ভারতকে হারানোর বিশ্বাস আছে পাকিস্তান অধিনায়কের
‘যে কোনো দলকে হারিয়ে দেওয়ার মতো ভালো দল আমরা’, বলছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা।
দুই দলই প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে শুরু করেছে এশিয়া কাপ অভিযান। অপেক্ষা এবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মহারণের। সেই লড়াইয়ে শক্তি-সামর্থ্যের দিক থেকে হয়তো ফেভারিট হয়েই নামবে ভারত। তবে সাম্প্রতিক পারফরম্যান্সের ধারাবাহিকতায় যে কোনো দলকে হারাতে আত্মবিশ্বাসী পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা।
দুবাইয়ে শুক্রবার ওমানকে ৯৩ রানে হারিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করেছেন পাকিস্তান। ভারত তাদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে মাত্র ৫৭ রানেই গুটিয়ে দিয়ে ম্যাচ জিতে গেছে ৪.৩ ওভারেই।
দুবাইয়ে রোববার মুখোমুখি হবে উপমহাদেশের দুই পরাশক্তি। যদিও গ্রুপ পর্বের ম্যাচ এবং এই গ্রুপ থেকে দুই দলেরই পরের পর্বে যাওয়া অনেকটা আনুষ্ঠানিকতার মতো ব্যাপার, তার পরও ভারত-পাকিস্তান লড়াইয়ে ‘ছোট ম্যাচ’ বা কম গুরুত্বপূর্ণ ম্যাচ বলে কিছু নেই। এই দুই দলের লড়াই মানেই বারুদের গন্ধ।
এশিয়া কাপ টি-টোয়েন্টিতে মুখোমুখি তিন লড়াইয়ে ভারতের জয় দুটি, পাকিস্তানের একটি। তারকায় ঠাসা ভারতীয় দল শক্তির বিচারে এগিয়ে আছে এবারও। তবে এশিয়া কাপের আগে শারজাহতে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান ভরসা রাখছে নিজেদের সামর্থ্যে।
ওমানকে হারানোর পর ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে নিজেদের সেই বিশ্বাসের কথাই বললেন পাকিস্তান অধিনায়ক সালমান।
“আমরা এখন সত্যিই ভালো ক্রিকেট খেলছি। বারবারই এটা বলছি আমি। গত ২-৩ মাস ধরেই আমরা ভালো ক্রিকেট খেলছি। ত্রিদেশীয় সিরিজে জিতলাম, এখানেও ভালো শুরু হলো। এই ভালো খেলাটা চালিয়ে যেতে হবে। যদি যথেষ্ট লম্বা সময় ধরে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করে যেতে পারি, যে কোনো দলকে হারিয়ে দেওয়ার মতো ভালো দল আমরা।”
ওমানের বিপক্ষে বড় ব্যবধানে জিতলেও পাকিস্তান ২০ ওভারে তুলতে পারে ১৬০ রান। ব্যাটিং নিয়ে তাই কিছুটা দুর্ভাবনা এখনও দেখছেন সালমান। তবে স্পিন আক্রমণ নিয়ে উচ্ছ্বসিত অধিনায়ক।
“ব্যাটিংয়ে আমাদের আরও কাজ করার বাকি আছে। তবে বোলিং অসাধারণ হচ্ছে। স্পিনাররা আজকেও খুব ভালো বল করেছে। আমাদের তিনজন স্পিনার, সবাই আলাদা ধরনের। পাশাপাশি সাইমও নতুন ও পুরোনো বলে খুব ভালো করছে। সংযুক্ত আরব আমিরাতে সবসময়ই বেশি স্পিনারের প্রয়োজন হয়।”
পাকিস্তানে স্পিনারদের মধ্যে বাঁহাতি স্পিনার মোহাম্মদ নাওয়াজ অসাধারণ ফর্মে আছেন ব্যাটে-বলে। ত্রিদেশীয় টুর্নামেন্টে ম্যান অব দা ফাইনাল ও ম্যান অব দা টুর্নামেন্ট হওয়ার পর এশিয়া কাপ শুরু করেছেন তিনি ১০ বলে ১৯ রান করে ও ১ উইকেট নিয়ে।
এছাড়াও ভালো ফর্মে আছেন লেগ স্পিনার আবরার আহমেদ ও বাঁহাতি রিস্ট স্পিনার সুফিয়ান মুকিম। অলরাউন্ডার সাইম আইয়ুব করতে পারেন অফ স্পিন-লেগ স্পিন দুটোই। নতুন বলেও প্রায়ই বল করতে দেখা যায় তাকে।
