যৌন হয়রানি: সন্দেহের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে না বিসিবি
যৌন হয়রানির যেসব অভিযোগ জাহানারা আলম করেছেন এবং আরও যেসব অভিযোগ উঠছে, সেসবের সুরাহায় তদন্ত কমিটির ওপরই ভরসা রাখছে বিসিবি।
যৌন হয়রানির যেসব অভিযোগ জাহানারা আলম করেছেন এবং আরও যেসব অভিযোগ নানা জায়গা থেকে উঠছে, সেসবের সুরাহায় তদন্ত কমিটির ওপরই ভরসা রাখছে বিসিবি। দায় প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও প্রতিশ্রুতি দিচ্ছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থা।
বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের উদ্বোধনী দিনের কার্যক্রম শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাম্প্রতিক বিতর্কের ঝড় নিয়ে বিসিবির অবস্থান তুলে ধরেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও পরিচালক আমজাদ হোসেন।
জাহানারার অভিযোগের দুই দিন পর শনিবার রাতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করার ঘোষণা দেয় বিসিবি। বোর্ডেরই অনেক বড় বড় নামের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তাই তদন্ত কমিটি কতটুকু স্বাধীনভাবে কাজ করতে পারবে, সেই প্রশ্ন উঠছে। আমজাদের আশ্বাস, প্রভাবমুক্ত থেকেই কাজ করবে এই কমিটি।
“আপনারা জানেন, গত ৭২ ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ইন্টারভিউ প্রকাশ হয়েছে। সেটি আমাদের সবাইকে দারুণভাবে আলোড়িত করেছে। আমাদের মনে এক ধরনের ভূকম্পন সৃষ্টি করেছে। ভিডিওটি খতিয়ে দেখার পর আমরা ক্রিকেট বোর্ড থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। কমিটির নেতৃত্বে আছেন আপিল বিভাগের একজন অবসরে যাওয়া বিচারপতি।”
“কমিটি সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে। বলা হয়েছে, ১৫ দিনের মধ্যে তারা তদন্ত শেষ করে একটি প্রতিবেদন ও মতামত দেবে। তার একটি কপি বিসিবি এবং জাতীয় ক্রীড়া পরিষদের কাছে জমা দেওয়া হবে। সেই প্রতিবেদন পাওয়ার পর আমরা বাকি প্রক্রিয়া সম্পন্ন করে সিদ্ধান্ত নেব, কীভাবে এবং কোন ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তা কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই নির্ধারিত হবে।”
তদন্ত কমিটিতে তিন সদস্যের একজন বিসিবি পরিচালক রুবাবা দৌলা। বিসিবির অনেকের বিরুদ্ধেই যেহেতু অভিযোগ, সেখানে বিসিবির এক পরিচালকের থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। সেটির পেছনে যুক্তি তুলে ধরলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
“রুবাবা আমাদের একমাত্র নারী পরিচালক। এই তদন্ত কমিটি গঠনের মূল উদ্দেশ্যই ছিল স্বাধীনভাবে অনুসন্ধান করা। কমিটিতে একজন বোর্ড-প্রতিনিধি থাকা উচিত, কারণ বোর্ডের প্রয়োজনীয় তথ্য তাকেই সরবরাহ করতে হয়। ঘটনাটা ২০২১–২২ সালের; আমাদের জানা মতে তখন বিষয়টি নিষ্পত্তি হয়েছিল। এরপর ক্রিকেট বোর্ডে কেউ লিখিত বা আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ করেনি। আমরা মিডিয়ার মাধ্যমে কিছু বিষয় জেনেছি, তবুও আমরা তদন্ত কমিটি করেছি।”
“আমার বলতে চাওয়া হলো—অনেক কিছুই আমরা দেখছি। যদি কেউ অভিযোগ করেন, সেটা লিখিত কিংবা মৌখিকভাবে বোর্ডে জমা দিতে পারেন। তখন বোর্ড বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখবে। সংবাদে অনেক কিছু প্রকাশিত হয়, আমরা কোনো কিছুকে সত্য বা মিথ্যা বলছি না।”
ফ্রিল্যান্স ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমের ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে জাহানারা অভিযোগ করেন, নিউ জিল্যান্ডে ২০২২ বিশ্বকাপ চলার সময় তখনকার নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম তাকে কুপ্রস্তাব দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। এছাড়াও মঞ্জুর বিরুদ্ধে নানা সময়ে মানসিক নির্যাতন, যৌন হেনস্তা ও সেসব প্রস্তাবে রাজি না হওয়ায় বাজে আচরণ করার অভিযোগও তোলেন তিনি। একইরকম অভিযোগ করেছন তিনি নারী ক্রিকেটের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদ, বোর্ড ও টিম ম্যানেজমেন্টের আরও কজনের বিরুদ্ধে।
জাহানারার সাক্ষাৎকার কাঁপিয়ে দেয় দেশের ক্রিকেটাঙ্গনকে। পরে বিভিন্ন সংবাদমাধ্যমে মুখ খোলেন আরেক জাতীয় ক্রিকেটার রোমানা আহমেদ, সাবেক ক্রিকেটার ও কোচ রেশমা আক্তার আদুরি। রেশমার অভিযোগের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল, নাজমূল আবেদীনকে নিয়ে গুরুতর অভিযোগ। বোর্ডের নারী বিভাগের প্রধান ছিলেন নাজমূল, এখন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান।
বোর্ড পরিচালক আমজাদ জানালেন, জাহানারার অভিযোগের পাশাপাশি এসব অভিযোগও খতিয়ে দেখবে তদন্ত কমিটি।
“কমিটিতে থাকা সদস্যরা অত্যন্ত অভিজ্ঞ, তারা জাহানারা আলমের বিষয়টি ছাড়াও সাম্প্রতিক সময়ে যেসব অভিযোগ উঠেছে সেগুলোও স্বাধীনভাবে তদন্ত করবেন, প্রতিবেদন ও মতামত দেবেন, এবং আমরা সেই প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেব।”
আলোচনা-সমালোচনা, বিতর্কের স্রোত বয়ে গেলেও আপাতত তদন্ত কমিটির ওপরই ভরসা রাখার কথা বললেন আমজাদ।
“যে কোনো ধরনের হয়রানি… মৌখিক, শারীরিক, মানসিক বা সাইবার, এসবের বিপরীতে আমাদের বোর্ডের জিরো টলারেন্স রয়েছে। আমরা কোনো রকম ছাড় দেব না এবং কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”
“আমরা কোনো সন্দেহ বা আবেগের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে চাই না। সবার লক্ষ্য একটাই—সুষ্ঠু তদন্ত। যদি কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, তার বিচার আমরা চাই, সবাই চাই। এ কারণেই তদন্ত কমিটি করা হয়েছে। তাদের প্রতি আস্থা রেখে কাজ করতে দিতে হবে। এমন তদন্ত চাই না, যার দিকে পরে পক্ষপাতের অভিযোগ উঠবে।”
