আমিনুলের সঙ্গে কোচদের বৈঠকে ফ্যাসিলিটি বাড়ানোর দাবি
ক্রিকেটারদের মান উন্নয়নের জন্য কোচিংয়ে উন্নতি প্রযুক্তি ব্যবহার করে ক্রিকেট সায়েন্স বাস্তবায়ন করার আশা বিসিবির।
বিসিবি সভাপতি হিসেবে একটি ‘কুইক টি-টোয়েন্টি ইনিংস’ খেলতে চাওয়া আমিনুল ইসলাম বুলবুল প্রায় প্রতিদিনই বোর্ডে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সোমবার তেমনই ব্যস্ত এক দিনে স্থানীয় কোচদের সঙ্গে মত-বিনিময় সভায় বসেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
গেম ডেভেলপমেন্ট বিভাগ, হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট, বাংলাদেশ টাইগার্স ও ‘এ' দলের হয়ে কাজ করা কোচ, ফিজিও, ট্রেনারদের সঙ্গে দীর্ঘ বৈঠকে দেশের ক্রিকেটারদের মান উন্নয়নের জন্য করণীয় নিয়ে আলোচনা করেন বিসিবি সভাপতি। যেখানে উঠে আসে দেশের ক্রিকেটের সুবিধাদির ক্ষেত্রে সার্বিক ঘাটতির প্রসঙ্গ। ঘরোয়া পর্যায়েও ক্রিকেটারদের পারফরম্যান্স মূল্যায়নের জন্য ভিডিও রিভিউসহ ক্রিকেট সায়েন্স ব্যবহারের ইচ্ছার কথা বলেন আমিনুল।
মিরপুরে বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমি ভবনে হওয়া বৈঠকে একটি প্রেজেন্টেশন দেখান বোর্ড সভাপতি। যেখানে আমন্ত্রিত কোচদের সামনের সময়ের জন্য নানান পরামর্শ যেমন, কর্মপরিধি, পাইপলাইন তৈরিতে কী পদক্ষেপ নিতে হবে, ঘাটতি পূরণে করণীয় সম্পর্কে নানান ধারণা দেওয়া হয়। এসময় উপস্থিত থেকে বিসিবির সহ-সভাপতি নাজমুল আবেদীনও নিজের ভাবনা জানান।
পরে বিসিবির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই বৈঠক সম্পর্কে ধারণা দেন আমিনুল।
“প্রতিভা বিকাশে আমাদের প্রচেষ্টাগুলো কতটা সঠিকভাবে সমন্বিত হচ্ছে তার ওপর আমাদের ক্রিকেটের ভবিষ্যৎ নির্ভর করে। আজকের সেশনটি ছিল হাই পারফরম্যান্স ও ডেভেলপমেন্ট কার্যক্রমে সমন্বয় এবং দক্ষতা বৃদ্ধির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
“এই গতি ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ- সুস্পষ্ট লক্ষ্য, তথ্যনির্ভর বিশ্লেষণ এবং একটি ঐক্যবদ্ধ দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।”
সাম্প্রতিক সময়ে জাতীয় দল ও আশপাশের ক্রিকেটারদের সঙ্গে কাজ করা মিজানুর রহমান, সোহেল ইসলাম, রাজিন সালেহ, তালহা জুবায়েরসহ স্থানীয় পর্যায়ের অনেক কোচই উপস্থিত ছিলেন বিসিবি সভাপতির এই বৈঠকে।
চট্টগ্রামে এইচপি ইউনিটের ক্যাম্পের মাঝপথেই আমিনুলের আমন্ত্রণে ঢাকায় চলে আসেন রাজিন। ফেরার পথে মুঠোফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপে বোর্ড প্রধানের এমন উদ্যোগকে সাধুবাদ জানান জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
“আমরা খুব ভাগ্যবান যে, একজন বোর্ড সভাপতি নিজ থেকে কোচদের সঙ্গে বসেছেন। সারা বাংলাদেশের ক্রিকেট কীভাবে এগিয়ে নেওয়া যায় সেটা নিয়ে বিস্তারিত কথা হয়েছে। এর মধ্যে আমাদের কাছে জানতে চেয়েছেন, কীভাবে করলে আরও এগোনো যাবে। আমাদের চাওয়া-পাওয়া কী আছে।”
