১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ওয়াহর ২৮ বছর পর বেয়ারস্টোর অপরাজিত ৯৯

কোনো ব্যাটসম্যানের ৯৯ রানে অপরাজিত থাকার ঘটনা এ নিয়ে সপ্তমবার দেখল টেস্ট ক্রিকেট।

ওয়াহর ২৮ বছর পর বেয়ারস্টোর অপরাজিত ৯৯

অ্যাশেজ সিরিজে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ৯৯ রানে অপরাজিত থাকার নজির গড়লেন বেয়ারস্টো। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2023, 09:29 PM

Updated : 21 Jul 2023, 09:56 PM

ক্যামেরন গ্রিনের ডেলিভারি লং-অফে ঠেলে ডাবল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করতে চাইলেন জনি বেয়ারস্টো। কিন্তু এক রান নিতেই জেমস অ্যান্ডারসনকে থামিয়ে দিলেন তিনি। সতীর্থকে অনেকটা সময় সঙ্গ দেওয়া অ্যান্ডারসন এবার আর পারলেন না নিজের উইকেট বাঁচিয়ে রাখতে। তাকে এলবিডব্লিউ করে ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে দিলেন গ্রিন। সঙ্গীর অভাবে শতক না পাওয়ার হতাশা নিয়েই ফিরলেন বেয়ারস্টো।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে শুক্রবার ৯৯ রানে অপরাজিত থাকেন বেয়ারস্টো। ইংলিশ কিপার-ব্যাটসম্যানের ৮১ বলের ইনিংসটি ৪ ছক্কা ও ১০ চারে সাজানো।

অ্যাশেজে ৯৯ রানে অপরাজিত থাকা দ্বিতীয় ব্যাটসম্যান বেয়ারস্টো। এর আগে এমনটা দেখা গিয়েছিল ২৮ বছর আগে; ১৯৯৫ সালে পার্থে অস্ট্রেলিয়ার ব্যাটিং গ্রেট স্টিভ ওয়াহর সৌজন্যে।

সব মিলিয়ে এই সংস্করণে ব্যাটসম্যানের ৯৯ রানে অপরাজিত থাকার ঘটনা এনিয়ে সপ্তমবার দেখা গেল। প্রথমবার এই হতাশায় পোড়েন ইংল্যান্ডের জেফ বয়কট, ১৯৭৯ সালে পার্থ টেস্টে। আর সবশেষ এই স্বাদ পান পাকিস্তানের মিসবাহ-উল-হক, ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

শুক্রবার ইংল্যান্ডের শেষ ব্যাটসম্যান হিসেবে অ্যান্ডারসন যখন ক্রিজে যান, তখন ৪৯ রানে ছিলেন বেয়ারস্টো। এরপর আগ্রাসী ব্যাটিংয়ে দলের রান বাড়াতে থাকেন তিনি। তাকে কেবল সঙ্গ দিয়ে যান অ্যান্ডারসন ।

Image

শেষ উইকেটে অ্যান্ডারসনকে নিয়ে ৪৯ বলে ৬৬ রানের জুটি গড়েন বেয়ারস্টো।

স্টার্ককে ছক্কায় উড়িয়ে ৫১ বলে ফিফটি স্পর্শ করেন বেয়ারস্টো। ওই ওভারে মারেন আরেকটি চার। জশ হেইজেলউডকে ওভারে মারেন দুই বাউন্ডারি। প্যাট কামিন্সকে ওড়ান দুই ছক্কায়।

অস্ট্রেলিয়া অধিনায়কের পরের ওভারে দুই চার মেরে ৯৮ রানে পৌঁছে যান বেয়ারস্টো। পরের ওভারেই গ্রিনের বলে অ্যান্ডারসনের ওভাবে বিদায় এবং বেয়ারস্টোর সেঞ্চুরি হাতছাড়া।

অ্যান্ডারসনকে নিয়ে শেষ উইকেটে ৪৯ বলে ৬৬ রানের জুটি গড়েন বেয়ারস্টো। যেখানে অ্যান্ডারসনের অবদান স্রেফ ৫ রান। এই জুটি গড়ার পথে তিনবার কিপারের হাতে বল রেখেই বাই রান নিয়ে বেয়ারস্টোর স্ট্রাইক নেওয়াটা ছিল দেখার মতো।

বেয়ারস্টোর শেষ দিকের ঝড়ো ব্যাটিংয়ে ৫৯২ রান তোলে ইংল্যান্ড। লিড নেয় তারা ২৭৫ রানের।

টেস্টে ১৯৯ ও ২৯৯ রানে অপরাজিত থাকার নজিরও আছে। ২০০১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার ও ২০১২ সালে পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ১৯৯ রানে নটআউট ছিলেন। আর ১৯৩২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৯৯ রানে অপরাজিত ছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ডন ব্র্যাডম্যান।