ইংল্যান্ডের নির্বাচক হচ্ছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার
ইংল্যান্ড জাতীয় দলের প্রথম বিদেশি নির্বাচক হতে যাচ্ছেন মার্কাস নর্থ।
সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার মার্কাস নর্থকে নতুন জাতীয় নির্বাচক হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, এই সপ্তাহে চূড়ান্ত সাক্ষাৎকারের পর এই পদের জন্য নির্বাচিত হয়েছেন ডারহামের ক্রিকেট পরিচালক নর্থ।
ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ-এ প্রথম প্রকাশিত খবর অনুযায়ী, ডারহামের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন ৪৬ বছর বয়সী নর্থ, যেটি তিনি ২০১৮ সাল থেকে পালন করে আসছিলেন।
ইংল্যান্ড জাতীয় দলের প্রথম বিদেশি নির্বাচক হতে যাচ্ছেন নর্থ। অস্ট্রেলিয়ায় অ্যাশেজ সিরিজে ৪-১ ব্যবধানে হারের পর ব্যক্তিগত কারণে পদত্যাগ করা লুক রাইটের স্থলাভিষিক্ত হবেন তিনি।
বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান নর্থ অফ স্পিন বোলিংও করতেন। ২০০৯ থেকে ২০১০ পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ২১টি টেস্ট, দুটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেন তিনি। যার মধ্যে আছে ২০০৯ ও ২০১০-১১ অ্যাশেজ সিরিজের সাতটি টেস্ট। ক্যারিয়ারের পাঁচ টেস্ট সেঞ্চুরির দুটি তিনি করেন ২০০৯ সালের অ্যাশেজে।
দীর্ঘ সময় ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে নর্থের। ডারহামসহ ছয়টি কাউন্টি দলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন তিনি। ২০১৪ সালে তিনি পেশাদার ক্যারিয়ার শেষ করেন ডার্বিশায়ারের হয়ে।
ইএসপিএনক্রিকইনফো লিখেছে, নির্বাচক পদের জন্য ইংল্যান্ডের সাবেক দুই ফাস্ট বোলার স্টিভেন ফিন ও ড্যারেন গফকে পেছনে ফেলেন নর্থ। প্রশাসনিক ক্ষেত্রে তার অভিজ্ঞতাই মূলত তাকে এগিয়ে রেখেছে। তিনি শুধু ডারহামের পুরুষ দলের ক্রিকেট পরিচালকের দায়িত্বেই নয়, ২০২৫ সালের শুরু থেকে ক্লাবটির নারী দলের দায়িত্বেও আছেন।
আর্থিক কারণে ২০১৬ সালে ডারহামের বাধ্যতামূলক অবনমনের পর দলটির পুনর্গঠনে সাহায্য করার কৃতিত্ব দেওয়া হয় নর্থকে। টেস্ট অধিনায়ক বেন স্টোকসের সঙ্গে তার বেশ ভালো সম্পর্ক রয়েছে। এই সপ্তাহে দুই বছরের মধ্যে প্রথমবার ডারহামের হয়ে মাঠে নামতে যাচ্ছেন স্টোকস।
ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য দল নির্ধারণী সভায় অন্যদের সঙ্গে নর্থেরও উপস্থিত থাকার কথা।
