২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ দল ঘোষণার আগে তাসকিনকে নিয়ে শঙ্কাময় অপেক্ষা

সোমবার ঘোষণা করা হবে বাংলাদেশের বিশ্বকাপ দল, সকালে স্ক্যান রিপোর্ট পাওয়ার পর সিদ্ধান্ত হবে তাসকিন আহমেদকে নিয়ে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2024, 05:54 PM

Updated : 26 Aug 2026, 09:34 AM

পুরস্কার বিতরণীয় আয়োজনের সময় ছিলেন না তাসকিন আহমেদ। অনেকক্ষণ পরে তাকে দেখা গেল ড্রেসিং রুমের সামনে সিরিজ সেরার ‘ডামি চেক’ হাতে নিয়ে হাসিমুখে ছবি তুলতে। তবে সেই হাসির আড়ালে লুকিয়ে থাকা উদ্বেগটুকু তার কণ্ঠে ফুটে উঠল মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময়। অপেক্ষমান সংবাদকর্মীদেরকে তিনি বললেন, তার বিশ্বকাপ খেলার সম্ভাবনা ‘ফিফটি-ফিফটি।’

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটিতে রোববার মাঠে নামেননি তাসকিন। ধারণা করা হচ্ছিল, টানা চার ম্যাচ খেলায় হয়তো বিশ্রাম দেওয়া হয়েছে অভিজ্ঞ পেসারকে। কিন্তু পরে জানা গেল, থাবা দিয়েছে তার পুরোনো শত্রু ‘সাইড স্ট্রেইন।’ শেষ ম্যাচ চলার সময়ই স্ক্যান করানো হয়েছে তার।

গত শুক্রবার চতুর্থ টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় ওই চোট পান তাসকিন। সেই চোটই এখন তার বিশ্বকাপে অংশগ্রহণ অনিশ্চয়তায় ফেলে দিয়েছে। তিনি নিজেই জানালেন, ব্যথা অনুভব করছেন এখনও।

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করা হবে সোমবার। এ দিন সকালেই পাওয়া যাবে তাসকিনের স্ক্যান রিপোর্ট। বিসিবি সভাপতি নাজমুল হাসান সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, তাতে উৎকণ্ঠার কারণ আছে যথেষ্টই।

“আজকেই আমরা খোঁজ নিয়েছি, ওর একটা ইনজুরি আছে। কালকে সকালে রিপোর্ট পাওয়ার পর দেখতে হবে যে, কতদিন ওর লাগতে পারে (ফিট হতে)। দ্রুত ওকে সারিয়ে তোলার সুযোগ আছে কি না। নরম্যালি তো দুই থেকে তিন সপ্তাহের বিশ্রাম দেবে। যদি এটা দুই সপ্তাহ হয়, তাহলে কী করব, তিন সপ্তাহ হলে কী করব, এটাকে দ্রুত করার কোনো উপায় আছে কি না… দরকার হলে যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের সঙ্গে কথা বলব, এখনই যোগাযোগ করব।”

“যদি দ্রুত সারিয়ে তোলা যায়, তাহলে এক ব্যাপার, আর যদি দেখা যায় যে আসলেই দেরি হবে, তাহলে আমাদের অন্য সিদ্ধান্ত নিতে হবে। কালকে অফিসিয়ালি রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করব।”

চোটে পড়ার আগ পর্যন্ত এই সিরিজে অসাধারণ বোলিং করেছেন তাসকিন। চার ম্যাটে আট উইকেট শিকার করেছেন তিনি মাত্র ৯.১২ গড় ও ওভারপ্রতি কেবল ৪.৫৬ রান দিয়ে। গত এক বছরে এই সংস্করণে বাংলাদেশের সফলতম বোলারও তিনিই। তাকে শেষ পর্যন্ত না পেলে বাংলাদেশ দলের জন্য তা হবে বড় এক ধাক্কা। 

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে বাংলাদেশ দল। আগামী বুধবার রাতে ঢাকা ছাড়ার কথা দলের।