খেলতে খেলতেই কোচ পিটার সিডল
খেলোয়াড়ি জীবনের ইতি টানার আগেই কোচিংয়ে নাম লেখালেন ৪১ বছর বয়সী পেসার।
বয়স ৪১ পেরিয়ে গেলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে চুটিয়ে খেলছেন পিটার সিডল। বিগ ব্যাশ, পিএসএল, মেজর লিগ ক্রিকেট, গ্লোবাল সুপার লিগ, ব্যস্ততার শেষ নেই তার। সামনের বিগ ব্যাশেও তাকে দেখা যাবে মেলবোর্ন স্টার্সের হয়ে বল হতে ছুটতে। পাশাপাশি অস্ট্রেলিয়ান ক্রিকেটে এই পেসারকে দেখা যাবে নতুন ভূমিকাতেও। নিউ সাউথ ওয়েলসের বোলিং কোচ হিসেবে কাজ করবেন তিনি।
আপাতত আগামী মৌসুমের জন্যই চুক্তিবদ্ধ হয়েছেন সিডল। এছাড়া স্পিন পরামর্শক হিসেবে ইয়োহান বোথাকে নিয়োগ দিয়েছে দলটি।
সামনের মৌসুম দিয়েই নিউ সাউখ ওয়েলসের প্রধান কোচের দায়িত্ব নিচ্ছেন ব্র্যাড হ্যাডিন। সাবেক এই কিপার-ব্যাটারের কোচিং স্টাফে সিডল, বোথা ছাড়াও আছেন পিটার ফরেস্ট ও ড্যানিয়েল স্মিথ।
অস্ট্রেলিয়ার হয়ে ৬৭ টেস্ট, ২০ ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলা সিডলকে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ২০১৯ সালে। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর তার ক্যারিয়ার উচ্চতায় পৌঁছেছে গত কয়েক বছরে। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তার গতি। ঘরোয়া ক্রিকেটে দারুণ সফল হয়েছে সব সংস্করণেই। সেই পারফরম্যান্সই তার জন্য দুয়ার খুলে দিয়েছে বিভিন্ন লিগে। অথচ আন্তর্জাতিক ক্রিকেট খেলার দিনগুলিতেও সেই সুযোগ তিনি পাননি।
প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩১ ম্যাচে ৭৯২ উইকেট নিয়ে পথচলা থামিয়েছেন তিনি গত বছর। এখন শুধু টি-টোয়েন্টিই খেলছেন। সঙ্গে শুরু হচ্ছে কোচিংয়ের অধ্যায়।
এমনিতে তিনি ভিক্টোরিয়ার সন্তান। ২০ বছরের প্রথম শ্রেণির ক্যারিয়ারে বেশির ভাগ সময় খেলেছেন ভিক্টোরিয়ার হয়েই। তিন মৌসুম খেলেছেন তাসমানিয়ায়। কোচিং শুরু করছেন ভিক্টোরিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী নিউ সাউথ ওয়েলসে। শেফিল্ড শিল্ডের সফলতম দলে কাজ শুরু করতে মুখিয়ে আছেন তিনি।
“এই মৌসুমে নিউ সাউথ ওয়েলস ব্লুজ দলে যোগ দিতে পারাটা দারুণ। রোমাঞ্চকর। গুরুত্বপূর্ণ এই গ্রীষ্মের আগে প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে গড়া এই দলকে পরামর্শ দেওয়ার সুযোগটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য তর সইছে না আমার।”
অস্ট্রেলিয়ার বিখ্যাত পেসত্রয়ী মিচেল স্টাক, জশ হেইজেলউ ও প্যাট কামিন্স এই নিউ সাউথ ওয়েলসেরই ক্রিকেটার। তবে আন্তর্জাতিক ব্যস্ততার জন্য শেফিল্ড শিল্ডে তাদের দেখা যায় খুব কমই।
