১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ক্যারিয়ার সেরা তিনে রবিনসন

টেস্ট বোলারদের মধ্যে রবিনসনের সতীর্থ জশ টাংও ক্যারিয়ারে সেরা র‍্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছেন।

ক্যারিয়ার সেরা তিনে রবিনসন

অলি রবিনসন। ছবি: আইসিসি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Sep 2026, 05:19 PM

Updated : 16 Sep 2026, 05:19 PM

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে অলি রবিনসনের ধারাবাহিক পারফরম্যান্সের প্রতিফলন পড়েছে র‍্যাঙ্কিংয়ে। এই সংস্করণের বোলারদের তালিকায় ক্যারিয়ার সেরা তিন নম্বরে জায়গা করে নিয়েছেন ইংলিশ পেসার।

পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করেছে আইসিসি। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন সংস্করণেই ক্রিকেটারদের অবস্থানে পরিবর্তন এসেছে।

তিন টেস্টে ২১ উইকেট নিয়ে পাকিস্তানের মোহাম্মাদ আব্বাসের সঙ্গে যৌথভাবে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন রবিনসন। এই সময়ে বোলারদের মধ্যে ২৩ ধাপ এগিয়েছেন তিনি। এজবাস্টনে সবশেষ ম্যাচে পাঁচ উইকেট নিয়ে দুই ধাপ উন্নতি হয়েছে তার।

এই প্রথম র‍্যাঙ্কিংয়ে তিনে উঠলেন রবিনসন। তার আগের সেরা অবস্থান ছিল চতুর্থ, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে উঠেছিলেন।

রবিনসনের রেটিং পয়েন্ট এখন ৮৫৬, এটাও তার ক্যারিয়ার সেরা। ৮৫০ পয়েন্ট স্পর্শ করা ইংল্যান্ডের ১৬তম বোলার তিনি।

৮৭২ পয়েন্ট নিয়ে বোলারদের তালিকায় সবার ওপরে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। আর দুইয়ে নিউ জিল্যান্ডের ম্যাট হেনরির পয়েন্ট ৮৬১। 

সিরিজে ১৯ উইকেট নিয়ে এই সময়ে র‍্যাঙ্কিংয়ে মোট ২২ ধাপ এগিয়েছেন জশ টাং। আর বার্মিংহ্যামে সবশেষ ম্যাচে ছয় উইকেট নিয়েছেন ইংলিশ পেসার। তাতে দুই ধাপ এগিয়ে এখন ক্যারিয়ার সেরা ১১তম স্থানে আছেন তিনি।

টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য আর তেমন কোনো বদল নেই। ব্যাটসম্যানদের তালিকায় প্রথম ১২টি স্থানে আসেনি কোনো পরিবর্তন। আগের মতোই সবার ওপরে ইংল্যান্ডের হ্যারি ব্রুক।

এজবাস্টনে দ্বিতীয় ইনিংসে ৭৬ রান করে দুই ধাপ এগিয়ে এখন ত্রয়োদশ স্থানে পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তার দুই সতীর্থ সাউদ শাকিল (২ ধাপ এগিয়ে ১৬তম) ও শান মাসুদেরও (৪ ধাপ এগিয়ে ৩৭তম) উন্নতি হয়েছে। তিন ধাপ এগিয়ে ২০তম স্থানে ইংল্যান্ডের জেমি স্মিথ।

অভিষেকে রেকর্ড ৯ ছক্কায় ৮১ রান করা পাকিস্তানের রাজাউল্লাহ র‍্যাঙ্কিংয়ে ঢুকেছেন, আছেন ৯১তম স্থানে। বোলারদের মধ্যে তার অবস্থান ১২০তম।

টেস্ট অলরাউন্ডারদের তালিকায় যথারীতি চূড়ায় ভারতের রাভিন্দ্রা জাদেজা।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১০৯ রান করে র‍্যাঙ্কিংয়ে ৫৪ ধাপ এগিয়েছেন অস্ট্রেলিয়ার ম্যাট রেনশ, আছেন ৬৮ নম্বরে। তার সতীর্থ কুপার কনোলি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন ৯ ধাপ, অবস্থান ৭৭তম।
ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে ভারতের শুবমান গিল। আর বোলারদের তালিকায় শীর্ষে আফগানিস্তানের রাশিদ খান।

বোলারদের মধ্যে এক ধাপ করে এগিয়েছে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ (অষ্টম), নাহিদা রানা (দ্বাদশ), শরিফুল ইসলাম (পঞ্চদশ) ও মুস্তাফিজুর রহমান (৩৪তম)। ক্যারিয়ার সেরা বোলিংয়ে পাঁচ উইকেট নিয়ে ২০ ধাপ এগিয়েছেন অস্ট্রেলিয়ান পেসার ন্যাথান এলিস, অবস্থান ২০তম।

ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে যথারীতি সবার ওপরে আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমারজাই।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে ৮২ ও ৩৯ রান করে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন আভিশেক শার্মা। পাকিস্তানের সাহিবজাদা ফারহানকে পেছনে ফেলে দুইয়ে জায়গা করে নিয়েছেন ভারত ওপেনার। তার সতীর্থ ইশান কিষান আছেন আগের মতো শীর্ষে।

টি-টোয়েন্টি বোলারদের মধ্যে চূড়ায় রাশিদ খান। দুই ধাপ এগিয়ে এখন পাঁচ নম্বরে ভারতের ভারুন চক্রবর্তী। সাত ধাপ এগিয়েছেন তার সতীর্থ জাসপ্রিত বুমরাহ, অবস্থান দশম। অগ্রগতি হয়েছে আর্শদিপ সিং (১১ ধাপ এগিয়ে ১৪তম) ও আকসার প্যাটেলের (৬ ধাপ এগিয়ে ২৭তম)।

এই সংস্করণের এক নম্বর অলরাউন্ডার জিম্বাবুয়ের সিকান্দার রাজা।