লিটনের বারুদে সিরিজের আবহে বাড়তি উত্তেজনা
লিটন দাসের মন্তব্যের পর বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের নিরুত্তাপ আবহে হঠাৎই ছড়িয়েছে উত্তেজনা।
টেস্ট সিরিজে তবু মুশফিকুর রহিমের শততম টেস্ট ঘিরে উৎসবের আবহ ছিল। টি-টোয়েন্টি সিরিজে তেমন কোনো উপকরণই ছিল না। হঠাৎ সেখানে উত্তেজনার রসদ ছড়ালেন লিটন কুমার দাস। তার ক্ষোভের আগুন ও বিস্ফোরক নানা মন্তব্য বদলে দিল সিরিজের আবহ সঙ্গীত। বিশ্বকাপের আগে বাংলাদেশের শেষ সিরিজে যোগ হলো নতুন মাত্রা।
আয়ারল্যান্ডের অবশ্য এখানে কোনো ভূমিকা নেই। উপমহাদেশে বিশ্বকাপের আড়াই মাস আগে এখানে সিরিজ খেলতে পারা তাদের জন্য বড় সুযোগ। বাংলাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে একইরকম কন্ডিশনে বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে চান তারা।
দুই দলের দুই রকম আবহে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু হচ্ছে বৃহস্পতিবার। চট্টগ্রামে খেলা শুরু সন্ধ্যা ৬টায়।
বাংলাদেশের জন্যও সিরিজটি মূলত বিশ্বকাপ প্রস্তুতিরই অংশ। আগামী ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের আন্তর্জাতিক সিরিজ এটি। সামনে যদিও বিপিএল আছে, টি-টোয়েন্টির কসরত ব্যক্তিগতভাবে সবাই সেখানে সেরে নিতে পারবেন। তবে দল হিসেবে প্রস্তুতি নেওয়া, নিজেদের ভূমিকা ঝালাই করা, টুকটাক নানা কিছু শাণিয়ে নেওয়া বা পরখ করার শেষ সুযোগ এই সিরিজই।
সেই বাস্তবতা বদলায়নি এখনও। তবে লিটনের মন্তব্যে ছড়িয়েছে তুমুল বিতর্কের ঝাঁজ। শামীম হোসেনের বাদ পড়া নিয়ে নির্বাচকদের দিকে তার তোপ, বোর্ডের দিকেও আঙুল তোলা, প্রধান নির্বাচকের জবাব, সব পক্ষের মধ্যে যোগাযোগের ঘাটতি আর সম্পর্কের টানাপোড়েন, সব মিলিয়ে সিরিজ শুরুর আগের দিন দেশের ক্রিকেট ছিল উত্তাল।
এমনিতে মাঠের ক্রিকেটে বাংলাদেশ নামবে পরিষ্কার ফেভারিট হয়েই। র্যাঙ্কিংয়ে যদিও দুই দলের ব্যবধান খুব একটা নেই। বাংলাদেশ আছে ৯ নম্বরে, আয়ারল্যান্ড ১১। তবে নিজেদের কন্ডিশন, শক্তি-সামর্থ্যে এগিয়ে থাকা, এই বছরে উন্নতির গ্রাফ, সব মিলিয়েই বাংলাদেশ এগিয়ে।
কিন্তু সিরিজ শুরুর আগে এই বিতর্কের ঝড়ে দল টালমাটাল হয় কি না, মনেযোগ নড়ে যায় কি না, সেই শঙ্কা কিছুটা থাকছেই। অধিনায়ক লিটনের জন্যও বড় চ্যালেঞ্জ এখন আবেগের ঝাপটা আর বিতর্কের হাওয়া সামলে দলকে ঠিকঠাক নেতৃত্ব ও ব্যাট হাতে নিজের কাজটুকু করা।
