‘এটা দুবাই, আমাদের ঘরের মাঠ নয়’, ভারতের সুবিধার অভিযোগের জবাবে রোহিত
ভারত অধিনায়কের মতে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই মাঠে খেললেও প্রতি ম্যাচেই ভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে তাদের।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সুবিধা পাওয়া নিয়ে চলছে তুমুল চর্চা। সেমি-ফাইনালের আগে রোহিত শার্মার সংবাদ সম্মেলনেও উঠেছে সেই প্রসঙ্গ। একই ভেন্যুতে খেলায় বাড়তি সুবিধা পাওয়ার বিষয়টি স্রেফ উড়িয়ে দিয়েছেন ভারত অধিনায়ক। তার মতে, দুবাইয়ে প্রতি ম্যাচেই ভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে তাদের।
পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ছাড়া অন্য সব দলই খেলেছে বিভিন্ন ভেন্যুতে। ফাইনালে যাওয়ার লড়াইয়ে রোহিতদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার যেমন টুর্নামেন্টের চার ভেন্যুর তিনটি ভ্রমণ করতে হয়েছে।
তাদের ছাড়িয়ে গেছে আরেক সেমি-ফাইনালিস্ট নিউ জিল্যান্ড। চার ভেন্যুর সবকটিতেই ভ্রমণ হয়ে গেছে তাদের! দুবাইয়ে খেলতে হয়নি সেমি-ফাইনালে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার। তবে শেষ চারের ম্যাচের ভেন্যু নিয়ে অনিশ্চয়তায় সেখানে ভ্রমণ করতে হয়েছে তাদেরও!
ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হতে দুটি দলই দুবাই থেকে ফিরে গেছে লাহোরে।
ফাইনালের ভেন্যুও এখনও চূড়ান্ত নয়। কারণ, ভারত ফাইনালে উঠলে এই ম্যাচও হবে দুবাইয়ে। ভারত বাদ পড়ে গেলে শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে লাহোরে।
অন্য সব দলকেই যেখানে শহর থেকে শহর, ভেন্যু থেকে ভেন্যুতে ছুটোছুটি করতে হচ্ছে, ভারত সেখানে একই শহরে একই হোটেলে থেকে একই মাঠে খেলার সুযোগ পাচ্ছে। এটাকে বিশাল সুবিধা বলে মন্তব্য করে আলোচনার ঝড় তোলেন নাসের হুসেইন, মাইকেল আথারটনের মতো সাবেক ক্রিকেটারদের অনেকে।
দুবাইয়েই মঙ্গলবার প্রথম সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। আগের দিনের সংবাদ সম্মেলনে বাড়তি সুবিধা পাওয়ার অভিযোগ উড়িয়ে দেন রোহিত।
“এমন নয় যে, পিচ কি আচরণ করবে আমরা সেটা জানি। সেমি-ফাইনালে কোন পিচ ব্যবহার করা হবে, সেটা আমরা জানি না। তবে যাই হোক না কেন, আমাদের মানিয়ে নিতে হবে এবং কেমন আচরণ করে সেটি দেখতে হবে। আর এটা আমাদের ঘরের মাঠও নয়- এটা দুবাই। আমরা এখানে খুব বেশি ম্যাচ খেলি না, এখানে খেলা আমাদের জন্যও নতুন।”
দুবাইয়ে কেমন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন তারা, সেটাও তুলে ধরার চেষ্টা করেন ভারত অধিনায়ক ও তারকা ওপেনার রোহিত।
“আমরা যে তিনটি ম্যাচ খেলেছি, মাঠের প্রকৃতি একই ছিল, কিন্তু তিন ম্যাচে পিচ ভিন্ন আচরণ করেছে। নিউ জিল্যান্ডের বিপক্ষে দেখেছি যখন তাদের পেসাররা বোলিং করেছে, তারা সুইং ও সিম মুভেমেন্ট পেয়েছে, যা আগের দুই ম্যাচে আমাদের বোলাররা আগে বোলিং করার সময় পায়নি। আর সন্ধ্যায় একটু ঠাণ্ডা পড়ে, তাই বল সুইং করার সম্ভাবনা থাকে।”
“আমরা এটাও জানি না প্রতিটি উইকেট কেমন আচরণ করবে। দেখতে একই রকম, কিন্তু খেলতে নামলে দেখা যায় ভিন্ন আচরণ করছে। পিচ বিভিন্ন চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়, একজন ব্যাটসম্যান হিসেবে নির্দিষ্ট কিছু শট খেলতে পারব কিনা, সেটা আমাদের ভাবতে হয়। আর বোলারদেরও মানিয়ে নিতে হয়।”
