Published : 07 Dec 2025, 07:28 PM
টিম সাউদির ওভারের শেষ বলে সিঙ্গল নিলেন টম ব্যান্টন। রান পূর্ণ করার পর ডাগআউটের দিকে হাঁটা দিলেন অন্য প্রান্তের ব্যাটসম্যান সাকিব আল হাসান। শুরুতে একটু সংশয় ছড়াল। আউট নয়, সাকিব কি তাহলে চোটে পড়েছেন? একটু পরে ধারাভাষ্যে মাইক হেইজম্যান নিশ্চিত করলেন, তুলে নেওয়া হয়েছে সাকিবকে। যেটির মানে তিনি রিটায়ার্ড আউট।
সুদীর্ঘ ক্যারিয়ারে কত ধরনের অভিজ্ঞতাই তো হয়েছে সাকিবের। এবার রিটায়ার্ড আউটের স্বাদ পেলেন প্রথমবার। সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচে এমআই এমিরেটসের হয়ে ১২ বলে ১৬ রান করার পর তুলে নেওয়া হয় ৩৮ বছর বয়সী অলরাউন্ডারকে।
মূলত এটি ট্যাকটিক্যাল সিদ্ধান্ত। শারজাহ ওয়ারিয়র্জের বিপক্ষে ম্যাচে ততক্ষনে ১৬ ওভার খেলে ফেলেছে এমআই এমিরেটস। রান তখন ৬ উইকেটে ১২৯। শেষ দিকে ঝড় তোলার জন্য নামেন অধিনায়ক কাইরন পোলার্ড।
সাকিব এ দিন ক্রিজে যান পাঁচ নম্বরে। সিকান্দার রাজা ও আদিল রাশিদকে দুটি বাউন্ডারিও মারেন তিনি। তবে সময়ের দাবি ছিল আরও আগ্রাসী ব্যাটিং। সেই দাবি পূরণেই নামানো হয় পোলার্ডকে। আগের ম্যাচে ৩৩ বলে ৫০ রান করা ব্যাটসম্যান এবার প্রথম বলে বাউন্ডারি মারলেও আউট হয়ে যান পরের বলেই।
পরে অবশ্য রোমারিও শেফার্ড চার ছক্কায় ১০ বলে করেন ৩১ রান, তাজিন্দার সিং ৮ বলে ১৭। শেষ চার ওভারে এমআই এমিরেটস তোলে ৫৬ রান।
ট্যাকটিক্যাল সিদ্ধান্ত হিসেবে ‘রিটায়ার্ট আউট’ এখন আর বিরল কিছু নয়। গত কয়েক বছরে এটি নিয়মিত চিত্র হয়ে উঠেছে।
সাকিবকে দিয়ে রিটায়ার্ড আউটের নজির হলো ৬১টি। ২০২২ সালের আগ পর্যন্ত ছিল মাত্র ৩টি। এখন তা হরহামেশাই হচ্ছে। এ বছর হলো ২৬টি।
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এই অভিজ্ঞতা হয়েছিল কেবল সানজামুল ইসলামের। সেটিও ছিল বিচিত্র এক ঘটনা। সানজামুল আসলে কোনো বলই খেলেননি!
২০১৯ বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মিরপুরে জয়ের জন্য কুমিল্লা ওয়ারিয়র্সের প্রয়োজন পড়ে শেষ বলে তিন রান। পঞ্চম বলে উইকেটের পতনের পর শেষ বলে প্রথমে কুমিল্লা নামায় সানজামুলকে। পরে সিদ্ধান্ত বদলে তাকে তুলে নিয়ে নামানো হয় মুজিব-উর-রাহমানকে। সানজামুলকে রিটায়ার্ড আউট দেন আম্পায়ার। সিদ্ধান্ত অবশ্য কাজে লেগে যায়। শেষ বলে লিয়াম প্লাঙ্কেটকে চার মেরে দলকে জিতিয়ে দেন মুজিব।
ব্যাটিংয়ে ওই অভিজ্ঞতার পর বল হাতে ২ ওভারে ২৭ রান দিয়ে উইকেটশূন্য থাকেন সাকিব।