২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালের উইকেট-কিপার শান্ত

কিপারকে জায়গা দিতে আগের ম্যাচে বরিশালের একাদশ থেকে বাদ পড়েছিলেন নাজমুল হোসেন শান্ত, এবার একাদশে ফিরলেন কিপার হয়েই।

বরিশালের উইকেট-কিপার শান্ত
নতুন ভূমিকায় নাজমুল হোসেন শান্ত। ছবি: রতন গোমেজ/বিসিবি।

ক্রীড়া প্রতিবেদক

সিলেট থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2025, 06:55 PM

Updated : 26 Aug 2026, 11:32 AM

একাদশের যে আনুষ্ঠানিক তালিকা, সেখানে নাজমুল হোসেন শান্তর পাশে লেখা ‘উইকেট-কিপার।’ এরপর অবিশ্বাসের কারণ নেই। তার পরও যেন ঠিক বিশ্বাস হতে চায় না, শান্ত আসলেই কিপিং করবেন! অপেক্ষা এরপর ম্যাচ শুরু হওয়ার। ফরচুন বরিশাল যখন মাঠে নামল বোলিং ইনিংসে, শান্তকে সত্যিই দেখা গেল কিপিং প্যাড পায়ে, হাতে কিপিং গ্লাভস।

ব্যাটসম্যান শান্তকে তো সবাই চেনে। অফ স্পিনার শান্তকেও দেখা যায় মাঝেমধ্যে। এবার দেখা মিলল কিপার শান্ত। বিপিএলে মঙ্গলবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ফরচুন বরিশালের হয়ে কিপার-ব্যাটসম্যান হিসেবে খেলছেন জাতীয় দলের অধিনায়ক।

আনুষ্ঠানিকভাবে কারণ দল থেকে এখনও বলা না হলেও বুঝে নিতে সমস্যা হওয়ার কারণ নেই। ঢাকা পর্বের শেষ ম্যাচে চোট পাওয়া মুশফিকুর রহিম সিলেট পর্বের প্রথম ম্যাচে কিপিং করতে পারেননি। একাদশে ছিলেন তিনি শুধু ব্যাটসম্যান হিসেবে। ওই ম্যাচের একাদশে রাখা হয় কিপার প্রিতম কুমারকে। একজন কিপারকে জায়গা দিতে সেদিন একাদশের বাইরে থাকতে হয় শান্তকে।

দুর্বার রাজশাহীর বিপক্ষে সেই ম্যাচে ব্যাটিংয়ে ওপেন করেও সুযোগ কাজে লাগাতে পারেননি প্রিতম। এই ম্যাচ তাই ব্যাটসম্যান শান্তকে ফিরে পাওয়ার কৌশলে তাকে কিপারও বানিয়ে দেওয়া হয়েছে। 

বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে কিপার হিসেবে কোনো ম্যাচ তিনি শুরু করেননি। অনূর্ধ্ব-১৯ দলেও দেশের হয়ে সাদা বা লাল বলের কোনো ম্যাচে কিপার হিসেবে খেলেননি তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে আগের ১৬৯ ম্যাচেও এই অভিজ্ঞতা তার ছিল না। কোনো ম্যাচ চলার সময় কখনও কিপিং করে থাকতে পারেন অবশ্য। শাহিন শাহ আফ্রিদি, তানভির ইসলাম, রিশাদ হোসেনদের বোলিংয়ে তার কিপার হিসেবে নেমে যাওয়া নিঃসন্দেহে চমকপ্রদ।