২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দারুণ বোলিংয়ে অস্ট্রেলিয়াকে আবার হারিয়ে সিরিজে এগিয়ে ভারত

দুই দলের ব্যাটিংয়েই ধস নামে ইনিংসের পরের দিকে।

দারুণ বোলিংয়ে অস্ট্রেলিয়াকে আবার হারিয়ে সিরিজে এগিয়ে ভারত
ভারতের হয়ে ছয় জন বোলিং করে প্রত্যেকেই পান উইকেট। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2025, 06:09 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

ব্যাটিং ধসে সংগ্রহটা বড় হয়নি। তবে দারুণ বোলিংয়ে সেটিকেই যথেষ্ট করে তুললেন ভারতের বোলাররা। অস্ট্রেলিয়াকে টানা দ্বিতীয় ম্যাচে হারিয়ে সিরিজে এগিয়ে গেল সুরিয়াকুমার ইয়াদাভের দল।

চতুর্থ টি-টোয়েন্টিতে ভারতের জয় ৪৮ রানে। পাঁচ ম্যাচের সিরিজে তারা এগিয়ে ২-১ ব্যবধানে। 

ক‍্যার‍ারা ওভালে বৃহস্পতিবার ১৬৭ রানের পুঁজি গড়ে অস্ট্রেলিয়াকে ১১৯ রানে গুটিয়ে দিয়েছে ভারত।

এই সংস্করণে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বনিম্ন স্কোর এটি। ২০২২ সালে সিডনিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে ১১১ সর্বনিম্ন।

অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে এই ম্যাচের চেয়ে কম পুঁজি নিয়ে কোনো দলের জয়ের নজির আছে একটি এবং সেটিও ভারতের। ২০২০ সালে ক্যানবেরায় ১৬১ রানের সংগ্রহ গড়ে ১১ রানে জিতেছিল ভিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত।

দুই দলের ব্যাটিংয়েই ধস নামে ইনিংসের পরের দিকে। ভারতের যেমন ১৪ ওভারে রান ছিল ২ উইকেটে ১২১। শেষ ছয় ওভারে ৬ উইকেট হারিয়ে তারা করতে পারে কেবল ৪৬। 

রান তাড়ায় ১৩ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৪ উইকেটে ৯৮। সেখান থেকে আর ২১ রান যোগ করে অলআউট হয়ে যায় তারা ১০ বল বাকি থাকতেই।

ভারতের হয়ে ছয় জন বোলিং করে প্রত্যেকেই পান অন্তত একটি উইকেট। ১.২ ওভারে ৩ রানে ৩ উইকেট নিয়ে দলের সফলতম বোলার অফ স্পিনিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দার।

ম্যাচ-সেরা অবশ্য তিনি নন। ব্যাটিংয়ে ১১ বলে অপরাজিত ২১ রানের ক্যামিওর পর চার ওভারে ২০ রানে ২ উইকেট নিয়ে পুরস্কারটি পান বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার আকসার প্যাটেল।

ব্যাটিংয়ে ভারতের শুবমান গিলের ৩৯ বলে ৪৬ গোটা ম্যাচেই কারো সর্বোচ্চ ইনিংস। 

উইকেটে বাউন্স ছিল অসমান, শট খেলা সহজ ছিল না ব্যাটসম্যানদের জন্য। আগের ম্যাচ থেকে একাদশে চারটি পরিবর্তন আনা অস্ট্রেলিয়ার রান তাড়ার শুরুটা অবশ্য খারাপ ছিল না। প্রথম চার ওভারে তারা করে বিনা উইকেটে ৩৫ রান।

সবচেয়ে আগ্রাসী ছিলেন যিনি, সেই ম্যাথু শর্টকে (১৯ বলে ২৫) পঞ্চম ওভারে প্রথম আক্রমণে এসে এলবিডব্লিউ করেন আকসার, ভাঙে ৩৭ রানের উদ্বোধনী জুটি। নবম ওভারে তিনি দ্বিতীয় শিকার ধরেন জশ ইংলিসকে (১১ বলে ১২) বোল্ড করে। 

