২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওমারজাইয়ের ৩৬ রানের ওভার, ছক্কায় গেইলকে ছাড়িয়ে পুরান

পাওয়ার প্লেতে রেকর্ড গড়া ওয়েস্ট ইন্ডিজ করল আসরের সর্বোচ্চ ২১৮ রান।

ওমারজাইয়ের ৩৬ রানের ওভার, ছক্কায় গেইলকে ছাড়িয়ে পুরান
নিকোলাস পুরানের বিস্ফোরক ব‍্যাটিংয়ে আসরের সর্বোচ্চ ২১৮ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ছবি: আইসিসি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2024, 09:05 AM

Updated : 10 Sep 2026, 12:08 PM

আগেই সুপার এইট নিশ্চিত করা দুই দলের লড়াইয়ে ঝড় বয়ে গেল আফগান বোলারদের উপর দিয়ে। এক ওভারে ২৪ রান দিলেন সময়ের সেরা বোলারদের একজন রাশিদ খান। তবে ঝাপটার সবচেয়ে অংশটা গেল আজমাতউল্লাহ ওমারজাইয়ের উপর দিয়ে। ৮ বলের ওভারে ৩৬ রান দিয়ে তিনি গড়লেন বিব্রতকর এক রেকর্ড।  

আফগানদের খরুচে বোলিংয়ের দিনে পাওয়ার প্লেতে রেকর্ড গড়া ওয়েস্ট ইন্ডিজ করল আসরের সর্বোচ্চ ২১৮ রান।

এতে সবচেয়ে বড় অবদান নিকোলাস পুরানের। রাশিদ, ওমারজাইয়ের উপর চড়াও হয়ে ছক্কার রেকর্ড গড়ে ৯৮ রানের ইনিংস খেলেন বাঁহাতি টপ-অর্ডার ব্যাটসম্যান। 

সেন্ট লুসিয়ায় পুরানের ৫৩ বলের বিস্ফোরক ইনিংস গড়া ৬ চার ও ৮ ছক্কায়। এতে গেইলের ছক্কার রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৮৪ ইনিংসে উইকেটরক্ষক-ব্যাটসম্যানের নামের পাশে এখন ১২৮টি ছক্কা। অবসরের আগে ৭৫ ইনিংসে ১২৪ ছক্কা মেরেছিলেন গেইল। 

গেইলের রেকর্ড নিজের করে নেওয়ার ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ব্যাটসম্যান হিসেবে এই সংস্করণে ২ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন পুরান। একই দিন খেলেছেন ক্যারিয়ারের সেরা ইনিংস। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে ১২ ইনিংসে এটিই পুরানের প্রথম পঞ্চাশ।

পুরানের ঝড়ে বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ রান করে ক্যারিবিয়রা। ২০০৭ সালে বিশ্বকাপের প্রথম আসরের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০৫ রান করেছিল তারা। পরে ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষেও থামে ২০৫ রানে। এবার তৃতীয়বার দুইশ ছুঁয়ে ছাড়িয়ে গেল আগের দুই ম্যাচের স্কোর।

বোলারদের দাপটের চলতি বিশ্বকাপে সেন্ট লুসিয়ায় স্থানীয় সময় সোমবার রাতের শুরুটাও মন্দ ছিল না আফগানিস্তানের। দ্বিতীয় ওভারে ব্র্যান্ডন কিংকে ফিরিয়ে দেন ওমারজাই। তবে তিন নম্বরে নেমেই চিত্র পাল্টে দেন পুরান।

চতুর্থ ওভারে ওমারজাইয়ের বলে ৩৬ রান পায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম বলে ব্যাটের বাইরের কানা দিয়ে ‘ছক্কা মারেন’ পুরান। পরের বলটি হয় 'নো', এবার গড়িয়ে যায় সীমানায়। ফ্রি-হিট বলে ওয়াইডসহ বাউন্ডারি দেন ওমারজাই। পরে দারুণ এক ইয়র্কারে তিনি বোল্ড করেন পুরানকে। তখনও ফ্রি হিট থাকায় বেঁচে যান ক্যারিবিয়ান ব্যাটসম্যান।

এরপর বৈধ তৃতীয় ডেলিভারিতে লেগ বাই থেকে আসে বাউন্ডারি। আর শেষ তিন বলে চারের পর দুটি ছক্কা মেরে ওভার থেকে ৩৬ রান পূর্ণ করেন পুরান। এর মধ্যে অতিরিক্ত থেকে আসে ১০ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ওভারে ৩৬ রানের দ্বিতীয় ঘটনা এটি। ২০০৭ সালে স্টুয়ার্ট ব্রডের ওভারে ছয় ছক্কায় ৩৬ রান নিয়েছিলেন ইউভরাজ সিং।

ওমারজাইয়ের ওভারে ৩৬ রানের সৌজন্যে পাওয়ার প্লেতে ৯২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ছয় ওভারে এটিই সর্বোচ্চ। ২০১৪ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ৯১ রান করেছিল নেদারল্যান্ডস। 

শেষ দিকে রাশিদের উপর চড়াও হন পুরান। অষ্টাদশ ওভারে রাশিদের বলে তিন ছক্কা ও এক চারে নেন ২৪ রান।

পুরানের ৯৮ রানের ইনিংস ছাড়াও জনসন চার্লস ২৭ বলে ৪৩, শেই হোপ ১৭ বলে ২৫ ও রভম্যান পাওয়েল ১৫ বলে করেন ২৬ রান।