২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় দলের বাইরে থাকায় ‘আফসোস নেই’ মিঠুনের

যেখানে আছেন, সেখানেই ভালো খেলতে এবং ভালো থাকার চেষ্টা করেন জাতীয় দলে জায়গা হারানো ব্যাটসম্যান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2022, 07:20 PM

Updated : 08 Oct 2022, 09:13 PM

গত অগাস্টে ওয়েস্ট ইন্ডিজ সফর। এরপর এবার ভারত সফর। দুটিতেই অধিনায়ক মোহাম্মদ মিঠুন। তবে জাতীয় দলের নয়। আগেরটি বাংলাদেশ ‘এ’ দলের, এখন বিসিবি একাদশের। একসময় জাতীয় দলে মোটামুটি নিয়মিত ছিলেন। এখন এটিই মিঠুনের বাস্তবতা। তবে জায়গা হারানো নিয়ে আক্ষেপে ডুবে নেই এই ব্যাটসম্যান। যেখানে আছেন, সেখানেই খুশি তিনি। 

আপাতত তিনি আছেন বিসিবি একাদশে। চেন্নাই সফরে নেতৃত্ব দেবেন এই দলকে। আগামী বুধবার শুরু হওয়ার কথা দুটি চার দিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচের এই সিরিজ। 

১০ টেস্ট, ৩৪ ওয়ানডে ও ১৭ টি-টোয়েন্টিতে আপাতত থমকে আছে মিঠুনের আন্তর্জাতিক ক্যারিয়ার। সুযোগ যথেষ্টই পেয়েছেন বলতে হবে। টুকটাক পারফর্মও করেছেন। কিন্তু জায়গা পাকা করা কিংবা নির্ভরতার জায়গায় পৌঁছতে পারেননি তিনি। খেসারত দিতে হয়েছে জায়গা হারিয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে তাকে সবশেষ দেখা গেছে গত বছরের জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে। 

এরপর থেকে ঘরোয়া ক্রিকেট খেলছেন। বাংলাদেশ ‘এ’ দল বা বিসিবি একাদশে সুযোগ পাচ্ছেন, নেতৃত্ব দিচ্ছেন মানে নির্বাচকদের ভাবনায়ও তিনি আছেন ভালোমতোই। 

দলে ফেরার চেষ্টা তার আছেও। তবে ভারত সফরের আগে শনিবার সংবাদ সম্মেলনে জানালেন, বাদ পড়া নিয়ে আক্ষেপ করা তার দর্শনে নেই। 

“আসলে আমি একটু আফসোস কম করি। যেখানে আছি, সেখানে খুশি থাকার চেষ্টা করি। যেখানে নাই, ওটা নিয়ে আফসোস করার কিছু নাই। এখন যেখানে আছি, সেটা সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করছি। এখানেই মনোযোগ দিচ্ছি।” 

“(‘এ’ দলের) সবশেষ সফরেও আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি অবশ্যই সম্মানিত। আমি আমার দিক থেকে শতভাগ দিতে চাই। সবকিছুর উদ্দেশ্য কিন্তু একটাই, পারফরম্যান্স কেমন হবে। যখন অধিনায়ক, সঙ্গে পারফরম্যান্সও আসে, তখন তা দলের জন্য ভালো, আমার জন্যও। সেদিকে আমার চেষ্টা থাকবে।” 

‘এ’ দল বা বিসিবি একাদশের এই সিরিজগুলোয় ভালো পারফর্ম করা মানে জাতীয় দলের দুয়ারে আবার কড়া নাড়া। তবে মিঠুনের দাবি, জাতীয় দলে ফেরার ভাবনা নিয়ে তিনি মাঠে নামেন না। 

“আসলে ওইভাবে আমি টার্গেট করি না। যখন যেটা সামনে আসে, সেখানে ভালো করার চেষ্টা করি। পারফরম্যান্স ওঠানামা করবে, ক্রিকেটারদের ক্যারিয়ারটাই এরকম। কিন্তু ওইভাবে আগে থেকে কিছু চিন্তা করে যাই না। এতটুকু বলতে পারি, ওখানে আমার সর্বোচ্চটাই দেব।”