২১ রানে জীবন পেয়েও ইনিংস বেশিদূর টেনে নিতে পারেননি অধিনায়ক মিচেল মার্শ (২৪ বলে ৩০)। প্রথমবার বোলিং পেয়ে মার্শকে ফেরানো শিভাম দুবে পরের ওভারে বিদায় করেন টিম ডেভিডকে। বিশাল এক ছক্কা মারার বলেই ক্যাচ দিয়ে বিদায় নেন বিস্ফোরক এই ব্যাটসম্যান (৯ বলে ১৪)।

তারপরও অস্ট্রেলিয়ার জন্য লক্ষ্যটা নাগালের বাইরে ছিল না। ৬ উইকেট হাতে নিয়ে শেষ আট ওভারে প্রয়োজন ছিল ৭৩ রান। কিন্তু নিয়মিত উইকেট হারানোয় ধারেকাছেও যেতে পারেনি স্বাগতিকরা। 

সিরিজে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে ১০ রানে ফেরেন জশ ফিলিপ। চোট কাটিয়ে ফেরা গ্লেন ম্যাক্সওয়েল টিকতে পারেন কেবল চার বল। রহস্য স্পিনার ভারুন চক্রবর্তির গুগলি বুঝতে না পেরে বোল্ড হন তিনি। বাকিরাও যোগ দেন আসা-যাওয়ার মিছিলে।

শেষের মতো ম্যাচের শুরুটাও নড়বড়ে ছিল অস্ট্রেলিয়ার। ম্যাচের দ্বিতীয় বলে আভিশেক শার্মার ক্যাচ ফেলেন জেভিয়ার বার্টলেট। 

পাওয়ার প্লেতে ভারত করে বিনা উইকেটে ৪৯ রান। পরের ওভারে লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পাকে একটি ছক্কার পর ক্যাচ দিয়ে ফেরেন আভিশেক (২১ বলে ২৮)।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে চতুর্থবার তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করলেও বেশিদূর যেতে পারেননি দুবে (১৮ বলে ২২)।

চারে নেমে ত্রয়োদশ ওভারে জ্যাম্পাকে টানা দুটি ছক্কা মারেন সুরিয়াকুমার। পরের ওভারে মার্কাস স্টয়নিসকে ছক্কায় ওড়ান গিল। এই দুই ওভার মিলিয়ে আসে মোট ৩১ রান।

ভারতের দৃষ্টি তখন ১৮০-১৯০ রানে। কিন্তু ১৫ থেকে ১৭, এই তিন ওভারে মাত্র ১৬ রান তুলতে ৪ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। 

পরপর দুই ওভারের প্রথম বলে আউট হয়ে যান গিল ও সুরিয়াকুমার (১০ বলে ২০)। জ্যাম্পার একই ওভারে ফেরেন তিলাক ভার্মা ও জিতেশ শার্মা।

ওয়াশিংটনের ৭ বলে ১২ এবং শেষ ওভারে আকসারের চার ও ছক্কায় ১৬৭ পর্যন্ত যেতে পারে ভারত। এই মাঝারি পুঁজিই শেষ পর্যন্ত তাদের এনে দিল বড় জয়। 

আগামী শনিবার সিরিজের শেষ ম্যাচ ব্রিজবেনে।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২০ ওভারে ১৬৭/৮ (আভিশেক ২৮, গিল ৪৬, দুবে ২২, সুরিয়াকুমার ২০, তিলাক ৫, জিতেশ ৩, ওয়াশিংটন ১২, আকসার ২১*, আর্শদিপ ০, ভারুন ১*; ডোয়ার্শিস ৪-০-৩১-০, বার্টলেট ৪-০-২৬-১, এলিস ৪-০-২১-৩, স্টয়নিস ৪-০-৪১-১, জ্যাম্পা ৪-০-৪৫-৩)

অস্ট্রেলিয়া: ১৮.২ ওভারে ১১৯ (মার্শ ৩০, শর্ট ২৫, ইংলিস ১২, ডেভিড ১৪, ফিলিপ ১০, স্টয়নিস ১৭, ম্যাক্সওয়েল ২, ডোয়ার্শিস ৫, বার্টলেট ০, এলিস ২*, জ্যাম্পা ০; আর্শদিপ ৩-০-২২-১, বুমরাহ ৪-০-২৭-১, ভারুন ৪-০-২৬-১, আকসার ৪-০-২০-০, দুবে ২-০-২০-৩, ওয়াশিংটন ১.২-০-৩-৩)

ফল: ভারত ৪৮ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: আকসার প্যাটেল

সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ভারত