৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

অস্ট্রেলিয়া সফরে পাকিস্তানের আরেকটি ধাক্কা

নোমান আলি সফর থেকে ছিটকে যাওয়ায় আরও কমে গেল পাকিস্তানের বোলিং আক্রমণের শক্তি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2023, 01:30 PM

Updated : 23 Dec 2023, 04:31 PM

আঙুলের চোট ছিল আগে থেকেই। সঙ্গে যোগ হলো অ্যাপেন্ডিসাইটিস। অস্ট্রেলিয়া সফর থেকে তাই ছিটকে গেলেন নোমান আলি। পাকিস্তানের চোট-জর্জর বোলিং আক্রমণের শক্তি খর্ব হলো আরও একটু। 

পাকিস্তান ক্রিকেট বোর্ড বিবৃতিতে জানায়, হুট করেই পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করেন নোমান। দ্রুতই তার স্ক্যান করানো হয় এবং শুক্রবার রাত হাসপাতালেই কাটে তার। 

শনিবার সকালে ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিক্টোমি করানো হয় তার। পিসিবি জানায়, ৩৭ বছর বয়সী বাঁহাতি স্পিনার এখন ভালো ও স্থিতিশীল আছেন। এ দিন বিকেলেই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন তিনি। 

হাসপাতাল ছাড়ার পর অস্ট্রেলিয়াও ছাড়তে হবে তাকে। এখনই যে মাঠে ফেরার অবস্থা নেই! আঙুলের চোটের কারণে বক্সিং ডে টেস্টে এমনিতেই খেলার সম্ভাবনা ছিল না তার। অ্যাপেন্ডিসাইটিসের কারণে নিশ্চিত হয়ে গেল, সিডনিতে শেষ টেস্টেও তিনি খেলতে পারবেন না। 

পাকিস্তানের মূল স্পিনার আবরার আহমেদ আপাতত মাঠের বাইরে আছেন চোটের কারণে। এখনও দলের সঙ্গেই আছেন তিনি। তবে পার্থে গত টেস্টের মতো মেলবোর্নে বক্সিং ডে টেস্টেও তাকে না পাওয়া নিশ্চিত। এই সিরিজেই তার মাঠে নামার সম্ভাবনা সামান্য। সেখানেই সুযোগ ছিল নোমানের। কিন্তু পাকিস্তান পাচ্ছে না তাকেও। 

পিসিবি ‘কাভার’ হিসেবে দলে যোগ করেছে অফ স্পিনার সাজিদ খানকে। তৃতীয় পছন্দের এই স্পিনারই হয়তো জায়গা পাবেন মেলবোর্ন টেস্টের একাদশে।

চোটের কারণে এমনিতেই দীর্ঘ দিন ধরে মাঠের বাইরে আছেন পাকিস্তানের মূল পেসারদের একজন নাসিম শাহ। ফাস্ট বোলার হারিস রউফ এই টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। পার্থে প্রথম টেস্টে অভিষেকে নজরকাড়া বোলিং করা পেসার খুররাম শাহজাদও ওই টেস্টের পর ছিটকে গেছেন চোট নিয়ে। সব মিলিয়ে পাকিস্তানের বোলিং আক্রমণের দুর্দশা চলছেই। 

প্রথম টেস্টে বিশাল জয়ে সিরিজে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।