২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চতুর্থ দিনে লাঞ্চের আগেই শেষ বাংলাদেশ

৪০ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারিয়ে চেন্নাই টেস্টে বাজেভাবে হারল বাংলাদেশ, বিশাল ব্যবধানের জয়ে সিরিজে এগিয়ে গেল ভারত।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2024, 12:14 PM

Updated : 10 Sep 2026, 12:18 PM

চেন্নাই টেস্টে বাংলাদেশকে ২৮০ রানে হারিয়ে দুই ম্যাচ সিরিজে এগিয়ে গেল ভারত।

ম্যাচের চতুর্থ দিনে রোববার লাঞ্চের আগেই গুটিয়ে যায় বাংলাদেশ। ৪০ রানের মধ্যেই শেষ ছয় উইকেট হারিয়ে তাদের ইনিংস শেষ হয় ২৩৪ রানে।

রানের হিসেবে বাংলাদেশের বিপক্ষে ভারতের সবচেয়ে বড় জয় এটি। এছাড়া ইনিংস ব্যবধানের জয় আছে পাঁচটি।

ম্যাচের প্রথম ইনিংসে সেঞ্চুরি করা রাভিচান্দ্রান অশ্বিন জ্বলে ওঠেন নিজের আসল কাজেও। বল হাতে তার শিকার ৬ উইকেট। ম্যাচ সেরার স্বীকৃতি পান তিনিই। 

৪ উইকেটে ১৫৮ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। আগের দিন প্রতিরোধ গড়া নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান এ দিন প্রথম ঘণ্টাও কাটিয়ে দেন নিরাপদে। 

জাদেজার বলে অবশ্য সাকিবকে ১৭ রানে স্টাম্পিং করার সুযোগ হাতছাড়া করেন রিশভি পান্ত।

অশ্বিন বোলিংয়ে আসতেই বদলে যায় চিত্র। তার প্রথম ওভারেই শর্ট লেগে ধরা পড়েন ২৫ রান করা সাকিব। 

এরপর একের পর এক উইকেটের পতন। জাদেজার বলে বারবার ধুঁকে স্লিপে ধরা পড়েন লিটন দাস। অশ্বিনকে উড়িয়ে মেরে আউট হন মেহেদী হাসান মিরাজ। 

এক প্রান্তে দারুণ খেলতে থাকা শান্ত শেষ পর্যন্ত উইকেটে বিলিয়ে দেন জাদেজার বলে তেড়েফুঁড়ে শট খেলে। ৮ চার ও ৩ ছক্কায় ৮২ রান করেন বাংলাদেশ অধিনায়ক।

এরপর শেষ দুই উইকেটও দ্রুতই পড়ে যায়। চতুর্থ দিনে ২৫ ওভারের আগেই খেলা শেষ।

তিন উইকেট নিয়ে জাদেজার টেস্ট শিকার এখন ২৯৯টি। 

একই টেস্টে সেঞ্চুরি ও ইনিংসে ৫ উইকেট চতুর্থবার নিয়ে ইয়ান বোথামের রেকর্ডের আরেকটু কাছে যান অশ্বিন। পাঁচবার এই কীর্তি গড়ে বিশ্ব রেকর্ড বোথামের।

কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু আগামী শুক্রবার। 

সংক্ষিপ্ত স্কোর: 

ভারত ১ম ইনিংস: ৩৭৬ 

বাংলাদেশ ১ম ইনিংস: ১৪৯

ভারত ২য় ইনিংস: ২৮৭/৪ (ডি.)

বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ৫১৫, আগের দিন ১৫৮/৪) ৬২.২ ওভারে ২৩৪ ৬২.১ ওভারে ২৩৪ (শান্ত ৮২, সাকিব ২৫, মিরাজ ৮, তাসকিন ৫, হাসান ৭, নাহিদ ০*; বুমরাহ ১০-২-২৪-১, সিরাজ ১০-৫-৩২-০, আকাশ ৬-০-২০-০, অশ্বিন ২১-০-৮৮-৬, জাদেজা ১৫.১-২-৫৮-৩)।

ফল: ভারত ২৮০ রানে জয়ী

সিরিজ: দুই ম্যাচ সিরিজে ভারত ১-০তে এগিয়ে।

ম্যান অব দা ম্যাচ: রাভিচান্দ্রান অশ্বিন।