ভারতকে ১০ উইকেটে হারানোর পর ‘পাকিস্তানের উল্টোযাত্রা শুরু’
ব্যাটিং গ্রেট মোহাম্মাদ ইউসুফ মনে করেন, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ওই জয় পাকিস্তানের বড় ক্ষতি করেছে।
পাকিস্তান ক্রিকেটের সঙ্কটের পেছনের একটা কারণ খুঁজে পেয়েছেন মোহাম্মাদ ইউসুফ। এই ব্যাটিং গ্রেটের মতে, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১০ উইকেটের বড় জয় নেতিবাচক প্রভাব ফেলেছে তার দেশের ক্রিকেটে।
ইউসুফ মনে করেন, ওই জয়ের পর দিক হারিয়ে ফেলে পাকিস্তান। কারণ, ক্রিকেটাররা মনে করতে শুরু করেন, ‘তারা অনেক বড় কিছু অর্জন করেছেন’ এবং অহংকার স্থায়ী হয়ে যাওয়ায় ‘কোনো খেলোয়াড় দায়িত্ব নেননি।’
ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে বিশ্বকাপে সেটাই ছিল ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রথম জয়। এর পরের ২২১টি আন্তর্জাতিক ম্যাচের ১১৫টিতে জিতেছে পাকিস্তান, হেরেছে ৯৭টিতে। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে জয়ের অনুপাতের দিক থেকে যা পঞ্চম সেরা। অন্যদিকে, এই সময়ে ২৭২ ম্যাচের ১৮১টিতে জিতেছে ভারত, হেরেছে ৭২টিতে। জয়ের অনুপাতের দিক থেকে তারাই শীর্ষে।
সামা টিভির সঙ্গে আলাপচারিতায় পাকিস্তান ক্রিকেটের বর্তমান বেহাল অবস্থার জন্য ১০ উইকেটের ওই জয়ের ভূমিকা থাকার কথা বলেন ইউসুফ।
“২০২১ সালে ভারতের বিপক্ষে ওই জয় আমাদের অনেক ক্ষতি করেছে। কারণ, ওই জয়ের পর খেলোয়াড়রা ভাবতে শুরু করে, তারা বড় কিছু অর্জন করেছে। তারা বুঝতে পারেনি, এরপর তাদের কী করতে হবে।
“যখন ভালো খেলবেন, তখন বিনয়ী থাকতে হবে। অহংকারী হলে এবং অন্যের প্রতি অসম্মানজনক আচরণ করলে সমস্যা তৈরি হয়। আর এমন কিছু পাকিস্তানের ক্রিকেটে অনেক হয়েছে।”