সিরিজ শুরুর আগে অবশ্য লিটনের আত্মবিশ্বাসের কমতি নেই। শামীম-বিতর্কের সংবাদ সম্মেলনে দলের লক্ষ্য নিয়ে একটু করে বলতে পারলেন তিনি।
“আমাদের যে দল আছে, আমাদের যে সামর্থ্য, আমরা যদি আমাদের দিনে শতভাগ দিয়ে ক্রিকেট খেলতে পারি, অবশ্যই দাপুটে জয় পাওয়া সম্ভব। পাশাপাশি আমাদেরকে ক্রিকেটে প্রত্যেকটা দলকে সম্মান করতে হবে। যেদিন যে ভালো ক্রিকেট খেলবে, তাদেরই পক্ষে খেলা যাবে। আমরা চেষ্টা করব আমাদের সেরা ক্রিকেট খেলার।”
মাঠের ক্রিকেটের কথা বললে, আগ্রহ থাকবে বাংলাদেশের ব্যাটিং অর্ডার নিয়ে। তানজিদ হাসানের সঙ্গে ইনিংস শুরু করবেন কে, সাইফ হাসানকে ওপেনিংয়ে খেলা হবে নাকি তিন কিংবা চারে, সেদিক কৌতূহল থাকবে। আরও বেশি আগ্রহ থাকবে মাহিদুল ইসলাম অঙ্কনের অভিষেক হয় কি না। জাকের আলি যদি একাদশে জায়গা পান, দেখার থাকবে তিনি ফর্মে ফিরতে পারেন কি না।
শুধু এই ম্যাচে নয়, গোটা সিরিজেই মিডল অর্ডারের কাঠামো ও পারফরম্যান্সে নজর থাকবে টিম ম্যানেজমেন্টের।
বোলিংয়ে তেমন কিছু দেখার নেই, নতুন কাউকে পরখ করার নেই। বরাবরের মতোই হয়তো ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হবে। এখানে পারফরম্যান্সের ধারাবাহিকতা রক্ষা করার ব্যাপার।
দুই দলের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ জিতেছিল বটে। তবে শেষ ম্যাচটিতে এই চট্টগ্রামেই জিতেছিল আয়ারল্যান্ড। সেই জয়ের নায়ক অধিনায়ক পল স্টার্লিংসহ অনেকেই আছেন এবারও।
টেস্ট সিরিজে খুব একটা পাত্তা পায়নি আইরিশরা। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে তারা বিশ্বের যে কোনো জায়গায় বিপজ্জনক দল। এই সংস্করণে তারা অনেক ম্যাচ খেলে থাকে, এই সংস্করণের ভাষা বোঝে। অভিজ্ঞতাও আছে বেশ।
সিরিজ শুরুর আগে আইরিশ ব্যাটসম্যান হ্যারি টেক্টরের কণ্ঠেও সেই বিশ্বাসের প্রতিধ্বনি।
“এটা এমন একটি সংস্করণ, যেখানে আমরা বেশি স্বচ্ছন্দ। এই সংস্করণে অনেক বেশি খেলি আমরা। সাম্প্রতিক অতীতে দারুণ কিছু ম্যাচ ও সিরিজ জয়ের স্মৃতি আছে আমাদের। সেই বিশ্বাস সঙ্গী করেই আমরা এগিয়ে যেতে চাই।”
চট্টগ্রামে শীত এখনও জাঁকিয়ে বসেনি। তবে সন্ধ্যা থেকে রাত যত বাড়বে, শিশিরের মাত্রাও তত বাড়বে নিশ্চিতভাবেই। টস তাই গুরুত্বপূর্ণ হবে, কোনো দলই চাইবে না পরের ভাগে বোলিং করতে। উইকেট যে এখানে ব্যাটিং সহায়ক হবে, সেটি নিয়েও কোনো সংশয় নেই। রান উৎসব না হলেও রানের হাতছানি থাকবে।
বিশ্বকাপে তাকিয়ে হাতছানি থাকবে আরও অনেক কিছুরই। জয়ের সঙ্গে সেই চাওয়াগুলোও পূরণ করতে চাইবে দুই দল।