“হাই পারফরম্যান্স কোনো নির্দিষ্ট ব্যক্তির ব্যাপার নয়। উন্নতির বিষয়টা একদম স্কুল ক্রিকেট বা বয়সভিত্তিক ক্রিকেট থেকেই শুরু করে দিতে হবে। এগুলো নিয়ে আলাপ করেছেন। তার নিজের কিছু পরামর্শ ছিল। একটা প্রেজেন্টেশনে তিনি দেখিয়েছেন, আমরা এভাবে এগোতে পারি। কারণ প্রতিটি বিভাগেই উন্নতি জরুরি।”
রাজিন জানান, ক্রিকেটারদের ভুল-ত্রুটি শোধরানোর জন্য ঘরোয়া পর্যায় থেকেই ভিডিও রিভিউ তথা ক্রিকেট সায়েন্স ব্যবহার শুরুর কথাও বলেছেন আমিনুল।
“আমাদের তরফ থেকে আমরা বলেছি, ছেলেরা যদি সেরা সুযোগ-সুবিধা না পায়, তাহলে যত কাজই করি না কেন, কতটা আউটপুট পাওয়া যাবে তা নিয়ে সংশয় থেকেই যায়। উদাহরণ হিসেবে ইনডোর ফ্যাসিলিটিজের কথাই যদি বলি, এটা কিন্তু এখনও ভালোভাবে প্রস্তুত হয়নি। এভাবে বিভিন্ন ফ্যাসিলিটির কথা বলেছি।”
“এছাড়া ক্রিকেট সায়েন্সও জরুরি, একজন ক্রিকেটারের জন্য। ভিডিও রিভিউ করা জরুরি। এগুলো নিয়ে কথা হয়েছে যে, ক্রিকেট সায়েন্সটা কীভাবে আমরা বাস্তবায়ন করতে পারি ছেলেদের পারফরম্যান্স উন্নতি করার জন্য।”
ঘরোয়া ক্রিকেটের দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন কোচ মিজানুর রহমান জানান, কোচদের পক্ষ থেকে অবকাঠামোগত সুবিধাদি বাড়ানোর কথা বলা হয়েছে আলোচনায়।
“আমরা আমাদের জায়গা থেকে বলেছি, ক্রিকেট কীভাবে আরও উন্নতি করা যায়। তিনিও (আমিনুল) নিজেরটা বলেছেন। আমরা ক্রিকেট অবকাঠামো নিয়ে বলেছি যে, ফ্যাসিলিটিজ কীভাবে আরও বাড়ান যায়।”
“আসলে ঘাটতি কী, তা সবাই জানেন, প্রেসিডেন্টও জানেন। তবু আমরা বলেছি। আন্তর্জাতিক মানের উইকেট কিন্তু অনুশীলনে নেই। জাতীয় লিগে ৬-৭ মিলিমিটার ঘাস রেখে খেলা হয়। কিন্তু অনুশীলন উইকেটে বল থাকে হাঁটুর নিচে। এগুলোর পাশাপাশি মৌলিক যা কিছু লাগে, সেসব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।”
মত বিনিময় সভায় আমিনুল বলেছেন, সুশিক্ষিত শিক্ষকের কাছ থেকেই ভালো ক্রিকেটার তৈরি হওয়া সম্ভব। তাই কোচদেরও মান উন্নয়নে নজর দেবে বিসিবি।
সেই লক্ষ্যে আগামী অগাস্টের শেষ দিকে বিসিবির তত্ত্বাবধানে পরিচালিত হবে লেভেল-থ্রি কোচিং কোর্স। পরে সেপ্টেম্বরে হবে বিশেষায়িত কোচিং কোর্স।
বিসিবির এই উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেন জাতীয় দলের সাবেক পেসার তালহা জুবায়ের।
“আমাদের ভিশন কী, লক্ষ্য কী? সমস্যা কী কী আছে, সেসব জানতে চেয়েছেন বুলবুল ভাই। কোচিং করাতে গিয়ে আমরা কী কী সমস্যার সামনে পড়ি, কী ঘাটতি আছে। সবাই যার যার জায়গা থেকে বলেছি। তিনিও নিজের ভিশনটা বলেছেন যে, কোথায় কাজ করা উচিত।”
“এটা আসলে মাত্র শুরু বলা যায়। সামনে এরকম আরও অনেক মত-বিনিময় বা আলোচনা হবে। প্রেসিডেন্ট না থাকলেও, আমরা নিজেরা আলোচনা করে বিভিন্ন সমস্যার সমাধান বের করব। আর সামনে কোচদের জন্য বেশ কিছু কোর্সেরও ব্যবস্থা করছেন বুলবুল ভাই। সব মিলিয়ে বেশ ভালো উদ্যোগ।”
