Published : 09 Jan 2026, 10:54 PM
তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের মন্তব্যকে ঘিরে যখন সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছিলেন অনেক ক্রিকেটার, নাজমুল হোসেন শান্ত তখন ব্যস্ত ছিলেন মাঠে। বিপিএলে তার দল রাজশাহী ওয়ারিয়র্স খেলছিল চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে। ম্যাচ শেষে তিনিও শামিল হলেন সতীর্থদের স্রোতে। বাংলাদেশের টেস্ট অধিনায়কের আক্ষেপ, তাদের অভিভাবক সংস্থার কর্মকর্তা ক্রিকেটারদের আগলে না রেখে অপমান করছেন।
ভারতে বিশ্বকাপ খেলতে না যেতে বিসিবির সিদ্ধান্ত নিয়ে বৃহস্পতিবার সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে কিছু মন্তব্য করেন তামিম। সেই কারণে দেশের সফলতম ওপেনারকে ‘ভারতীয় দালাল’ বলে মন্তব্য করেন বিসিবির পরিচালক ও বোর্ডের অর্থ কমিটির প্রধান এম নাজমুল ইসলাম।
সিলেটে শুক্রবার রাজশাহীর ম্যাচের পর সংবাদ সম্মেলনে শান্ত বললেন, যে কোনো ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্য দুঃখজনক, সেখানে তামিম তো দেশের সর্বকালের সেরাদের একজন।
“খুবই দুঃখজনক (মন্তব্য), কারণ আমরা এমন মন্তব্য করে ফেললাম এমন একজন ক্রিকেটার সম্পর্কে, যিনি সাবেক অধিনায়ক এবং বাংলাদেশের সবচেয়ে সফল ক্রিকেটারদের একজন, যাকে দেখে আমরা বড় হয়েছি। কাজেই খুবই দুঃখজনক।”
“এটা যে কোনো ক্রিকেটার হতে পারে, সাবেক অধিনায়ক বা একজন সাধারণ ক্রিকেটার… সফল হতে পারে, নাও হতে পারে… কিন্তু দিনশেষে একজন ক্রিকেটার কিন্তু সবসময় আশা করে সম্মানটুকু। আমরা সবাই এই জিনিসটাই আশা করি যে, ওই সম্মানের জায়গাটা আছে কিনা। এত বড় ক্রিকেটার এবং বাংলাদেশের হয়ে এত কিছু করেছে, তার তাকে নিয়ে এ ধরনের মন্তব্য করা খুবই দুঃখজনক।”
আমজনতা বা বাইরের মানুষের কথাকে এখানে ধর্তব্যের মধ্যে রাখছেন না শান্ত। তবে বিসিবির একজন পরিচালকের এমন কাজ তাকে পোড়াচ্ছে বেশি।
“সবচেয়ে কষ্ট লাগার বিষয়টা হলো, ক্রিকেট বোর্ড তো আমাদের অভিভাবক, ঘরের মানুষের কাছ থেকে আমরা আশা করি যে, আমাদেরকে আগলে রাখবে, সুরক্ষিত রাখবে। এই জায়গাটা থেকে আমি বলব যে, এটা একদমই গ্রহণ করছি না আমি। আমি নিজেও চাই যে আমার ঘরের মানুষ আমার পাশে থাকবে, সমর্থন জানাবে।”
“আমি বিশদভাবে বলি, যদি বাবা-মায়ের কথা বলি, আমি চাইব যে আমার বাবা-মা আমাকে ঘরের মধ্যে বকাবকি করুক। কখনোই চাইব না যে মানুষের সামনে আমাকে বকবকি করুক, যদি ভুল করি। এই জিনিসটা আমি ক্রিকেটার হিসেবে মানতেই পারছি না এবং একদমই এটার পক্ষে না। কেন, কী কারণে এই ধরনের মন্তব্য এসেছে, আমি জানি না। কিন্তু আমি মনে করি, অভিভাবক হিসেবে এই ধরনের মন্তব্য করাটা যৌক্তিক নয় এবং তা একদমই গ্রহণ করছি না।”
ক্রিকেটারদের সংগঠন কোয়াব শুক্রবার দুপুরেই সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিসিবি সভাপতির কাছে চিঠিতে সংশ্লিষ্ট বোর্ড পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়াসহ তাকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছে তারা। এছাড়াও সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বর্তমান-সাবেক ক্রিকেটারদের অনেকেই।