Published : 23 Jul 2026, 02:43 PM
অবিশ্বাস্য, অসাধারণ, অভাবনীয়, এই ধরনের আরও অনেক বিশেষণ এখন পুরনো হয়ে গেছে বৈভাব সুরিয়াভানশির জন্য। তবে এবার এসবের পাশাপাশি এবার সাহসী এক মন্তব্যও করলেন হারভাজান সিং। ভারতের অফ স্পিনিং গ্রেট বললেন, এত প্রতিভাবান কাউকে তিনি আগে কখনও দেখেননি এবং সুরিয়াভানশির মতো এমন কিছু আগে কেউ কখনও করেননি।
হারভাজান নিজেও ছিলেন তার যুগের দারুণ প্রতিভাবান তরুণ ক্রিকেটার। বয়স ১৮ হওয়ার আগেই পা রেখেছিলেন টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে। সময়ের সঙ্গে নিজেকে বিকশিত করে হয়ে উঠেছেন দেশের ইতিহাসের সফল বোলারদের একজন।
জিওস্টারে আলোচনায় হারভাজান তুলনা করছিলেন সেই যুগের তরুণদের সঙ্গে এই সময়ের তরুণদের। সেখানেই তিনি তুলে ধরলেন সুরিয়াভানশির প্রসঙ্গ।
“এখনকার তরুণ প্রজন্ম এবং তখনকার তরুণ প্রজন্মের মধ্যে পার্থক্য হলো এই সময়ের সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমের প্রসার। তখনও অনেক ঘটনা ঘটত, কিন্তু এখন সেগুলো অনেক বেশি প্রচার পায়।
বৈভাব সুরিয়াভানশি আজ যা করছে, এমন কিছু আগে কেউ কখনও করেনি। সে অবিশ্বাস্য, অসাধারণ এক প্রতিভা। আমার মনে হয় না আমি এর আগে এমন প্রতিভা দেখেছি বা এমন কারও মুখোমুখি হয়েছি।”
তখনকার সময়ের সঙ্গে এই সময়ের আরেকটি বড় পার্থক্যও বললেন তিনি।
“আমার মনে হয় সবচেয়ে বড় পরিবর্তন হলো, লোকে এখন ভয়ডরহীন মানসিকতার ক্রিকেটারদের দ্রুত মেনে নিচ্ছে এবং তাদেরকে নিজেদের মতো করে খেলার স্বাধীনতাকে গ্রহণ করছে।
রাহুল দ্রাবিড় সেই দলের কোচ ছিলেন এবং তিনি সুরিয়াভানশিকে জিজ্ঞেস করেছিলেন, ‘প্রথম বলে তুমি কি করবে?’ সে বলেছিল, ‘প্রথম বলটা যদি আমার নাগালের মধ্যে আসে, আমি সজোরে মারব।’ সে সত্যিই তা করেছিল। আইপিএল ক্যারিয়ারের একেবারে প্রথম বলেই সে ছক্কা মেরেছিল শার্দুল ঠাকুরকে।”
তুমুল আলোচনার পর ভারতের হয়ে অভিষেক সিরিজে অবশ্য প্রত্যাশা পূরণ করতে পারেননি সুরিয়াভানশি। ভারতের ইতিহাসের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে তিন টি-টোয়েন্টিতে রান করেছেন মোট ৪২।
নিজেকে মেলে ধরার সুযোগ আবার পাচ্ছেন তিনি। এবার প্রতিপক্ষ তূলনামূলকভাবে সহজ। জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে বৃহস্পতিবার। সিরিজ শুরুর আগে অধিনায়ক শ্রেয়াস আইয়ার বললেন, নিজের ভুলগুলো নিয়ে সুরিয়াভানশি কাজ করেছেন।
“আমার মনে হয়, তরুণরা সবাই অবশ্যই অনুশীলন করেছে। ইংল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজের পর বেশ খানিকটা বিরতি ছিল। তাই সে (সুরিয়াভানশি) নিশ্চয়ই তার ভুলগুলো শুধরে নিয়েছে। ব্যক্তিগতভাবে, তাকে খুব বেশি পরামর্শ দিতে হবে না আমার।”