নভেম্বরের ঠাসা সূচিতে শ্রীলঙ্কার বিপক্ষে আরেক সিরিজ খেলবে পাকিস্তান
পাকিস্তানের এবারের ঘরোয়া মৌসুম আগে থেকেই ভীষণ ব্যস্ত, সেখানে নতুন যোগ হলো এই ওয়ানডে সিরিজ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ এবং ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের মাঝে কেবল ৯ দিনের বিরতি পাবে পাকিস্তান। ওই অল্প সময়েই শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে তারা!
অক্টোবর-নভেম্বরে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান সফর করবে দক্ষিণ আফ্রিকা। সফরের সবশেষ ম্যাচ তৃতীয় ওয়ানডেটি হবে ৮ নভেম্বর, ফয়সালাবাদে।
এরপর, মাত্র দুদিনের বিরতি হাতে নিয়ে ওখান থেকে পাকিস্তান দল যাবে রাওয়ালপিন্ডিতে। সেখানে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে তারা; ম্যাচগুলো হবে ১১, ১৩ ও ১৫ নভেম্বর। প্রতিটি ম্যাচের মাঝে মাত্র একদিনের বিশ্রাম থাকবে।
আর ওই সিরিজ শেষ হওয়ার একদিন পরই, রাওয়ালপিন্ডিতেই শুরু হবে আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ। ১৭ নভেম্বর উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে পাকিস্তান।
রাওয়ালপিন্ডিতে আসরের প্রথম দুই ম্যাচ হওয়ার পর, বাকি ম্যাচগুলো হবে লাহোরে।
২০১৯ সালের পর এই প্রথম পাকিস্তানে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে শ্রীলঙ্কা। ছয় বছর আগের সবশেষ ওই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সরফরাজ খানের নেতৃত্বে ২-০ ব্যবধানে জিতেছিল পাকিস্তান, প্রথম ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে।
অবশ্য ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের কিছুদিন আগেও একবার পাকিস্তান সফর করেছে শ্রীলঙ্কা দল, তবে সেবার এশিয়া কাপ খেলতে।
পাকিস্তানের এবারের ঘরোয়া মৌসুম আগে থেকেই ভীষণ ব্যস্ত সূচির, সেখানে নতুন সংযোজন হলো লঙ্কানদের বিপক্ষে সিরিজটি।
টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সূচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের টেস্ট দুটি শুরু হবে ১২ ও ২৪ অক্টোবর, ম্যাচ দুটি হবে লাহোর ও রাওয়ালপিন্ডিতে। এরপর প্রোটিয়াদের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে।
এরপর লঙ্কানদের বিপক্ষে ওই সিরিজ শেষে, টি-টোয়েন্টি সিরিজ ১৭ নভেম্বর শুরু হয়ে চলবে ২৯ নভেম্বর পর্যন্ত।
সংযুক্ত আরব আমিরাতে স্বাগতিক দল ও আফগানদের নিয়ে সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজটি জিতেছে পাকিস্তান।
মঙ্গলবার শুরু এশিয়া কাপে তারা নিজেদের প্রথম ম্যাচ খেলবে আগামী শুক্রবার, ওমানের বিপক্ষে। এর দুদিন পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।
