২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫ সেঞ্চুরির পরও ভারতের তেতো স্বাদ ও আরও যত রেকর্ড

১৪৮ বছরের টেস্ট ইতিহাসে এমন পরাজয়ের প্রথম নজির গড়েছে ভারত, হেডিংলি টেস্টে ইংল্যান্ডের স্মরণীয় জয়ে গড়া হয়েছে আরও কিছু রেকর্ড।

৫ সেঞ্চুরির পরও ভারতের তেতো স্বাদ ও আরও যত রেকর্ড
ইংল্যান্ডকে জিতিয়ে জো রুট ও জেমি স্মিথের উল্লাস। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2025, 12:51 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

ম্যাচে ৫ সেঞ্চুরি আর মোট ৮৩৫ রান করেও হার, অবিশ্বাস্য এমন নজিরই দেখা গেছে হেডিংলি টেস্টে। রাানের জোয়ার বইয়ে দিয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি ভারত। শেষ দিনে অসাধারণ রান তাড়ায় আরেকটি স্মরণীয় জয়ে নিজেদের রাঙিয়েছে ইংল্যান্ড। দুর্দান্ত এই টেস্ট ম্যাচটি জন্ম দিয়েছে অভাবনীয় কিছু রেকর্ডে, গড়া হয়েছে দারুণ কিছু কীর্তি। 

রান তাড়া

৩৭১ রান তাড়ায় জিতেছে ইংল্যান্ড। এর চেয়ে বেশি রান তাড়ায় তাদের জয়ের নজির আছে আর কেবল একটিই, ২০২২ সালে ভারতের বিপক্ষেই এজবাস্টনে ৩৭৮ রান তাড়ায় জয়।

শেষ দিনের চ্যালেঞ্জ

শেষ দিনে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৫০ রান। ৭৬ ওভারেই তা করে ফেলে ইংলিশরা।

টেস্টের শেষ দিনে এর চেয়ে বেশি রান তাড়ায় জয়ের কীর্তি টেস্ট ইতিহাসে আছে আর মোটে একটি। এই হেডিংলিতেই ১৯৪৮ অ্যাশেজে ৪০৪ রান তুলে জিতেছিল স্যার ডন ব্র্যাডম্যানের অস্ট্রেলিয়া। ওপেনার আর্থার মরিস করেছিলেন ১৮২, ব্র্যাডম্যান অপরাজিত ছিলেন ১৭৩ রানে। 

ভারতই প্রথম

ভারতের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন ইয়াসাসভি জয়সওয়াল, শুবমান গিল ও রিশাভ পান্ত, দ্বিতীয় ইনিংসে লোকেশ রাহুল ও আবার পান্ত। তার পরও হেরেছে ভারত।

এক টেস্টে পাঁচ সেঞ্চুরির পরও কোনো দলের পরাজয় ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে এবারই প্রথম।

১৯২৮ সালে মেলবোর্ন টেস্টে চার সেঞ্চুরি নিয়েও ইংল্যান্ডের কাছে হেরেছিল অস্ট্রেলিয়া।

৮৩৫ এবং হার

দুই ইনিংস মিলিয়ে ৮৩৫ রান তুলেও ম্যাচ হেরেছে ভারত। টেস্ট ক্রিকেটে তাদের ৯৩ বছরের পথচলায় এত রান করে হারের অভিজ্ঞতা আর নেই।

সবচেয়ে বেশি রান করে পরাজয়ের বিশ্বরেকর্ডে ভারত আছে চার নম্বরে। ১৯৪৮ অ্যাশেজে এই মাঠেই ৮৬১ রান করে ‘সবার ওপরে’ ইংল্যান্ড। 

রান প্রবাহ

এই টেস্টের চার ইনিংসেই দুই দলের রান ছাড়িয়েছে সাড়ে তিনশ। টেস্ট ইতিহাসে এমন নজির আছে আগে আর মাত্র দুটি- ১৯২১ অ্যাশেজে অ্যাডিলেইডে ও ১৯৪৮ অ্যাশেজে হেডিংলিতে। 

রানের প্লাবন

এই টেস্টে মোট রান উঠেছে ১ হাজার ৬৭৩, যা এই দুই দলের লড়াইয়ের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ। 

জয়-পরাজয় দেখা টেস্ট ম্যাচে সবচেয়ে বেশি রানের তালিকায় এই টেস্ট আছে পাঁচ নম্বরে। সবার ওপরে ২০২২ সালের রাওয়ালপিন্ডি টেস্ট। যেখানে মোট রান হয়েছিল ১ হাজার ৭৬৮, পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ড জিতেছিল ৭৪ রানে।

হেডিংলির রাজত্ব

এই নিয়ে পাঁচবার টেস্টের শেষ ইনিংসে তিনশর বেশি রান তাড়ায় জয় এলো হেডিংলিতে। ক্রিকেট বিশ্বের আর কোনো মাঠে তিনটির বেশি নেই এমন নজির।

তিনবার তিনশ ছোঁয়া রান তাড়া হয়েছে দক্ষিণ আফ্রিকার ডারবানের কিংসমিডে।

ডাকেটের কীর্তি

১৪৯ রানের দুর্দান্ত ইনিংসে ইংল্যান্ডের রান তাড়া এগিয়ে নিয়েছেন বেন ডাকেট। ভারতের বিপক্ষে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড এটি।

২০২২ সালে এজবাস্টনে জো রুটের ১৪২ ছিল আগের রেকর্ড।

দুর্ভাগা পান্ত

দুই ইনিংসে সেঞ্চুরি করে পরাজিত দলে থাকতে হলো রিশাভ পান্তকে। টেস্ট ইতিহাসে এমন তেতো স্বাদ পেতে হয়েছে ১২ জন ব্যাটারকে।

পান্তের আগে সবশেষ এই অভিজ্ঞতা হয়েছিল ২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের ব্রেন্ডান টেইলরের। 

এছাড়াও এই তালিকায় আছেন হার্বার্ট সাটক্লিফ, জর্জ হেডলি, বিজায় হাজারে, ক্লাইড ওয়ালকট, সুনিল গাভাস্কার, অ্যান্ডি ফ্লাওয়ার, ব্রায়ান লারা, অ্যান্ড্রু স্ট্রাউস, হাশিম আমলা ও ভিরাট কোহলি।