সাদা বলে পাকিস্তানের নতুন অধিনায়ক রিজওয়ান
অস্ট্রেলিয়া সফর দিয়ে শুরু হবে রিজওয়ানের নতুন এই অধ্যায়।
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে পাকিস্তানের অধিনায়ক হওয়ার সম্ভাবনায় সবচেয়ে এগিয়ে ছিলেন মোহাম্মদ রিজওয়ান। শেষ পর্যন্ত হলোও তা-ই। সীমিত ওভারের এই দুই সংস্করণের নেতৃত্ব পেলেন এই কিপার-ব্যাটসম্যান।
বাবর আজম নেতৃত্ব ছাড়ার পর থেকে সাদা বলের অধিনায়কের জায়গাটি ফাঁকাই ছিল পাকিস্তানের। নভেম্বর-ডিসেম্বরে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য রোববার ভিন্ন ভিন্ন দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তখন পর্যন্ত অধিনায়কের নামটি জানানো হয়নি।
এদিনই পরে নিজেদের ওয়েবসাইটে রিজওয়ানকে অধিনায়ক হিসেবে ঘোষণা করে পিসিবি। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সালমান আলি আগা।
নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে আগে একবার জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন রিজওয়ান; ২০২০-২১ মৌসুমে নিউ জিল্যান্ড সিরিজে দুটি টেস্টে। আর পাকিস্তান সুপার লিগে তার নেতৃত্বে ২০২১ সালে চ্যাম্পিয়ন হয় মুলতান সুলতান্স, আর গত তিন আসরে রানার্সআপ হয় দলটি।
পাকিস্তানের ৩১তম অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়া সফর দিয়ে শুরু হবে রিজওয়ানের নতুন অধ্যায়।
অধিনায়কের দায়িত্ব পেয়ে ভীষণ খুশি রিজওয়ান, দিলেন দলকে সাফল্যের পথে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি।
“পাকিস্তানের সাদা বলের অধিনায়কের দায়িত্ব পেয়ে আমি খুব সম্মানিত বোধ করছি। আন্তর্জাতিক পর্যায়ে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে পারাটাই দারুণ প্রাপ্তি, আর এখন এমন মেধাবী ও রোমাঞ্চকর সব খেলোয়াড়দের নিয়ে গড়া দলের নেতৃত্ব পাওয়াটা দারুণ সম্মানের। সেই সঙ্গে পাকিস্তানের সীমিত ওভারের ক্রিকেটে কিংবদন্তি সব অধিনায়কদের গ্রুপে যোগ হতে পারাটা আরও বড় পাওয়া।”
“এই দায়িত্বে নিজের সর্বোচ্চটা দিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ এবং নির্বাচক, কোচ ও আমার প্রবল মেধাবী সতীর্থদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। ঐক্যবদ্ধ হয়ে আমরা ভক্ত-সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারব।”
আগামী ৪ নভেম্বর মেলবোর্নে শুরু হবে অস্ট্রেলিয়া-পাকিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ ৮ ও ১০ নভেম্বর, অ্যাডিলেইড ও পার্থে। দুই দলের টি-টোয়েন্টি তিনটি মাঠে গড়াবে ১৪, ১৬ ও ১৮ নভেম্বর; ব্রিজবেন, সিডনি ও হোবার্টে।
জিম্বাবুয়ে সফরেও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। তবে ওই দুই দলে নেই রিজওয়ান। তার অনুপস্থিতে নেতৃত্ব দিবেন সালমাল আলি।
জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের তিনটি ওয়ানডে মাঠে গড়াবে আগামী ২৪, ২৬ ও ২৮ নভেম্বর। আর টি-টোয়েন্টি তিনটি হবে ১, ৩ ও ৫ ডিসেম্বর। সবগুলো ম্যাচই হবে বুলাওয়ায়োতে।
