‘কিংবদন্তি’ মুশফিকের পেশাদারিত্বে মুগ্ধ সিমন্স
পেশাদারিত্ব আর উন্নতি করার তাড়না মিলিয়ে নিজেকে প্রতিনিয়মত বিকশিত করে একশ টেস্টের মাইলফলক ছুঁতে চলেছেন মুশফিক, বললেন বাংলাদেশ কোচ মুশফিকুর রহিম।
বেশ কয়েক বছর ধরেই সংবাদ সম্মেলন অনেকটা এড়িয়ে চলেন মুশফিকুর রহিম। তবে শততম টেস্টের আগে নিশ্চয়ই তিনি আসবেন! তিনি না এলে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছ থেকেই শুনতে হবে মুশফিক-বন্দনা। মিরপুর টেস্টের আগের দিন এরকমই আলোচনা ছিল সংবাদকর্মীদের মধ্যে। কিন্তু তাদেরকে অনেকটা হতাশই হতে হলো। সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এলেন কোচ ফিল সিমন্স।
মুশফিকের শততম টেস্ট গোটা বাংলাদেশ ক্রিকেটের জন্যই বড় এক উপলক্ষ। কিন্তু সিমন্স তো মুশফিককে কাছ থেকে দেখছেন স্রেফ এক বছর ধরে। এদেশের ক্রিকেটে মুশফিকের ওজন আর এই মাইলফলকের বিশেষত্ব কতটাই বা তুলে ধরতে পারবেন তিনি। এইটুকু সময়ে যেটুকু দেখেচেন, তার সজর কেড়েছে মুশফিকের পেশাদারিত্ব।
আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে বুধবার বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্টের মাইলফলক স্পর্শ করতে চলেছেন মুশফিক। এই পথচলায় বাংলাদেশের সর্বোচ্চ রান তার, সেঞ্চুরি সংখ্যায় তিনি দ্বিতীয়। টেস্ট ইতিহাসের একমাত্র কিপার-ব্যাটসম্যান হিসেবে করেছেন দুটি ডাবল সেঞ্চুরি। বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে করেছেন তিনটি ডাবল সেঞ্চুরি। বাংলাদেশের সর্বোচ্চ ছয়টি ব্যক্তিগত ইনিংসের চারটিই তার।
বাংলাদেশের ইতিহাসে মুশফিক কোন জায়গায়, তা নিয়ে কোনো সংশয় নেই সিমন্সের।
“সে অবশ্যই খেলটির একজন কিংবদন্তি। যতগুলো ডাবল সেঞ্চুরি সে করেছে, খুব বেশি ক্রিকেটার তা করেনি এবং অনেক বছর ধরে সে পারফরম্যান্স করে গেছে, ২০ বছরের বেশি সময়। কাজেই সে অবশ্যই কিংবদন্তি, তার স্থায়ীত্ব ও পারফরম্যান্স তাকে সেই উচ্চতায় তুলে নিয়েছে।”
সাড়ে ২০ বছর ধরে খেলে যাওয়া, এত এত রেকর্ড-অর্জন, পেশাদারিত্ব দিয়েই মুশফিক এতটা পথ পাড়ি দিয়েছেন বলে মনে করেন বাংলাদেশ কোচ।
“সবকিছুর আগে তার পেশাদারত্বের কথা বলতে হবে আমাদের। তার স্থায়ীত্ব এবং বাংলাদেশের হয়ে তার ক্রিকেট খেলার তাড়না। বাংলাদেশ তো বছরে ১৫ টেস্ট খেলে না। ১০০ টেস্ট খেলতে অনেক সময় লেগেছে তার এবং আমাদেরকে সেটির প্রশংসা করতে হবে।”
“ওর সঙ্গে স্বল্প সময়ে কাজ করার যে অভিজ্ঞতা, তাতে বলতে পারি ওর পেশাদারত্ব দারুণ উঁচুমানের এবং কালকে যখন উপলক্ষটি আসবে, আমার অনেক ভালো লাগবে ওর জন্য।”
পেশাদারিত্বের পাশাপাশি মুশফিকের ভেতর প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার তীব্র তাড়নাও দেখতে পান সিমন্স।
“পেশাদারত্বই তার রহস্য। যেভাবে সে নিজেকে মেলে ধরে, নিজের খেলার উন্নতি নিয়ে কাজ করা, আন্তর্জাতিক পর্যায়ে সফল হওয়ার চেষ্টা চালিয়ে যাওয়া। পেছন ফিরে তাকালে দেখবেন, আন্তর্জাতিক পর্যায়ে সে সফল হয়েছে এবং সেটিই তাকে সেখানে রেখেছে।”
“তবে তার ভেতরে এবং আরও যারা ভালো খেলার পথ ধরে ১০০ বা ১৫০ টেস্ট খেলতে চায়, তাদের সবার ভেতরই সেই তাড়না আছে। সবচেয়ে বড় যে ব্যাপারটি আমাদের দেখতে হবে, তা হলো ক্রমাগত উন্নতি করা, আরও ভালো হয়ে ওঠার চেষ্টা ও এই পর্যায়ে পারফর্ম করার তাড়না।”
মুশফিকের সতীর্থদের মধ্যেও তার প্রতি প্রবল সম্মান ও সমীহ দেখতে পান সিমন্স। তার কাছ থেকে উত্তরসূরীদের শেখার অনেক কিছুই দেখছেন সাবেক এই ক্যারিবিয়ান অলরাউন্ডার।
“ড্রেসিং রুমে তার প্রত শ্রদ্ধা প্রবল। সে যেকরম, সব ক্রিকেটারই তার কথা শোনে, সে নিজেও অনেক কিছু ভাগাভাগি করে সবার সঙ্গে। এটিই গুরুত্বপূর্ণ ব্যাপার। ক্রিকেটারদেরকে দেখা যায় তার সঙ্গে নিয়মিত কথা বলতে, বিশেষ করে এই পর্যায়ের ব্যাটিং নিয়ে। তার অনেক কিছুই দেওয়ার আছে এবং তার পাশে থেকে অন্য ক্রিকেটাররাও খুশি এবং তার কথা শোনার মতো সম্মান তাকে করে।”
“তার কাছ থেকে যে বার্তা থাকবে এবং আমি যেভাবে দেখি, সে যেভাবে নিজেকে তুলে ধরে, যেভাবে অনুশীলন করে এবং যেভাবে সে আরও ভালো হয়ে ওঠার চেষ্টা করে। এই পর্যায়ের ক্রিকেটে একটা জায়গায় আটকে থাকলে চলে না, সবসময় উন্নতি করা ও ভালো হয়ে ওঠার চেষ্টা করতে হয়, কারণ প্রযুক্তির কারণে ক্রিকেট বিশ্ব এখন ছোট্ট হয়ে এসেছে। লোকে আপনাকে সবসময়ই পর্যালোচনা করছে, কাজেই নিজেকেও সবসময়ই বিকশিত করে যেতে হয়। শুরুর পর থেকে সেভাবেই সে নিজেকে ভেঙে গড়েছে।”
