২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

বিজ্ঞাপনের শুটিংয়ের সেই চোটেই ছিটকে গেলেন রাভিন্দ্রা

অদ্ভুতুড়ে সেই চোটে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না নিউ জিল্যান্ডের এই আগ্রাসী ব্যাটসম্যান।

বিজ্ঞাপনের শুটিংয়ের সেই চোটেই ছিটকে গেলেন রাভিন্দ্রা

ছয় সপ্তাহের মতো সময় লাগবে রাভিন্দ্রার মাঠে ফিরতে। ছবি: ব্ল্যাকক্যাপস ক্রিকেট। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Sep 2026, 10:30 AM

Updated : 23 Sep 2026, 10:37 AM

শঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হলো। অদ্ভুতুড়ে সেই চোট কাল হয়ে এলো রাচিন রাভিন্দ্রার জন্য। বিজ্ঞাপনের শুটিংয়ে কাঁধে চোট পাওয়া ক্রিকেটার খেলতে পারবেন না ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে।

কয়েক দিন আগে অকল্যান্ডে একটি প্রচারণামূলক শুটিংয়ের সময় ডাইভ দিয়ে ক্যাচ নিতে গিয়ে চোটে পড়েনন রাভিন্দ্রা। যদিও সেখানে ‘সেফটি ম্যাট’ ছিল। তবে ডাইভ দিয়ে পড়ার সময় ভারসাম্য হারিয়ে ফেলেন নিউ জিল্যান্ডের এই আগ্রাসী ব্যাটসম্যান। তার ডান কাঁধের হাড় স্থানচ্যুত হয়।

নিউ জিল্যান্ড ক্রিকেটের বিবৃতিতে বলা হয়েছিল, পুনর্বাসনের প্রথম সপ্তাহতে তার অগ্রগতির ওপর ভিত্তি করে নির্ভর করবে ২৬ বছর বয়সী ক্রিকেটারের মাঠে ফেরা। টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণার সময় জানানো হলো, মাঠে ফিরতে ছয় সপ্তাহের মতো সময় লাগবে তার।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু ২২ অক্টোবর। পাঁচ ম্যাচের সিরিজটিতে তিনি নিশ্চিতভাবেই খেল পারছেন না। ৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে তাকে পাওয়ার আশা করছে দল। পাঁচ ম্যাচের সেই ওয়ানডে সিরিজ শেষে দুটি টেস্টও খেলবে দুই দল।

নিউ জিল্যান্ডের কোচ রব ওয়াল্টার বললেন, টি-টোয়েন্টি সিরিজ শুরুর এখনও এক মাস বাকি থাকলেও তারা রাভিন্দ্রাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না।

“আমরা রাচিনের জন্য খুবই মর্মাহত। এই গ্রীষ্মে সে আমাদের জন্য একটি বড় ভূমিকা পালন করবে, তাই এটা গুরুত্বপূর্ণ যে, পুনর্বাসনে যেন সে তাড়াহুড়ো না করে। আমরা আশাবাদী, ওয়ানডে সিরিজে তাকে পাওয়া যাবে।

রাভিন্দ্রার বিকল্প হিসেবে দলে নেওয়া হয়েছে বেভন জ্যাকবসকে। ১৫ মাস পর নিউ জিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি খেলতে নামছেন ফাস্ট বোলার অ্যাডাম মিল্ন।

অনেক দিন পর নিউ জিল্যান্ডের পেসারদের প্রায় সবাই ফিট আছেন। লকি ফার্গুসন, ম্যাট হেনরি, কাইল জেমিসন, জেকব ডাফি, জ্যাক ফোকস এবং ন্যাথান স্মিথের সঙ্গে মিল্নকে নিয়ে শক্তিশালী পেস আক্রমণ নিয়ে সিরিজটিতে নামছে কিউইরা। কেবল বেন সিয়ার্সকে বিবেচনা করা হয়নি অ্যাঙ্কলের চোট থেকে সেরে ওঠার পথে থাকায়।

বোর্ডের ‘ক্যাজুয়াল’ চুক্তিতে থাকা দুই আগ্রাসী ওপেনার ফিন অ্যালেন ও টিম সাইফার্ট খেলবেন এই সিরিজে। তাই জায়গা পাননি টিম রবিনসন।

গত মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে পর্যদুস্ত হয়েছিল নিউ জিল্যান্ড। তাদের বিপক্ষে আবার নিজেদের পরখ করতে মুখিয়ে আছেন কোচ ওয়াল্টার।

“ভারতকে আমাদের দেশে স্বাগত জানানো এবং তাদেরকে দিয়ে গ্রীষ্মের সূচনা করতে পারাটা হবে দারুণ। ভারত একটি মানসম্মত দল এবং কঠিন প্রতিপক্ষ, তাই নিজেদের মাঠে কিউই সমর্থকদের সামনে তাদের মোকাবেলা করাটা হবে সত্যিই রোমাঞ্চকর। আমরা শুনেছি, বেশিরভাগ ম্যাচের সব টিকেট বিক্রি হয়ে যাবে এবং সিরিজটি অসাধারণ কিছু মুহূর্তের জন্ম দেবে।

প্রায় পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে নামছি আমরা, যা সব দিক থেকেই শক্তিশালী এবং টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে আমরা কীভাবে প্রতিদ্বন্দ্বিতা করি, তা দেখতে তর সইছে না আমার।

ভারতের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টি, পাঁচ ওয়ানডে ও দুই টেস্ট খেলার পর চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় যাবে কিউইরা। এরপর দেশে ফিরে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে তারা তিন টি-টোয়েন্টি, তিন ওয়ানডে ও দুটি টেস্ট।

নিউ জিল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রাসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জেকব ডাফি, লকি ফার্গুসন, জ্যাক ফোকস, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, কাইল জেমিসন, অ্যাডাম মিল্ন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, টিম সাইফার্ট, ন্যাথান স্মিথ।