নিলামের চারদিন আগে দল বাড়ানোর ঘোষণা, বিপিএলে ষষ্ঠ দল ‘নোয়াখালী এক্সপ্রেস’
প্রতি বছরের মতোই বিপিএল নিয়ে নানা অনিশ্চয়তা ও টানাপোড়েন চলছে, বিস্ময়কর সব সিদ্ধান্ত আসছে।
বিপিএল নিলামের বাকি আর মোটে চার দিন। এই সময়ে এলো বড় এক পরিবর্তনের ঘোষণা। পাঁচ দল নয়, এবারের আসর ছয়টি দল নিয়ে হবে বলে জানাল বিপিএল গভর্নিং কাউন্সিল। ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজি হিসেবে বিপিএলে দেখা যাবে নতুন দল নোয়াখালী এক্সপ্রেস।
পাঁচ দল নিয়ে আগামী রোববার হওয়ার কথা ছিল বিপিএলের নিলাম। শেষ মুহূর্তে সেই কাঠামো বদলে যোগ দিচ্ছে নোয়াখালী। দেশ ট্রাভেলসের মালিকানায় প্রথমবারের মতো দল নিয়ে বিপিএলে আসছে ফ্র্যাঞ্চাইজিটি। নিলামের তারিখ অপরিবর্তিত থাকছে।
ক্রিকেটারদের প্রস্তুতি ও আগামী বিশ্বকাপের আগে বেশি ম্যাচের মধ্যে রাখা, দল বাড়ানোর ক্ষেত্রে বিবেচনায় রাখা হয়েছে এসব। পাশপাশি বিবেচনায় নেওয়া হয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের অনুরোধও। বিসিবির সহ-সভাপতি ও গভর্নিং কাউন্সিল সদস্য শাখাওয়াত হোসেন এই কারণগুলোই তুলে ধরলেন দল বাড়ানোর পেছনে।
‘‘কোয়াব ও ক্রিকেটারদের সম্মিলিত অনুরোধে নতুন দল যুক্ত করা হয়েছে। নাম নোয়াখালী এক্সপ্রেস। আগের পাঁচ দলের মতো এই নামটিও গভর্নিং কাউন্সিল ঠিক করেছে। বুধবার বিকেল চারটায় সংবাদ সম্মেলনে বিপিএলের সর্বশেষ তথ্য জানানো হবে।’’
নতুন দলটি দেশ ট্রাভেলস নামে একটি ট্রাভেলে এজেন্সির মালিকানায়। এখানে শুরুতেই থাকছে সন্দেহের অবকাশ। দল নিতে হলে দুই কোটি টাকার পে-অর্ডার জমা দেওয়া ছিল প্রথম শর্ত, যেটি শুরুতে পূরণই করতে পারেনি দেশ ট্রাভেলস। তাই শুরুর দিকে গভর্নিং কাউন্সিলের দল নির্বাচনের তালিকা থেকে বাদ পড়েছিল। কিন্তু ব্যাংক গ্যারান্টি জমা অনাদায়সহ কয়েকটি আলোচনার পরেই উল্টো তারাই হয়ে গেল ষষ্ঠ দল যুক্ত করার প্রধান প্রাপক।
এখন নতুন সময়সীমাই ঠিক করে দেওয়া হয়েছে। ব্যাংক গ্যারান্টির পুরো ১০ কোটি টাকা জমা দিতে হবে বৃহস্পতিবারের মধ্যে। কিন্তু তারা আদৌ পারবে কি না, সেই সংশয় প্রবলভাবেই আছে।
গভর্নিং কাউন্সিল গত ৫ নভেম্বর আগামী পাঁচ আসরের জন্য চূড়ান্ত করেছিল পাঁচটি দলকে। যদিও তখনই দল বাড়ানোর ইঙ্গিত দিয়ে রেখেছিল গভর্নিং কাউন্সিল। এখন সেটি বাস্তবায়ন হলেও মূল আর্থিক অবস্থান পরিষ্কার নয়।
বিসিবির একাধিক সূত্র বলছে, এখনও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি পুরো ব্যাংক গ্যারান্টি জমা দিতে পারেনি। বৃহস্পতিবারের মধ্যে অন্তত ৫ কোটি টাকা জমা দিতে না পারলে দল দলগুলোর ব্যাপারে নতুন সিদ্ধান্তে আসতে পারে গভর্নিং কাউন্সিল।
একটি সূত্র জানায়, যদি দেশ ট্রাভেলস ন্যূনতম ৫ কোটি টাকা জমা দিতে ব্যর্থ হয়, গভর্নিং কাউন্সিল দলটির দায়িত্ব নিজেদের হাতে নিয়ে নতুন পৃষ্ঠপোষক খুঁজে এনে দল পরিচালনা করতে পারে।
বিপিএলে এসব অবশ্য নিয়মিত চিত্র। প্রতি বছরই দল চূড়ান্ত করা, নিলাম, পৃষ্ঠপোষক, সময়সূচি—সবকিছু নিয়েই থাকে অস্থিরতা ও অনিশ্চয়তা। এবারের আসরও তার ব্যতিক্রম নয়।
