আমিনুল নিজেই বড় তিন দায়িত্বে, বিসিবিতে আরও যারা পেলেন যে দায়িত্ব
বিসিবি সভাপতির এখতিয়ারে আমিনুল ইসলাম বুলবুল নিজেই তৈরি করেছেন সবগুলো কমিটি, নিজের কাছে রেখেছেন তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।
সাধারণত বোর্ড পরিচালকদের সঙ্গে আলোচনা করেই নির্ধারিত হয় বিসিবির বিভিন্ন কার্যকরী কমিটি। তবে এবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজেই সাজিয়েছেন সব কমিটি। নিজের কাছে রেখেছেন তিনি তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। বিসিবির ওয়ার্কিং কমিটি, গ্রাউন্ডস কমিটি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বোর্ড প্রধান।
বিসিবির নতুন পরিচালনা পর্ষদের সভা শেষে মঙ্গলবার বিকেলে বিভিন্ন কমিটি প্রধানের নাম ঘোষণা করেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান। সংবাদ সম্মেলনে তার পাশে ছিলেন নতুন চার পরিচালক—আব্দুর রাজ্জাক, শানিয়ান তানিম, খালেদ মাসুদ পাইলট ও আমজাদ হোসেন।
নির্বাচন ঘিরে সরকারি হস্তক্ষেপ আর স্বেচ্ছাচারিতার অভিযোগের মাঝেই এই সভা দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল নতুন বোর্ড। পরিচালনা পর্ষদ গঠন হওয়ার পর মূল আগ্রহের কেন্দ্রে ছিল কমিটির দায়িত্ব বণ্টন নিয়ে। সোমবার রাতে মূলতবি বৈঠকের পর মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় শুরু হওয়া সভা চলে আড়াই ঘণ্টারও বেশি সময়। আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ২৩টি কার্যকরী কমিটি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের দায়িত্ব বণ্টন। আগে নানা সময়েই এসব কমিটি গড়তে দেরি হয়েছে বেশ। এবার প্রথম সভাতেই চূড়ান্ত করা হয়েছে কমিটিগুলো।
বিপিএলের গত আসর নিয়ে অনিয়ম আর বিতর্কের ঝড়ের পর এবার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিলের প্রধান হিসেবে থাকছেন বোর্ড সভাপতি নিজেই।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ মনে করা হয় যেটিকে, জাতীয় দল সংক্রান্ত কার্যক্রম দেখভালের দায়িত্ব যে কমিটির, সেই ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হিসেবে আমিনুল আস্থা রেখেছেন নাজমুল আবেদীন ফাহিমের ওপর।
আগের বোর্ডে আম্পায়ার্স কমিটির দায়িত্বে বেশ সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করা ইফতেখার রহমান আবার পেয়েছেন একই দায়িত্ব। পাশাপাশি বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব তিনি।
সবচেয়ে বিস্ময়কর ব্যাপার, সাবেক সভাপতি ও বর্তমান সহ–সভাপতি ফারুক আহমেদকে কোনো কমিটির চেয়ারম্যান করা হয়নি।
সংবাদ সম্মেলনে ইফতেখার জানান, আপাতত দুই-তিন মাসের জন্য কমিটিগুলো দায়িত্ব পালন করবে। পরে কেউ কোনো দায়িত্বে অস্বস্তি অনুভব করলে বা পরিবর্তন করতে চাইলে বোর্ড প্রধানকে জানাতে পারবেন।
উঠতি ক্রিকেটারদের শাণিত করার দায়িত্ব নিয়ে হাই পারফরম্যান্স বিভাগের দায়িত্ব পালন করবেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ। সাবেক স্পিনার আব্দুর রাজ্জাকের দায়িত্ব নারী বিভাগ নিয়ে। বয়সভিত্তিক ক্রিকেট কমিটির প্রধান করা হয়েছে গায়ক আসিফ আকবরকে।
যারা পেলেন যে দায়িত্ব
ওয়ার্কিং কমিটি- আমিনুল ইসলাম বুলবুল
ক্রিকেট পরিচালনা বিভাগ - নাজমূল আবেদীন
অর্থ কমিটি- এম নাজমুল ইসলাম, ভাইস–চেয়ারম্যান আমজাদ হোসেন
ডিসিপ্লিনারি কমিটি- ফায়াজুর রহমান
গেম ডেভেলপমেন্ট- ইশতিয়াক সাদেক
টুর্নামেন্ট কমিটি- আহসান ইকবাল চৌধুরী
বয়সভিত্তিক ক্রিকেট- আসিফ আকবর
গ্রাউন্ডস কমিটি- আমিনুল ইসলাম বুলবুল, ভাইস চেয়ারম্যান –রাহাত সামস
ফ্যাসিলিটিজ কমিটি- শাহনিয়ান তানিম নাভিন
আম্পায়ার্স কমিটি- ইফতেখার রহমান
মার্কেটিং কমিটি- শাখাওয়াত হোসেন
মেডিকেল কমিটি- মনজুর আলম
টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটি- আবুল বাশার, ভাইস–চেয়ার মো: হাসানুজ্জামান
মিডিয়া কমিটি- আমজাদ হোসেন
অডিট কমিটি- মুহাম্মদ মুখলেসুর রহমান
উইমেন'স উইং- আব্দুর রাজ্জাক
লজিস্টিকস কমিটি- ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক
সিকিউরিটি- মেহেরাব আলম চৌধুরী
ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস - আদনান রহমান দীপন, ভাইস–চেয়ারম্যান ফায়াজুর রহমান মিতু
ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটার্স কমিটি- জুলফিকার আলী খান
হাই পারফরম্যান্স- খালেদ মাসুদ পাইলট
বাংলাদেশ টাইগার্স- রাহাত সামস
ওয়েলফেয়ার কমিটি- মোখছেদুল কামাল
বিপিএল গভর্নিং কাউন্সিল- আমিনুল ইসলাম বুলবুল, মেম্বার সেক্রেটারি- ইফতেখার রহমান
