২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন নিয়ে যা বললেন পাকিস্তান অধিনায়ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষে সংবাদ সম্মেলনের শুরুতেই আলোচিত এই প্রসঙ্গ নিয়ে কথা বলতে হলো পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগাকে।

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন নিয়ে যা বললেন পাকিস্তান অধিনায়ক
ম্যাজ বর্জনের সিদ্ধান্তে ক্রিকেটাররে কিছু করার নেই, বললেন সালমান। ছবি: পাকিস্তান ক্রিকেট টিম ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2026, 11:08 AM

Updated : 26 Aug 2026, 02:50 PM

সিরিজ জয়ের জন্য অভিনন্দন, ফাখার জামানের ফর্ম নিয়ে প্রশ্ন, সামগ্রিক পারফরম্যান্স, সবকিছু নিয়েই জানতে চাওয়া হলো সালমান আলি আগার কাছে। পাশাপাশি জুড়ে দেওয়া হলো আরেকটি প্রসঙ্গও, যেটি অনুমিতই ছিল। সংবাদ সম্মলনের শুরুতেই এই সবকিছুর সঙ্গে তাকে জিজ্ঞেস করা হলো বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন করা নিয়ে। পাকিস্তান অধিনায়ক বললেন, এই সিদ্ধান্তে ক্রিকেটারদের কিছু করার নেই। 

বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন করার সিদ্ধান্তটি পাকিস্তান সরকার যখন জানায়, সালমানরা তখন অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ব্যস্ত। শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ১১১ রানে উড়িয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় সালমানের দল। বিশ্বকাপের জন্য আদর্শ প্রস্তুতিই বলা যায়।

তবে গ্রুপ পর্বে সবচেয়ে বড় ম্যাচটিই খেলবে না পাকিস্তান, আগামী ১৫ ফেব্রুয়ারি যে ম্যাচটি হওয়ার কথা কলম্বোতে ভারতের বিপক্ষে। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বিদের সঙ্গে না খেলার ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার।

গোটা বিশ্বকাপই তারা বর্জন করতে পারে, এমন গুঞ্জনও অবশ্য ছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষে সবকিছু নিয়েই জিজ্ঞেস করা হলো সালমানকে। পাকিস্তান অধিনায়ক খুব বেশি গভীরে যেতে চাইলেন না। 

“হ্যাঁ, অবশ্যই আমরা (বিশ্বকাপে) যাচ্ছি। তবে সেটি (ভারতের সঙ্গে ম্যাচ বর্জন) আমাদের সিদ্ধান্ত নয়, এখানে আমাদের করার কিছু নেই। আমাদের সরকার যা বলবে, (বোর্ডের) চেয়ারম্যান যা বলবেন, সেটিই আমাদের করতে হবে। তারা যেভাবে বলবেন, সেভাবেই করব আমরা।”

সালমানের উত্তর শেষ হতেই পিসিবির মিডিয়া ম্যানেজার বললেন, “এই প্রশ্ন তো হয়েই গেল। এখন আর যা যা প্রশ্ন, সব দয়া করে সিরিজ সম্পর্কিত রাখবেন।”

পাকিস্তান ম্যাচ বর্জন করার ঘোষণা দিলেও ভারতীয় দল নিয়ম মেনেই কলম্বোতে যাবে এবং আইসিসির প্রটোকল মেনে মাঠে যাওয়াসহ সবকিছু করবে বলে জানিয়েছেন ভারতীয় বোর্ডের কর্মকর্তা।