২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট কাটা গেল ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডের

ক্রাইস্টচার্চ টেস্টে মন্থর ওভার রেটের কারণে পয়েন্ট কাটা যাওয়ায় টেবিলে চার থেকে পাঁচে নেমে গেছে কিউইরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2024, 07:58 PM

Updated : 26 Aug 2026, 11:02 AM

ক্রাইস্টচার্চ টেস্টে মন্থর ওভার রেটের কারণে শাস্তি পেয়েছে ইংল্যান্ড ও নিউ জিল্যান্ড। দুই দলেরই কাটা পড়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট। এতে পয়েন্ট টেবিলে চার থেকে পাঁচে নেমে গেছে কিউইরা।

শুধু তাই নয়, দুই দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ১৫ শতাংশ করে জরিমানা করা হয়েছে।

আইসিসির মঙ্গলবার দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই দলই নির্ধারিত সময়ের মধ্যে তিন ওভার কম করেছে। নিয়ম অনুযায়ী, প্রতিটি ওভারের জন্য টেস্টে চ্যাম্পিয়নশিপের এক পয়েন্ট করে কাটা হবে। সেই হিসেবে তিন পয়েন্ট করে হারিয়েছে ইংল্যান্ড ও নিউ জিল্যান্ড।

এছাড়া প্রতিটি ওভারের জন্য ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হয় দলের খেলোয়াড়দের।

শাস্তির পর ৪৭.৯২ শতাংশ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়শিপের টেবিলে পাঁচ নেমে গেছে প্রথম চক্রের চ্যাম্পিয়ন নিউ জিল্যান্ড। আর ৪২.৫০ শতাংশ পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে ইংল্যান্ড।

ম্যাচ রেফারি ডেভিড বুনের দেওয়া শাস্তি মেনে নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ও নিউ জিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। এতে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ম্যাচটি ৮ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ইংল্যান্ড। দুই দলের দ্বিতীয় টেস্ট শুরু আগামী শুক্রবার, ওয়েলিংটনে।