Published : 20 Dec 2025, 11:24 AM
দল হিসেবে খেলার সন্তুষ্টি, আগ্রাসী তাড়নার তৃপ্তি, সিরিজ থেকে প্রাপ্তি, নানা কিছুই বলছিলেন সুরিয়াকুমার ইয়াদাভ। এক পর্যায়ে তিনি বললেন একটি আক্ষেপের কথাও। ভারতীয় অধিনায়ক বলছিলেন এক ব্যাটসম্যানের ফর্মহীনতার কথা, যে ব্যাটসম্যানটি তিনি নিজেই। ঠোঁটে ঝুলিয়ে রাখা হাসিতে অবশ্য ফুটে উঠল, খুব দুর্ভাবনা তার নেই। বরং কণ্ঠেও ফুটিয়ে তুললেন প্রবলভাবে ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞা।
সিরিজের শেষ টি-টোয়েন্টিতে শুক্রবার দক্ষিণ আফ্রিকাকে ৩০ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নেয় ভারত।
এই নিয়ে টানা আটটি টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত। অপরাজিত থাকল তারা টানা ১১ সিরিজে। সবশেষ সিরিজ হেরেছে তারা ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজে। সবশেষ ২৪ সিরিজের মধ্যে তাদের একমাত্র সিরিজ হার সেটি।
দেশের মাঠে সবশেষ ১৮ সিরিজে হারেনি তারা। দেশে সবশেষ সিরিজ হারটি ছিল সেই ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
এত সাফল্যের পরও অবশ্য সাম্প্রতিক সময়ে দলের ব্যাটিংয়ের ধরন নিয়ে একটু অসন্তুষ্ট ছিলেন সুরিয়াকুমার। তবে এই সিরিজের পারফরম্যান্সে খুশি ভারতীয় অধিনায়ক।
“সিরিজের শুরু থেকেই আমাদের চাওয়া ছিল নির্দিষ্ট একটি ব্র্যান্ডের ক্রিকেট খেলা। আমি খুশি যে আমরা ঠিক সেটাই করতে পেরেছি। ভিন্ন কিছুর চেষ্টা আমরা করিনি। সব বিভাগেই আমরা নিজেদের মেলে ধরতে চেয়েছি এবং সেটির ফলাফল এখন সবার সামনে।”
“গত কয়েকটি সিরিজে এই ব্যাপারটিরই ঘাটতি ছিল আমাদের। আমরা এভাবেই ব্যাট করতে চেয়েছি। কেউ একজন যদি ছন্দ পেয়ে যায় এবং ছুটতে থাকে, সে যেন না থামে। বিরামহীন সেই তাড়না আমরা দেখতে চেয়েছি সবার মধ্যে এবং আজকে তা দারুণভাবে কাজে লেগেছে।”

ভারতীয় ব্যাটসম্যানরা সিরিজের সেরাটা জমা রেখেছিলেন যেন শেষ ম্যাচের জন্যই। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত এ দিন সত্যিই বিরামহীন আগ্রাসন দেখা দেখে ভারতের ব্যাটিংয়ে।
ওপেনিংয়ে ২২ বলে ৩৭ করেছেন সাঞ্জু স্যামসন, ২১ বলে ৩৪ আভিশেক শার্মা। তিনে নেমে তিলাক ভার্মা ৩৪ বলে করেন ৭২, পাঁচে নেমে হার্দিক পান্ডিয়া ২৫ বলে ৬৩। শেষ দিকে তিন বলে ১০ রানে অপরাজিত থাকেন শিভাম দুবে।
একমাত্র ব্যর্থ ছিলেন সুরিয়াকুমারই। অন্য কারও স্ট্রাইক রেট ১৬১-এর নিচে ছিল না। শুধু সুরিয়াকুমার ফেরেন ৭ বলে ৫ রান করে। সিরিজের চার ইনিংসে তার রান ১২, ৫, ১২, ৫।
ব্যর্থতার এই ধারা স্রেফ এই ম্যাচ বা এই সিরিজে নয়। গত বছরের অক্টোবরে হায়দরাবাদে বাংলাদেশের বিপক্ষে ৩৫ বলে ৭৫ রানের ইনিংসের পর থেকে এই নিয়ে টানা ২২ ইনিংসে তার ফিফটি নেই।
এই বছর ১৯ ইনিংস খেলে মাত্র ১৩.৬২ গড়ে তার রান ২১৮।
এই পারফরম্যান্সের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও। আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে লম্বা সময় শীর্ষে থাকা ব্যাটসম্যান এখন নামতে নামতে নেমে গেছেন দশ নম্বরে।
সুরিয়াকুমার নিজেও সেই অবনমনের ধারা বুঝতে পারছেন। অকপটেই তা ফুটে উঠল তার কণ্ঠে। তবে সেখানেও মিশে থাকল দলীয় প্রাপ্তির তৃপ্তি।
“সম্ভবত একটি ব্যাপারই আমরা ঠিকঠাক পাইনি, তা হলো ব্যাটার সুরিয়াতে খুঁজে পাওয়া। আমার মনে হয়, সে কোথাও হারিয়ে গেছে (হাসি)! তবে সে শক্তভাবেই ফিরে আসবে। দল হিসেবে, আমি সত্যিই খুশি।”
“যখন আমরা বিপদে পড়েছি, কেউ না কেউ এগিয়ে এসেছে এবং আমাদেরকে টেনে নিয়েছে। এই সিরিজ যেভাবে এগিয়েছে, অধিনায়ক হিসেবে তা তৃপ্তিদায়ক।”