাতীয় পতাকা। গ্যালারি থেকে তখনও ভারতের নামে চিৎকার ভেসে আসছিল। ভারতীয় অধিনায়ক এক পর্যায়ে ট্রফি নিয়ে চলে গেলেন মাঠের মাঝখানে। পিচে বসে নানা ভঙ্গিমায় ফ্রেমবন্দি হয়ে স্মরণীয় করে রাখতে চাইলেন সময়টুকু। স্বাক্ষী হয়ে রইল তার গায়ে জড়ানো পতাকা। 

এই পতাকার মর্যাদা, নিজেদের দেশের সম্মান, মানুষের ভালোবাসা আর প্রত্যাশার দাবী পূরণ, এসবই ক্রীড়াবিদদের প্রতিদিনের জ্বালানি। অনুশীলনে ঘাম ঝরানো আর ম্যাচে নিজেদের শতভাগ মেলে ধরার রসদ। সর্বোচ্চ প্রাপ্তির তৃপ্তিতেই তাই মিশে থাকে দেশ ও মানুষ।

চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক বললেন, তাদের এই সাফল্য দেশমাতৃকার জন্য। 

“গোটা দেশকে (উৎসর্গ করছি)…। কারণ, আমি জানি, গোটা দেশ কতটা পাশে আছে আমাদের, কতটা চায় যে আমরা যাতে ভালো করি। আমাদের পাশাপাশি এই ট্রফি গোটা দেশের জন্য।”

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে আহমেদাবাদের গ্যালারির লাখো মানুষ আর দেশজুড়ে শত কোটি ভারতীয়কে হতাশা করে হেরে গিয়েছিল ভারত। সেই আক্ষেপ চাপা দিয়ে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয় করে ভারত। দেশে ফেরার পর বিপুল সংবর্ধনা আর মানুষের ভালোবাসায় স্নাত হয় গোটা দল। এবারও দেশকে গর্বের উপলক্ষ এনে দিলেন তারা।

রোহিত বললেন, মানুষের ভালোবাসা অনুভব করেন তারা সবসময়ই।

“যখনই কেউ কোনো টুর্নামেন্টের ফাইনাল জেতে, বিশেষ করে ভারত… আমরা জানি, সবসময় আমাদের সমর্থন প্রবল থাকে। এরকম একটি ট্রফি জিতলে দলের সবাই খুব খুশি যে দেশের জন্য কিছু করতে পেরেছি। সামনেও যখন যখন সুযোগ আসবে, করতে থাকব।”

“যেখানেই যখন আমরা খেলি, যে কোনো টুর্নামেন্ট, সবসময় চেষ্টা থাকে ম্যাচ জেতার। কীভাবে জিতব, সেটা তো পরিকল্পনার ব্যাপার। তবে চেষ্টা থাকে। আবার বলছি, এই যে ট্রফি জিতেছি, এটা গোটা দেশের জন্য।”

দেশের হয়ে খেলার যে দায়িত্ব ও গর্ব, এটিই গোটা দলকে প্রতিনিয়ত ধাবিত করে বলে জানালেন ভারতীয় অধিনায়ক। 

“ভারতের হয়ে খেলার আনন্দই মূল ব্যাপার। ভারতের প্রতিনিধিত্ব করা কোনো ফাজলামো নয়। অনেক নিষ্ঠা ও গর্ব নিয়ে সবাই ভারতের প্রতিনিধিত্ব করতে চায়। এই গর্ব নিয়েই সবাই মাঠে নামে। ফলাফল সবসময় পক্ষে আসবে না, এদিক-সেদিক হবেই। তবে এই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, গত তিন বছরে সবাই বুঝতে পেরেছে দলের জন্য কী দরকার এবং তা করতেও পেরেছে।”