২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিমের হার্টে ব্লক, বসানো হলো স্টেন্ট

কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে বাংলাদেশের ইতিহাসের সেরা ওপেনারকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2025, 01:43 PM

Updated : 26 Aug 2026, 12:20 PM

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া তামিম ইকবালের হার্টে ব্লক ধরা পড়েছে। স্টেন্ট বসানোর পর বাংলাদেশের ইতিহাসের সেরা ওপেনারকে রাখা হয়েছে সাভারে কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজের কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ)।

হাসপাতালে উপস্থিত ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ রেফারি দেবব্রত পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

“তামিম ইকবালের এনজিওগ্রাম করানো হয়েছে। হার্টে একটা ব্লক ধরা পড়েছে। রিং পরানো (স্টেন্ট বসানো) হয়েছে। আপাতত সিসিইউতে রাখা হয়েছে।” 

ঢাকা প্রিমিয়ার লিগে সোমবার সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলছিলেন তামিম। খেলা শুরুর আগে নির্ধারিত সময়ে টসও করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক।

পরে আর ফিল্ডিংয়ে নামতে পারেননি তিনি। খেলা শুরুর আগে হুট করে বুকে ব্যথা অনুভব করায় বিকেএসপির কাছেই কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে ভর্তি করা হয় তাকে।

ওই হাসপাতালের একজন চিকিৎসক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, মাঠ থেকে আসার পথে টানা ২০ মিনিট সিপিআর দেওয়া হয় তামিমকে। হাসপাতালে আনার পর পরীক্ষায় একটি ব্লক ধরা পড়ে। সেটায় শতভাগ ব্লক থাকায় একটি স্টেন্ট বসানো হয়েছে। সকালের চেয়ে তুলনামূলক ভালো আছেন তিনি, এই মুহূর্তে ২৪ ঘণ্টার জন‍্য তাকে সিসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।