২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

চেন্নাইয়ের নতুন প্রধান কোচ জাহির খান

প্রথমবার কোনো দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন ভারতের এই পেস বোলিং গ্রেট।

চেন্নাইয়ের নতুন প্রধান কোচ জাহির খান

লখনৌ সুপার জায়ান্টসে মেন্টর হিসেবে কাজ করেছেন জাহির খান। ছবি: লখনৌ সুপার জায়ান্টস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Sep 2026, 09:33 PM

Updated : 21 Sep 2026, 09:33 PM

স্টিভেন ফ্লেমিং দায়িত্ব ছাড়ার দুই মাস পর নতুন প্রধান কোচ খুঁজে নিয়েছে চেন্নাই সুপার কিংস। ২০২৭ সালের আইপিএলের জন্য ভারতের পেস বোলিং গ্রেট জাহির খানকে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

এই প্রথম কোনো দলের প্রধান কোচ হলেন ৪৭ বছর বয়সী জাহির। তাকে নিয়োগ দেওয়ার কথা সোমবার ঘোষণা করে চেন্নাই।

গত জুলাইয়ে চেন্নাইয়ের সঙ্গে ১৬ বছরের সম্পর্কের ইতি টানেন ফ্লেমিং। তার কোচিংয়ে পাঁচটি আইপিএল শিরোপা জিতেছে চেন্নাই। প্রতিযোগিতার ইতিহাসে তাদের চেয়ে বেশিবার ট্রফি জিততে পারেনি কোনো দল। সমান পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

নিউ জিল্যান্ডের সাবেক অধিনায়ক ফ্লেমিং এখন ইংল্যান্ড টেস্ট দলের প্রধান কোচ।

২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী ভারত দলের সদস্য জাহিরের প্রতিযোগিতামূলক ক্রিকেট ক্যারিয়ার ছিল ১৪ বছরের। এরপর কোচিং পেশায় যোগ দেন তিনি। সবশেষ কাজ করেন লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে। ২০২৫ সালে দলটির সঙ্গে তার সম্পর্কের ইতি ঘটে।

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গেও ছিলেন জাহির। প্রথমে ক্রিকেট অপারেশন্সের পরিচালক এবং পরে গ্লোবাল হেড অব ডেভেলপমেন্টের দায়িত্ব পালন করেন তিনি। এ সময়ে দলটির মালিকেরা বিশ্বজুড়ে বিভিন্ন টি-টোয়েন্টি দলের মালিকানায় যুক্ত হন।

চেন্নাইয়ের সোমবার দেওয়া বিবৃতিতে জাহির বলেন, সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে কাজ করতে তর সইছে না তার।

“আইপিএল ইতিহাসের সবচেয়ে সফল দলের একটির অংশ হতে পারা সম্মানের। ক্রিকেটার হিসেবে মাঠে চেন্নাইয়ের মুখোমুখি হয়েছি এবং ওই লড়াইগুলো দারুণ উপভোগ করেছি। চিপকে ‘সুপারফ্যানদের’ তৈরি করা পরিবেশ পুরো ব্যাপারটিকে আরও বিশেষ করে তোলে। এত সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হতে আর তর সইছে না।”

মুম্বাই ইন্ডিয়ান্সে প্রধান কোচ মাহেলা জায়াওয়ার্ধেনের সঙ্গে কাজ করে টানা দুই মৌসুমে (২০১৯ ও ২০২০) আইপিএল শিরোপা জয়ের স্বাদ পান জাহির। আর খেলোয়াড় হিসেবে এই টুর্নামেন্টে ১০০ ম্যাচ খেলে তার উইকেট ১০২টি। ফাইনালে খেলেন দুইবার- ২০১০ ও ২০১১ সালে। দুইবারই অবশ্য চেন্নাইয়ের বিপক্ষে হারে তার দল।

চেন্নাই এখন কঠিন সময় পার করছে। তিন বছর আগে শিরোপা জেতার পর আর প্লে-অফে উঠতে পারেনি তারা।