১০ ছক্কায় সুরিয়াভানশির বিধ্বংসী ৯৩
তৃতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলের এক আসরে ছক্কার হাফ সেঞ্চুরি করলেন ভারতের বিস্ময়-বালক।
প্রথম ১০ বলে বৈভাব সুরিয়াভানশির রান ছিল পাঁচ। একাদশ বল ছক্কায় উড়িয়ে শুরু হলো তার তাণ্ডব। পরে তিনি বল হাওয়ায় ভাসিয়ে সীমানার বাইরে পাঠালেন আরও ৯ বার। যদিও অল্পের জন্য আইপিএলে আরেকটি সেঞ্চুরি পেলেন না ভারতের বিস্ময়-বালক।
লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মঙ্গলবার রান তাড়ায় ৩৮ বলে ৯৩ রানের ইনিংস খেলেন সুরিয়াভানশি। ১৫ বছর বয়সী ব্যাটসম্যানের ইনিংসটি গড়া ১০ ছক্কা ও ৭ চারে।
এই ইনিংসের পথে বেশ কিছু কীর্তি গড়েছেন রাজস্থান রয়্যালস ওপেনার।
তৃতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলের এক আসরে ছক্কার হাফ সেঞ্চুরি ছুঁয়েছেন সুরিয়াভানশি। চলতি আসরে ১৩ ইনিংসে তার ছক্কা এখন ৫৩টি।
২০১৯ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১৩ ইনিংসে ৫২টি ছক্কা মেরেছিলেন আন্দ্রে রাসেল। ২০১২ আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৪ ইনিংসে ৫৯টি ছক্কা হাঁকিয়ে সুরিয়াভানশির ওপরে আছেন শুধু ক্রিস গেইল।
‘ইউনিভার্স বস’ গেইল ২০১৩ আসরেও ছক্কার ফিফটি ছুঁয়েছিলেন, ৫১টি।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এক আসরে সবচেয়ে বেশি ছক্কার কীর্তি আগের ম্যাচেই গড়েন সুরিয়াভানশি। তিনি ছাড়িয়ে যান ২০২৪ আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৬ ইনিংসে ৪২ ছক্কা হাঁকানো আভিশেক শার্মাকে।
২৩৬.৩২ স্ট্রাইক রেটে ৫৭৯ রান করে এবারের আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকও এখন সুরিয়াভানশি। এক আসরে অন্তত ৫০০ রান করা ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট এটিই।
বয়সের অনেক রেকর্ড এরই মধ্যে নিজের করে নিয়েছেন সুরিয়াভানশি। সেই পথচলায় যোগ হয়েছে আরেক কীর্তি। ২০ বছর বয়সের আগে এক আসরে ৫০০ রানের মাইলফলক ছোঁয়া প্রথম ক্রিকেটার তিনিই। সবচেয়ে কম বয়সে আসরে পাঁচশ ছোঁয়ার কীর্তি এতছিল ছিল রিশাভ পান্তের, ২০১৮ সালে এই কিপার-ব্যাটসম্যান মাইলফলকটি ছুঁয়েছিলেন ২০ বছর বয়সে।
প্রথম বল থেকেই যিনি প্রতিপক্ষের ওপর চড়াও হন, সেই সুরিয়াভানশি জয়পুরে ২২১ রানের লক্ষ্য তাড়ায় প্রথম তিন ওভারে একরকম দর্শক হয়ে ছিলেন। তখন আরেক ওপেনার ইয়াশাসভি জয়সওয়ালের রান ছিল ১৮ বলে ৩৮, সুরিয়াভানশির ১২ বলে ১১।
চতুর্থ ওভারে প্রিন্স ইয়াদাভকে এক ছক্কা ও দুটি চার মেরে ছুটতে থাকেন সুরিয়াভানশি। জয়সওয়াল ২৩ বলে ৪৩ রান করে ফিরে গেলেও, অন্য প্রান্তে চলতে থাকে সুরিয়াভানশির তাণ্ডব।
নবম ওভারে আকাশ সিংকে দুটি ছক্কা ও তিনটি চার মারেন তিনি। ফিফটি করেন ২৩ বলে। স্পিনার দিগ্বেশ রাঠিকে একটি ছক্কায় উড়িয়ে পেসার প্রিন্স ইয়াদাভকে মারেন পরপর দুটি ছক্কা।
আরেক গতিময় পেসার মায়াঙ্ক ইয়াদাভকেও হাঁকান পরপর দুই ছক্কা। দিগ্বেশের তিন বলের মধ্যে ছক্কা ও চার মেরে তিনি পৌঁছে যান নব্বইয়ের ঘরে।
গত আসরে ৩৫ বলে ও এবারের আসরে ৩৬ বলে সেঞ্চুরি করা সুরিয়াভানশির সামনে তখন আরেকটি শতকের হাতছানি।
চতুর্দশ ওভারে অবিশ্বাস্যভাবে তাকে রান আউট করার সুযোগ হাতছাড়া করেন বোলার মহসিন খান। ওই ওভারেই বাঁহাতি ব্যাটসম্যানকে ফিরিয়ে প্রায়শ্চিত্ত করেন তিনি। ছক্কার চেষ্টায় লং-অনে ধরা পড়েন সুরিয়াভানশি।
রাজস্থানকে জয় নিয়ে ভাবতে হয়নি। ৭ উইকেটে জিতে যায় তারা পাঁচ বল বাকি থাকতে।
এই জয়ে পয়েন্ট তালিকায় চার নম্বরে উঠে প্লে-অফে খেলার সম্ভাবনাও উজ্জ্বল করেছে দলটি।
লখনৌর হয়ে এ দিন সর্বোচ্চ ৯৬ রান করে রান আউট হন মিচেল মার্শ। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের ইনিংসটি গড়া ১১ চার ও ৫ ছক্কায়।
আগের ম্যাচেও তিনি রান আউট হয়েছিলেন ৯০ রান করে। টি-টোয়েন্টি ক্রিকেটে নব্বইয়ের ঘরে দুইবার রান আউট হয়েছেন আর মাত্র একজন ব্যাটসম্যানই- গেইল।
