২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ জুটির লড়াইয়ে তিনশ ছাড়িয়ে বাংলাদেশ ইমার্জিং, ধাক্কা সামলে প্রোটিয়াদের দৃঢ়তা

এক পর্যায়ে শূন্য রানের মধ্যে তিন উইকেট হারালেও লড়াই করে আর কোনো উইকেট না হারিয়েই দিন শেষ করে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল।

শেষ জুটির লড়াইয়ে তিনশ ছাড়িয়ে বাংলাদেশ ইমার্জিং, ধাক্কা সামলে প্রোটিয়াদের দৃঢ়তা
ব্যাট হাতে লড়াইয়ের পর বোলিংয়েও সাফল্য পান রিপন মন্ডল। ছবি: বিসিবি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2025, 07:58 PM

Updated : 26 Aug 2026, 12:46 PM

দিনের শুরুতেই জোড়া ধাক্কা। এরপরও নেই তেমন লড়াইয়ের ছাপ। শেষ পর্যন্ত শেষ জুটির চেষ্টায় কোনোরকমে তিনশ ছাড়াতে পারল বাংলাদেশ ইমার্জিং দল। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল ভালো শুরুর পর শূন্য রানের মধ্যে হারাল তিন উইকেট। তবে লড়াই করে দিনটা ভালোভাবেই শেষ করল তারা।

চট্টগ্রামে প্রথম চার দিনের ম্যাচের দ্বিতীয় দিনে বাংলাদেশ ইমার্জিং অলআউট হয় ৩০৮ রানে। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং বুধবার দিন শেষ করে ৩ উইকেটে ১৪৯ রান নিয়ে।

৪ উইকেটে ২৩৩ রান নিয়ে দিন শুরু করে সকালে দ্বিতীয় বলেই প্রিতম কুমারকে হারায় বাংলাদেশ। আগের দিনের ৩১ রানেই এই কিপার-ব্যাটসম্যান। একটু পর বিদায় নেন মইন খান (৬)।

আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান শাহাদাত হোসেন রান বাড়াতে না পারলেও এক প্রান্ত আগলে রাখছিলেন। রকিবুল হাসান নেমে চার বাউন্ডারিতে ১৬ রানের একটি ক্যামিও খেলেন। এরপর আবার একটি ধস। দুই রানে মধ্যে বাংলাদেশ হারায় তিন উইকেট। 

৪২ রানে অপরাজিত থাকা শাহাদাত এ দিন আরও ৩১ বল খেলে করতে পারেন কেবল ২ রান। ১৫২ বল খেলে ৪৪ রানে বিদায় নেন অধিনায়ক। রকিবুল ও ওয়াসি সিদ্দিকও বিদায় নেন দ্রুত। 

বাংলাদেশের রান তখন ৯ উইকেটে ২৬৪। শেষ জুটিতে লড়াই করে দলকে তিনশ পার করান দুই পেসার রিপন মন্ডল ও শফিকুল ইসলাম। ১১ নম্বরে নেমে ২৬ রান করেন রিপন। শেষ জুটিতে আসে ৪৪ রান।

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং উদ্বোধনী জুটিতে তোলে ৬৭ রান। এরপর ওই রানেই তারা হারায় তিন উইকেট!

৩৫ রান করা মুহাম্মাদ মানাককে ফেরান রকিবুল। এরপর তিন বলের মধ্যে নান্দো জুমা (২৯) ও কনর এস্তেহেইজনকে (০) আউট করেন রিপন মন্ডল।

তবে জর্জ ফন হিয়ারডিন ও রিচার্ড সেলেতসোয়ানে লড়াই করে পার করে দেন দিনের বাকি সময়। ৮২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন দুজন।

৮৯ বলে ৪৬ রানে দিন শেষ করেন প্রোটিয়া অধিনায়ক ফন হিয়ারডিন, ১০৭ বলে ৩২ রানে অপরাজিত সেলেতসোয়ানে। 

বাংলাদেশ ইমার্জিং দল: ১০৩.২ ওভারে ৩০৮ (আগের দিন ২৩৩/৪) (শাহাদাত ৪৪, প্রিতম ৩১, মইন ৬, রাকিবুল ১৬, ওয়াসি ১, শফিকুল ১৩*, রিপন ২৬; ফন ফুরেন ১৮-৭-৪৭-৩, মোকোয়েনা ১৫-৫-৫৩-১, ফরেস্টার ১৫-৫-৩১-২, এনটুলি ২৬.২-৬-৮১-২, সিমেলানে ১৬-১-৩৮-১, মোগাকানে ৫-১-১৬-০, ফন হিয়ারডিন ৬-০-১৬-০, মানাক ২-০-১০-০)। 

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল: ৫৩ ওভারে ১৪৯/৩ (মানাক ৩৫, জুমা ২৯, ফন হিয়ারডিন ৪৬*, এস্তেহেইজেন ০, সেলেতসোয়ানে ৩২*; রিপন ৯-৪-২৬-২, শফিকুল ৯-০-৩১-০, রিজওয়ান ৫-০-২০-০, রাকিবুল ১৫-৫-২৮-১, মইন ৮-০-১৮-০, ওয়াসি ৬-০-২৩-০, আরিফুল ১-০-২-০)।