ব্রুকের বিধ্বংসী ১১১ ও রুটের সেঞ্চুরির পর শেষের রোমাঞ্চের অপেক্ষা
তৃতীয় সেশনে দ্রুত দুটি উইকেট নিয়ে ম্যাচ জমিয়ে তুলেছে ভারত, বৃষ্টির কারণে খেলা গড়িয়েছে শেষ দিনে।
প্রাসিধ কৃষ্ণার শর্ট ডেলিভারি উড়িয়ে মারলেন হ্যারি ব্রুক। সীমানায় বল মুঠোয় জমিয়েও বাউন্ডারি লাইনে পা ঠেকিয়ে ফেললেন ফিল্ডার মোহাম্মদ সিরাজ। ১৯ রানে জীবন পাওয়া ব্যাটসম্যান উপহার দিলেন বিধ্বংসী সেঞ্চুরি। দায়িত্বশীল ব্যাটিংয়ে টানা তৃতীয় শতকের দেখা পেলেন জো রুট। ইংল্যান্ডের জয়টা যখন মনে হচ্ছিল কেবল সময়ের ব্যাপার, দ্রুত দুটি উইকেট নিয়ে ম্যাচ জমিয়ে তুলল ভারত।
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির ফয়সালা হয়ে যেতে পারত ওভাল টেস্টের চতুর্থ দিনেই। কিন্তু আলোকস্বল্পতা আর বৃষ্টির বাগড়ায় পঞ্চম টেস্ট ও সিরিজ পৌঁছে গেল শেষ দিন।
জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন এখনও ৩৫ রান। ম্যাচের প্রথম দিন কাঁধে চোট পেয়ে ছিটকে যাওয়া ক্রিস ওকস ব্যাটিংয়ে নামতে না পারলে ভারতের দরকার কার্যত ৩ উইকেট।
৩৭৪ রানের লক্ষ্য তাড়ায় ইংল্যান্ডের রান এখন ৬ উইকেটে ৩৩৯। শেষ দিনের ব্যাটিং শুরু করবেন দুই জেমি, স্মিথ ও ওভারটন।
সিরিজে দ্বিতীয়বার সাড়ে তিনশ রান তাড়ায় ইংল্যান্ডকে জয়ের কাছাকাছি নিয়ে যাওয়ার কারিগর ব্রুক ও রুট। চতুর্থ উইকেটে ১৯৫ রানের দারুণ জুটি গড়েন দুজন। টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরিতে ১৪ চার ও ২ ছক্কায় ৯৮ বলে ১১১ রান করেন ব্রুক।
১৫২ বলে ১২ চারে ১০৫ রান করেন রুট। ৩৯ নম্বর শতক করে টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় কুমার সাঙ্গাকারাকে ছাড়িয়ে এখন এককভাবে চার নম্বরে আছেন ইংল্যান্ডের সফলতম ব্যাটসম্যান।
পেসাররা কিছুটা সহায়তা পেলেও চতুর্থ দিনে ব্যাটিংয়ের জন্য কঠিন ছিল না উইকেট। ১ উইকেটে ৫০ রান নিয়ে রোববারের খেলা শুরু করে ইংল্যান্ড। আগের দিন ৩৪ রানে অপরাজিত বেন ডাকেট ফিফটি করার পরপরই ফিরে যান প্রাসিধের বলে স্লিপে ক্যাচ দিয়ে (৮৩ বলে ৫৪)। ভারপ্রাপ্ত অধিনায়ক অলিভার পোপ শুরুটা ভালো করলেও টিকতে পারেননি বেশিক্ষণ (৩৪ বলে ২৭)।
জয়ের জন্য তখনও ইংল্যান্ডের প্রয়োজন ২৬৮ রান।
আকাশ দিপকে পরপর চার ও ছক্কা মেরে যখন পাল্টা আক্রমণ শুরু করেন ব্রুক, পরের ওভারেই তাকে ফেরানোর ওই সুযোগ আসে। কিন্তু লং লেগে সিরাজের ব্যর্থতায় আরেকটি উইকেট পাওয়া হয়নি ভারতের।
জীবন পেয়ে আরও চড়াও হন ব্রুক। ওই ওভারেই মারেন দুটি বাউন্ডারি। পঞ্চাশে পা রাখেন তিনি স্রেফ ৩৯ বলে। রুট ফিফটি পূর্ণ করেন ৮১ বলে।
চা-বিরতির কয়েক ওভার আগে আসে ব্রুকের সেঞ্চুরির কাঙ্ক্ষিত মুহূর্ত। ৯৮ থেকে স্পিনার ওয়াশিংটন সুন্দারের বলে দুই রান নিয়ে তিন অঙ্ক স্পর্শ করেন তিনি ৯১ বলে। টেস্টের চতুর্থ ইনিংসে এটি তার প্রথম সেঞ্চুরি।
ভারতের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি এটি। এখানে ব্রুকের ওপরে আছেন জেমি স্মিথ (৮০ বল) ও ডাকেট (৮৮ বল)।
এক ওভার পর আকাশ দিপকে পরপর দুটি বাউন্ডারির পর ক্যাচ দিয়ে শেষ হয় ব্রুকের দুর্দান্ত ইনিংস।
৯৮ রান নিয়ে চা-বিরতিতে যাওয়া রুট ফিরে এসে সেঞ্চুরি পূর্ণ করেন ১৩৭ বলে। মাইলফলক ছোঁয়ার পর আকাশ পানে তাকিয়ে ইংল্যান্ড ও সারের প্রয়াত ব্যাটসম্যান গ্রাহাম থর্পকে স্মরণ করেন তিনি।
জ্যাকব বেথেলকে সঙ্গে নিয়ে দলকে যখন অনায়াস জয়ের পথে এগিয়ে নিচ্ছিলেন রুট, তখনই ১৫ বলের মধ্যে এই দুজনের বিদায়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড। বেথেলকে বোল্ড করার পর নিজের পরের ওভারে রুটকে কিপারের ক্যাচ বানিয়ে ফেরান প্রাসিধ।
তখনও জয় থেকে ৩৭ রান দূরে ইংল্যান্ড।
খানিক পরই প্রথমে আলোকস্বল্পতায় বন্ধ হয়ে যায় খেলা। একটু পরই নামে বৃষ্টি। আর খেলা শুরু করা যায়নি।
আর ৩.৪ ওভার পরই দ্বিতীয় নতুন বল নিতে পারবে ভারত। ৩-১ ব্যবধানে সিরিজ জিততে ইংল্যান্ডের অপেক্ষায় কঠিন চ্যালেঞ্জ।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ২২৪
ইংল্যান্ড ১ম ইনিংস: ২৪৭
ভারত ২য় ইনিংস: ৩৯৬
ইংল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ৩৭৪) ৭৬.২ ওভারে ৩৩৯/৬ (ডাকেট ৫৪, পোপ ২৭, রুট ১০৫, ব্রুক ১১১, বেথেল ৫, স্মিথ ২*, ওভারটন ০*; আকাশ ২০-৪-৮৫-৩, প্রাসিধ ২২.২-৩-১০৯-৩, সিরাজ ২৬-৫-৯৫-২, ওয়াশিংটন ৪-০-১৯-০, জাদেজা ৪-০-২২-০)
